ঢাকায় ফের বসছে লোকসঙ্গীতের আন্তর্জাতিক আসর
আসছে নভেম্বরে ঢাকায় আবারও হচ্ছে আন্তর্জাতিক লোকসংগীত উৎসব, দ্বিতীয় এই আয়োজনে স্থানীয় শিল্পীদের পাশাপাশি অংশ নেবেন ভারত, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, তুরস্ক ও কানাডার শিল্পীরা।
রোববার ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে উৎসবের আয়োজক সান ইভেন্টস জানায়, এই উৎসব ১০ নভেম্বর শুরু হয়ে চলবে ১২ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে লোকসংগীতের আসর।
গতবারের মত এবারের আসরেও সংগীতপ্রেমীরা পাচ্ছেন বিনামূল্যে অনলাইনে নাম নিবন্ধনের সুযোগ। ১লা নভেম্বর ২০১৬ সাল থেকে শুরু হবে এবারের আসরের রেজিস্ট্রেশন। এজন্য dhakainternationalfolkfest ওয়েসসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। এবারের উতসব সম্পর্কিত যে কোন তথ্য ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ পেইজ থেকে পাওয়া যাবে। এছাড়া বিস্তারিত জানার জন্য কলা করা যাবে ১৬৩৭৪ এই নম্বরে।
রেজিস্ট্রেশন সফল হলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ফেইসবুকে dhaka international folk fest-পেইজে পাওয়া যাবে আয়োজনের সব তথ্য।
গেলবারের অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীদের অনেকে অভিযোগ করেন, তাদের পরিবেশনার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি। আয়োজকরা বিদেশি শিল্পীদের মূল্যায়ন করতে গিয়ে তাদের অবহেলা করেছেন।
সংবাদ সম্মেলনে এই প্রশ্ন উঠতেই সান ইভেন্টস’র ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, “আমাদের প্রথম আসরে বেশ কিছু সমস্যা ছিল। বাইরে থেকে আসা শিল্পীরা এত দর্শক দেখে আর স্টেজ থেকে নামতে চাইছিল না। তাদের বলেকয়েও স্টেজ থেকে নামানো যাচ্ছিল না। তবে এবার শিল্পীদের লাইনআপ ঠিক করা হবে।”
“মানবতাবাদ ও সহজ জীবন দর্শনের কারণে দেশজ লোকসংগীত নিয়ে আগ্রহী হয়ে উঠেছে বিভিন্ন দেশের শ্রোতারা। গবেষণা হচ্ছে, লোকসংগীত এবং এর শিল্পীদের নিয়ে। লোকসংগীতের প্রবল শক্তি আমাদের পরিচিত করে তুলেছে বহির্বিশ্বে।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে গ্রামীণফোনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আযমান, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের উপস্থিত ছিলেন।
