শহুরে হেমন্তে শেকড়ে ফেরার ডাক
শহুরে হাওয়ায় লোক সুর যেন শেকড়ের কথাই মনে করিয়ে দিচ্ছিলো আর্মি স্টেডিয়ামে ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসবে আগত শ্রোতাদের। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ উৎসবের প্রথম দিন নগরবাসীর স্বত:স্ফূর্ত অংশগ্রহন যেন লোকগানের প্রতি তাদের আকণ্ঠ তৃষ্ণার কথাই জানান দিচ্ছিল। খোলা আকাশের নিচে হেমন্তের হিম হিম হাওয়ায় ফের উচ্চারিত হলো লালন, করিম, রাধারমনের অমিয় সুর-বানী।
ছবি: তানজিল আহমেদ জনি
অত:পর সান ইভেন্টস আয়োজিত মেরিল নিবেদিত এ উৎসবের উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর্ব। উদ্বোধন পর্বে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, গ্রামীণফোনের প্রধান বিপনন কর্মকর্তা ইয়াসির আয়মান, ঢাকা ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান এবং মাইক্রোসফটের বাংলাদেশ প্রধান সোনিয়া বশির কবির। স্বাগত বক্তব্য রাখেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও সান ইভেন্টেসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী।
ছবি: তানজিল আহমেদ জনি
গাইলেন, ‘সাধের এ পিয়ারিকে খুঁজতে গিয়ে দেখি সব রুহের কারখানা’। তাৎক্ষনিকভাবে সুরের মূর্ছনায় ধরলেন-‘কে বানাইলো এমন রংমহল খানা’, ‘আঁধার ঘরে জ্বলছে রূপের বাতি’, ‘বেলা গেলো দ্বিধা দ্বন্দে’, ‘মহাকাজে মহা ধন্য’সহ আরও বেশ কিছু গান।
টুনটুন বাউলের পরিবেশনা শেষে মঞ্চে আসেন স্কটল্যান্ডের শিল্পী সাইমন থ্যাকার-এর সাভারা কান্তি। না, গাইতে নয়, শুধু বাজাতে। ভারতের রাজু দাস বাউল ও বাংলাদেশের ফরিদা ইয়াসমিনের সঙ্গে দেশীয় বাদ্য ও পাশ্চাত্যের গিটারের যৌথ উপস্থাপনায় সেসব গান যেন আরও প্রাণবন্ত হয়ে উঠলো।
ছবি: তানজিল আহমেদ জনি
রাত তখন সাড়ে দশ। স্মোকিং জোনের গুমোট নিকোটিন আর আয়োজকদের সাউন্ডসিস্টেমের মৃদুমন্দ সমালোচনা যখন হাওয়ায় তখন মঞ্চে এলেন পাকিস্তানের শিল্পী জাভেদ বশির। কিছুটা ঝিম মেরে বসা শ্রোতাদের মুহুর্তেই জাগিয়ে তুললেন হিন্দুস্থানী ক্লাসিক্যালের এ ওস্তাদ।
শাস্ত্রীয় ঘরানার গান, সুফীবাদী আর বিচ্ছেদিগানে কণ্ঠের শক্তি আর বাদ্যের ঝঙ্কারে মাতিয়ে দিলেন পুরো স্টেডিয়াম। গেয়ে শোনান ‘নিসা’, ‘তেরা নাম যাব ভি লিয়া’, ‘সাজনা তেরে বিনা’, ‘ইয়ে তুনে ক্যায়া কিয়া’, ‘দামাদাম মাস্ত কালান্দার’সহ আরও কয়েকটি গান।
ছবি: তানজিল আহমেদ জনি
কিন্তু আসর মাতানো মমতাজ যেন অনেকটাই শান্ত রসের গান ধরলেন এবার। নিজের পরিবেশনার শুরুতেই মমতাজ গেয়ে শোনান ফকির কালু শাহের ‘ভুইলো না মন তাহারে’। গাইলেন ‘মন মিনারায় পড়েছে আযান’সহ কয়েকটি গান।
পাইরেসির যুগে দেশিয় গান যখন সুর ও ভাষায় খেই হারাতে বসেছে তখন লোকগানের এমন উৎসব বাংলা গানের সমৃদ্ধ অতীতের কথাই স্মরণ করিয়ে দেবে বলে মন্তব্য করেছেন উৎসবে আগতদের অনেকেই।
ছবি: তানজিল আহমেদ জনি
উল্লেখ্য, মেরিল নিবেদিত এ উৎসবে সহযোগিতা করছে জিপি মিউজিক, ঢাকা ব্যাংক ও মাইক্রোসফট। এবারের উৎসবে অংশ নিচ্ছেন বাংলাদেশসহ ছয় দেশের শতাধিক শিল্পী।
শুক্রবার উৎসবে দ্বিতীয় দিনের আয়োজনে মূল আর্কষণ হিসেবে থাকছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কৈলাশ খের। বাংলাদেশের শিল্পীদের মধ্যে থাকছে জালালের বাঁশি। গাইবেন লতিফ সরকার, বাউল শফি মন্ডল ও লাবিক কামাল গৌরবের যৌথ পরিবেশনা।
ভিনদেশি সুর নিয়ে আসবেন ভারতের লোকব্যান্ডদল ইন্ডিয়ান ওশেন। লোকজ সুরের সঙ্গে ফ্লামেঙ্কো নাচের পরিবেশনা নিযে উপস্থিত হবে স্পেনের কারেন লুগো ও রিকার্ডো মোরো।
