২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘টোপ’ নিয়ে ফিরছেন বুদ্ধদেব দাশগুপ্ত

‘টোপ’ শিরোনামে নতুন চলচ্চিত্র নিয়ে দর্শকের সামনে আসছেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোহেল আহসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 10:59 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

রোববার সন্ধ্যায় ঢাকার গুলশান ক্লাবে তার এই ছবির প্রিমিয়ার শো হয়। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পাওলী দাম, সুদীপ্ত চ্যাটার্জি, চন্দন রায় স্যানাল, অনন্যা চ্যাটার্জি ও কাজল কুমারী।

ভারতের সেরা চলচ্চিত্রকারের পুরস্কারজয়ী বুদ্ধদেবের এই ছবিতে সমাজে স্বার্থসিদ্ধির জন্য মানুষকে টোপ হিসেবে ব্যবহারের বিষয়টিই ফুটিয়ে তোলা হয়েছে।

আগামী জানুয়ারিতে চলচ্চিত্রটি কলকাতায় মুক্তি পাবে বলে জানান বুদ্ধদেব দাশগুপ্ত। তার সর্বশেষ চলচ্চিত্র ‘জানালা’ মুক্তি পেয়েছিল ২০০৯ সালে।

প্রিমিয়ার শোর আগে সংক্ষিপ্ত আলোচনা পর্বে তিনি বলেন, “আসলে আমি জানতাম না আজ এমন একটি আয়োজন করা হয়েছে। এ ছবিটি এখনও কলকাতায় কেউ দেখেননি। এ ছবিতে আমি অনেক কিছুই করতে চেয়েছি, কিন্তু জানি না কতটুকু করতে পেরেছি। এছাড়া ঢাকায় এলেই আমার ভালো লাগে। এখানে এসে ভালোবাসা পাই, অভিভূত হই।”

বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গী হয়ে ঢাকায় এসেছেন প্রেমেন্দ্র মজুমদার ও সোহিনী দাশগুপ্ত।

প্রিমিয়ার শো দেখতে এসেছিলেন প্রযোজক হাবিবুর রহমান খান, নির্মাতা মোরশেদুল ইসলাম, সামিয়া জামান, আবু সাইয়ীদ, সাজেদুল আউয়াল, গোলাম রব্বানী বিপ্লব। অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন শিরিন বকুল, শহীদুল আলম সাচ্চু, রোকেয়া প্রাচী, জ্যোতিকা জ্যোতি, আরেফ সৈয়দ, আইরিন ও কণ্ঠশিল্পী কোনাল।

বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত প্রতিটি ছবিই প্রশংসিত। তার পরিচালিত পাঁচটি ছবি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে- ১৯৮৯ সালে ‘বাঘ বাহাদুর’ , ১৯৯৩ সালে ‘ চরাচর’, ১৯৯৭ সালে ‘ লাল দরজা’, ২০০২ সালে ‘মন্দ মেয়ের উপাখ্যান’ এবং ২০০৮ সালে ‘কালপুরুষ’ সেরা ছবি হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।

এছাড়া ‘উত্তরা’ ছবির জন্য ২০০০ সালে এবং ‘স্বপ্নের দিন’র জন্য ২০০৫ সালে সেরা পরিচালক হিসাবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বুদ্ধদেব দাশগুপ্ত। আন্তর্জাতিক অঙ্গনেও তার নির্মিত ছবি সাড়া জাগিয়েছে। অনেক দেশের চলচ্চিত্র উৎসবে নিয়মিত প্রদর্শিত হয় তার ছবি।