এক পর্দায় সালমান-শাহরুখ?
বেশ কয়েক বছর ধরে মুখ দেখাদেখি বন্ধ ছিলো বলিউডের দুই খান- সালমান ও শাহরুখের। বছর খানেক হলো সম্পর্কের পালে সুবাতাস বইলেও, একই সাথে সিনেমায় দেখা যাবে এ দু’জনকে- তা যেন কল্পনার চাইতেই বেশি!
দীর্ঘ নয় বছর পর আবারো এক সাথে দেখা যাচ্ছে সালমান ও শাহরুখ খানকে-এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম বলিউড লাইফ। সালমানের আগামি ছবি ‘টিউবলাইট’ এ অতিথি চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে।
প্রথমে বলিউডের সিনিয়র অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে ‘টিউবলাইট’-এর অতিথি চরিত্রের জন্য প্রস্তাব দেয়া হয়েছিলো। তবে পরবর্তীতে শাহরুখ খানকেই এ বিশেষ চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা যায়।
সর্বশেষ ২০০৭ সালে ফারাহ খান ‘ওম শান্তি ওম’ এর একটি গানে সালমানকে দেখা গিয়েছিলো। এরপর থেকেই দর্শকদের তুমুল আগ্রহ ছিলো এ দু’জনকে আবারো এক সাথে দেখার! দর্শকের সে চাহিদার কথা মাথায় রেখেই এবারে সালমান তার ছবির জন্য শাহরুখকে রাখতে চাইছেন।
এর আগে ‘কারান আর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘হার দিল জো প্যায়ার কারেগা’ এর মতো জনপ্রিয় ছবিতে একই পর্দায় দেখা গেছে বলিউডের এ দুই খানকে। ২০১৭ এর ইদে মুক্তি দেয়া হবে এ ছবিটি।
