‘তারেক মাসুদের ‘মাটির ময়না’ অসম্ভব ভালো লেগেছিল’
ভাব সৌন্দর্যের চূড়ান্ত প্রকাশই কবিতা। সচরাচর শব্দের দোলাচলেই তার প্রকাশ। কিন্তু কেউ কেউ বেছে নেন অন্য মাধ্যম। তাদের স্পর্শে সেই মাধ্যমে নির্মিত শিল্পগুলোও রূপ পায় কবিতায়।
ভারতীয় বাঙালি বুদ্ধদেব দাশগুপ্ত একজন কবি এবং চলচ্চিত্র নির্মাতা। তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। চলচ্চিত্র শিল্পমাধ্যমটি গুণী এই শিল্পীর হাতে ভিন্ন এক মাত্রায় উত্তীর্ণ হয়েছে। দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক উঠোনেও তিনি সমান সমাদৃত। সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন এই নির্মাতা। তার সঙ্গে আলাপচারিতার ঢংয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে এই সাক্ষাৎকারটি নিয়েছেন জুয়েইরিযাহ মউ। পরিকল্পনায় সোহেল আহসান।
গ্লিটজ : কবিতা ও সিনেমার মধ্যে আন্তঃসম্পর্ক কী বলে মনে হয় আপনার?
বুদ্ধদেব দাশগুপ্ত: সিনেমা সিনেমাই থাকে, কবিতা কবিতাই। শুধু আমি কেন, অনেকেই সেটা অনুভব করেন। সিনেমার জন্য কবিতা, পেইন্টিং এবং মিউজিকের অদ্ভুত সম্পর্ক আছে। আমার কবিতা বাদ দিয়ে সিনেমা নয়, সুর বাদ দিয়ে সিনেমা নয় বা শব্দ বাদ দিয়ে সিনেমা নয়। কোনো মাধ্যম থেকেকোনো মাধ্যমেই আমি যাইনি।
গ্লিটজ: তারকাভস্কিরও একটি কথা আছে, সিনেমা সময়ের স্কাল্পচার। এ নিয়ে আপনার কী মনে হয়?
বুদ্ধদেব দাশগুপ্ত: তারকাভস্কি সারাটি জীবন ধরে এ কাজটি করে গেছেন। সময়কে নির্মাণ করা বড় সহজ কাজ নয়। কবি সেটা পারেন, পেইন্টার সেটা পারেন, একজন মিউজিশিয়ান সেটা পারেন, একজন ফিল্মমেকারও সেটা পারেন।
ফিল্মমেকার আরও যেটা পারেন, এই সবগুলোকে একসঙ্গে মিলিয়ে ভাস্কর্যটি নির্মাণ করতে পারেন। সময় এমন একটা জিনিস যেটা আজ রেলেভেন্ট হলেও কাল আর রেলেভেন্ট না। কিন্তু সেভাবেই সিনেমা করলে, সেভাবে ছবি আঁকলে, সেভাবে কবিতা লিখতে পারলে সময়কে পেরিয়ে যাওয়া যায়। নতুন সময় তৈরি করা যায়। সে জন্য জীবনানন্দ দাশের লেখা কবেকার লেখা । আমি কয়েকদিন আগে নাটোরে ছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। কবে পড়েছি জীবনানন্দ দাশ, নাটোরের বনলতা সেন। মানে কী , কত বছর আগেকার লেখা, কিন্তু সময়কে উনি এমনভাবে গেঁথে দিয়েছিলেন সেই কবিতায় , যে আমার কাছে, এমনকি আরও অনেকের কাছে তা আজও বাঙময়।
গ্লিটজ: আপনি একটু আগে যে কথাটি বললেন, জীবনানন্দ দাশের কবিতা নিয়ে। ধরুন আপনার ‘চরাচর’ চলচ্চিত্রের সেই পুরুষ, যে পাখি ছেড়ে দেয় বারবার খাঁচা থেকে। আপনার ‘চরাচর’ , ‘বাঘবাহাদুর’ চলচ্চিত্রগুলো প্রকৃতি , স্বপ্ন, জীবনের ইমেজ ধারণ করে। এ সম্পর্কে আপনার কী মনে হয়?
বুদ্ধদেব দাশগুপ্ত: দেখুন ইমেজ তো শুধু নয় , প্রথমে ভাবনা ভিত্তিক বিষয়। তারপর আসছি ইমেজে। আজ দুধরনের ইমেজের প্রধান্য আমরা দেখতে পাই।বহু ব্যবহৃত ইমেজ। যেগুলো মানুষ সিনেমায় দেখছে । প্রেডিক্টেবল ইমেজ। আবার কিছু কিছু ইমেজ আছে, যা একদম নতুন। একদম অদ্ভুতভাবে নতুন। কেন নতুন ? সেগুলো হৃদয় থেকে অনুভব করতে হবে। সেগুলো কোনো কিছু দেখে তৈরি হয়নি, কোনো কিছু অনুকরণ করে তৈরি হয়নি। ‘চরাচরে’ও আপনারা যা দেখেছেন, এর সবটাই অনুভূত। যদি ইমেজের মধ্যে আপনি অন্য মাত্রা যোগ করতে না পারেন তাহলে পুরনোই থেকে যাবে। আমি মনে করি যে খুব বেশি বাস্তব ভিত্তিক ইমেজ আমি ব্যবহার করি না। আপনি দেখেছেন ‘চরাচরে’র শেষ দৃশ্য, যেখানে ওর সারা জীবনের যে স্বপ্ন পাখির মতো ওড়া, সেটা ও শেষপর্যন্ত পারে। বা সেটা হয়ত পারে, হয়ত পারেনা। কিন্তু আমরা দেখতে পাই উড়ছে। এই ইমেজগুলো কিন্তু কোথাও লেখা নাই।
গ্লিটজ: আপনার চলচ্চিত্রে অগুরুত্বপূর্ণ সাধারণ জিনিসগুলো উঠে আসে দৃশ্য হিসাবে। সেগুলো কেন?
বুদ্ধদেব দাশগুপ্ত: দেখুন প্রত্যেকেরই একটা নিজস্ব স্টাইল থাকে। এগুলো কারোটা দেখেই তৈরি করা নয়। এটা সম্পূর্ণই হৃদয়জাত। সেটা করতে গেলে নিজেকে ভাঙতে হয় বারবার। নিজেকে আগুনে পোড়াতেও হয়। তারপর দৃশ্যগুলো জন্মায়।
আর একটা জিনিস মনে রাখবেন, যে বিষয় যেমন গুরুত্বপূর্ণ, তার সঙ্গে সমমাত্রায় গুরুত্বপূর্ণ আঙ্গিক, ভঙ্গি। যেটাকে স্টাইল বলা হচ্ছে। আমার একটি নিজস্ব সিগনেচার আছে , অনেকেই বলেন ছবি দেখলেই বোঝা যায়, এটা বুদ্ধদেব দাশগুপ্তের ছবি, নাম না থাকলেও। এটা কিন্তু স্টাইল। স্টাইলটা অর্জন করতে হয়। এ ভঙ্গি কিন্তু খুব দরকার। কী ভঙ্গিতে আপনি কথা বলবেন। এটা না তৈরি হলে খুব মুশকিল।
গ্লিটজ: আপনার রিয়েলিটি বিষয়ে ভাবনা কী?
বুদ্ধদেব দাশগুপ্ত: আমি যেটা করি সেটা এক্সটার্নাল রিয়েলিটির কাজ, ম্যাজিক্যাল রিয়েলিটির কাজ। কেন না জেনারেল রিয়েলিটি আমার কাছে খুব বোরিং, খুব প্রেডিক্টেবল। তার সঙ্গে যদি স্বপ্ন মেশান, একটু ম্যাজিক মেশান, সেই রিয়েলিটি দেখবেন আপনার কাছে অন্যরকম, নতুন আরেকটা মাধুর্য নিয়ে আসছে। তা না হলে রোজকার যে রিয়েলিটি তার মধ্যে কোনো মজা নেই। ম্যাজিক নেই।
গ্লিটজ: ‘টোপ’ ছবিটিও কি ম্যাজিক রিয়েলিটি?
বুদ্ধদেব দাশগুপ্ত: এটা আমার বলার কথা নয়, এ আমি কেন বলতে যাব। আপনারা বলবেন। বলে কি বোঝানো যায় কিছু? ছবিটা আমি করে আসি । এখন দর্শক দেখবেন, যা বোঝার বুঝবেন।
গ্লিটজ: অনেকেই সত্যজিৎ রায়ের সঙ্গে আপনার তুলনা করেন।
বুদ্ধদেব দাশগুপ্ত: দেখুন আমি অনেককেই বলতে শুনেছি বিদেশে এসে, যে আমি সত্যজিৎ রায়ের উত্তরসুরী, ব্যাপারটা একদমই তা নয়। সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের মতোন ছবি করেছেন, গল্প বলেছেন। আমি গল্প বলিনি। সত্যজিৎ রায় আমার প্রিয় কী প্রিয় নন, সেটা আমি কখনোই বলিনি। আমি এটা মনে করি সত্যজিৎ রায় খুব বড়মাপের একজন পরিচালক। বারবার তার ছবি দেখা যায়। কিন্তু আমার ছবির বিষয় , ভঙ্গি সবটাই তার থেকে যোজন মাইল দূরে।
গ্লিটজ: ঋত্বিক ঘটকের একটি কথা ছিল, ‘ফিল্মের প্রেমে আমি পড়িনি মশাই, আমি মানুষের সঙ্গে কমিউনিকেট করতে চাই। কাল যদি এর চেয়ে বেটার মিডিয়াম পাই, সিনেমাকে লাথি মেরে চলে যাব’। তিনি মাধ্যমকে অতটা গুরুত্ব দেননি, যতটা বক্তব্যকে দিয়েছেন। এ ব্যাপারে আপনার কী মত?
বুদ্ধদেব দাশগুপ্ত: আমি ঋত্ত্বিক ঘটকের এ বক্তব্য মানি না। অতো সহজে মাধ্যম চেঞ্জ করা যায় না। একমাত্র রবীন্দ্রনাথ পেরেছিলেন সাকসেসফুলি। নোবেল প্রাইজ পাওয়ার পরও উনি এমনই মানসিকভাবে যোগ্য ছিলেন যে, তিনি ছবি আঁকতে শুরু করলেন। আরেকটা মাধ্যমের সাথে সংযোজিত হলেন। কিন্তু আঙ্গিককে অবহেলা করার , আঙ্গিককে ছুড়ে ফেলার কোনো কারণ নেই, আঙ্গিকটা একটা ভঙ্গি।
গ্লিটজ: আপনি ফিল্মের একাডেমিক শিক্ষকতার সঙ্গেও জড়িত। একাডেমির নেতিবাচক এবং ইতিবাচক দিক ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে কী বলে মনে হয় আপনার?
বুদ্ধদেব দাশগুপ্ত: নেতিবাচক কিছু নেই। একটা জিনিস শুধু মানতে হবে। ফিল্ম মেকিংটা ফাইন্যালি একটা ইন্সটিটিউটে যারা পাঠ করে, সেখানে যেটা শেখায় ,তা সম্পূর্ণই টেকনিক্যাল বিদ্যা। তারপর কিন্তু সবটা নিজস্ব। ফিল্ম ইন্সটিটিউট থেকে পাশ করে এলেই ভালো ছবি করা যায়, তা আমি কখনও মানি না।
আবার ফিল্ম ইন্সটিটিউট থেকে পাশ না করেও ঋত্বিক ঘটক তার ছবিগুলো করেছেন, সত্যজিৎ তার ছবিগুলো করেছেন। ফলে ফিল্ম ইন্সটিউিটে যুক্ত থাকার একটা নিশ্চয় ভালো দিক আছে। সবসময় সুযোগ পাওয়া যায় না। ফিল্ম মেকিং শেখার জন্য নিশ্চয়ই আদর্শ স্থান হচ্ছে ফিল্ম ইন্সটিটিউট, যদি সুযোগ পাওয়া যায়। কিন্তু সেটা না হলে ফিল্ম মেকিং সম্ভব না, তা কিন্তু নয়।
গ্লিটজ: ফিল্ম একাডেমির সিলেবাস আসলে কতটা সফল স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার প্রসারের জন্য? ভারত বা বাংলাদেশের ফিল্ম ইন্সটিটিউটগুলো অনেকটাই কি হলিউডের ফিল্ম মেকিং অবকাঠামো দ্বারা প্রভাবিত নয় কি?
বুদ্ধদেব দাশগুপ্ত: আমি এখানকার সিলেবাস দেখিনি। তবে ওখানে হলিউড সিলেবাসের একটা অংশ হতে পারে। কিন্তু হলিউডের ভঙ্গি অনুকরণ করার পদ্ধতি সেখানে শেখানো হয় না।
গ্লিটজ: বাংলাদেশে যারা এখন কাজ করছেন কিংবা নির্মাতা তারেক মাসুদের কথা যদি বিশেষভাবে বলি তবে বাংলাদেশের তরুণ নির্মাতাদের মধ্যে কারও কাজ কি আপনার দেখা হয়েছে?
বুদ্ধদেব দাশগুপ্ত: প্রায় সবার কাজ আমি দেখেছি। আমার তারেক মাসুদের ‘মাটির ময়না’ অসম্ভব ভালো লেগেছিল। ইদানীংকালে দেখা ‘অনিল বাগচীর একদিন’ ভালো কাজ। ফারুকীর ‘টেলিভিশন’ও ভালো লেগেছিল। এই আর কি।
গ্লিটজ: বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ছবি হচ্ছে। এ ব্যাপারে কী বলবেন?
বুদ্ধদেব দাশগুপ্ত: যৌথ উদ্যোগে দুদেশের মানুষ ছবিগুলো দেখতে পারছেন, বাণিজ্যিকভাবে রিলিজ করা যাচ্ছে । যদিও বাংলাদেশের কথা আমি জানি যে, সবসময় যে চলচ্চিত্রগুলো বাণিজ্যিক উপায়ে ভালোভাবে রিলিজ করা যায়, তা হয়ত নয়। কলকাতায় একটা ছবি আমরা ১০০টা হলে রিলিজ করতে পারি, বাংলা ছবি। আর হিন্দি ছবি হলে তো আরো বেশি হলে রিলিজ করা সম্ভব। বাংলাদেশে সুযোগটি নেই। যেটা আমার খারাপ লাগে, দুঃখ লাগে এবং কষ্ট দেয় যে, অনেক প্রতিভাবান পরিচালক আছেন তারা ভালো কাজ করতে চান। কিন্তু দুটো জিনিস হচ্ছে না। দর্শকের সাপোর্ট , আর হচ্ছে অর্থ। কেননা পরিবেশক যিনি ছবি দেখাচ্ছেন তিনি ১৫% বাদ দিয়ে সবটাই নিয়ে নিচ্ছেন।
তার জন্য বলতে চাই যে, বাংলাদেশের পরিচালকদের এটা ভাবতে হবে যে, ছবিগুলো কী করে বিদেশে বিক্রি করা যায়, বিদেশে তো বিশাল বড় বাজার আছে। আমার ছবি ‘দূরত্ব’ ১৯৭৮ সালে তৈরি। কিন্তু তখন আমার ছবি বিদেশে বিক্রি হয়েছে। এই শেষ ছবি ‘টোপ‘ও বিক্রি হয়ে গেল সেদিন টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে, বাজার একটা আছে। সেই বাজারটার একটা চাহিদা থাকে। সেই চাহিদাটা মাথায় রেখে ছবি করতে হবে।
যেমন ‘উত্তরা’ ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডিরেক্টরস অ্যাওয়ার্ড পেয়েছিল। কিন্তু ‘উত্তরা’র বিষয় একদমই ভারতীয়। দুটি পালোয়ান কুস্তি করে চলেছেন। সেই ছবি কিন্তু সমস্ত পৃথিবীজুড়ে বিক্রি হয়েছে। এটা কিন্তু ভাবতে হবে যে, বাজারটা থাকা দরকার।
গ্লিটজ: এখন কলকাতা কিংবা বাংলাদেশে তরুণ ফিল্ম মেকারদের মধ্যে ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করা কিংবা পুরস্কারের ঝোঁক দেখা যায়। এতে দেশের চলচ্চিত্র দেশের মানুষের কাছেই অনেকাংশে পৌছায় না ।এ ব্যাপারে কী বলবেন?
বুদ্ধদেব দাশগুপ্ত: ফেস্টিভ্যালে ছবি পাঠানো তো কোনো অপরাধ নয়। বাংলাদেশের একটা ছবি যদি এখানে রিলিজ করা না যায়, তাহলে সেটা কি পরিচালকের দোষ? ফেস্টিভ্যালে যে বাজার তৈরি হচ্ছে তাতে আন্তর্জাতিক দর্শক দেখছেন ছবিটি। তাকে তো টিকে থাকতে হবে। কাজটাকে চালিয়ে যেতে হবে।
গ্লিটজ: আপনি যেহেতু কবি, বাংলাদেশের তরুণ কবিদের লেখা কি আপনার পড়া হয়? কিংবা বাংলাদেশের কার কবিতা আপনার ভালো লাগে?
বুদ্ধদেব দাশগুপ্ত: হ্যাঁ। অবশ্যই পড়া হয়। তরুণ কবিদের কবিতা আমি নিয়মিত পড়ি। আমার এখন পর্যন্ত প্রিয় কবি শামসুর রাহমান।
গ্লিটজ: নন্দনে যখন ‘কসমিক সেক্স’ ছবিটি নামিয়ে দেয়া হয়, আপনি তখন প্রতিবাদ করেছিলেন। অনেক সময় এ রকম দেখা যায় দু দেশেই অনেক অজুহাতে অনেক ছবি নামিয়ে দেয়া হয় কিংবা রাষ্ট্র ছবির প্রচার নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে আপনি কী বলবেন?
বুদ্ধদেব দাশগুপ্ত: ‘কসমিক সেক্স’ নন্দন কর্তৃপক্ষ আটকে দিয়েছিল। তবে এ ছবি পরবর্তীতে বিভিন্ন হলে রিলিজ পেয়েছে, এমন কোনো সমস্যা হয়নি। আমি আপনাদের এখানকার কথা বলতে পারবো না। তবে দর্শক দেখছেন কি দেখছেন না-সেটা দর্শকের ব্যাপার । দর্শক গ্রহণ করতে পারছেন কী পারছেন না -সেটাও দর্শকের ব্যাপার। আমি মনে করি কিছু কিছু বিষয় থাকে, যেগুলো নিষিদ্ধ। সব দেশেইকিছু নিষেধাজ্ঞা থাকে। সেটা মাথায় রেখে ছবি করলেই হয়।
