স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘ইনফার্নো’
ড্যান ব্রাউন সিরিজ মানেই যেন নতুন কোনো রহস্যের হাতছানি! ‘দ্যা ভিঞ্চি কোড’, অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স’ উত্তেজনায় ভরপুর এ ছবিগুলোর কথা এখনো ভুলতে পারেননি দর্শক। রহস্য-পিপাসুদের জন্য সুখবর হলো এ সিরিজের নতুন ছবি ‘ইনফার্নো’ এবার ঢাকায় বসেই দেখতে পাবেন দর্শকরা।
এবারে দর্শক মাতাতে ঢাকা আসছে টম হ্যাঙ্কস ও ইরফান খানের নতুন ছবি ‘ইনফার্নো। ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে ড্যান ব্রাউনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত কাঙ্খিত এ সিনেমাটি। একই দিনে ঢাকাতে ছবিটি মুক্তি দেয়া হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স-এর স্টার সিনেপ্লেক্সে।
ড্যান ব্রাউনের সাড়া জাগানো উপন্যাস ‘রবার্ড ল্যাংডন’ সিরিজের তৃতীয় কিস্তি ‘ইনফার্নো’ অবলম্বনেই বানানো হয়েছে এ ছবিটি। আগের দুই ছবির মতোই এতে প্রধান চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কসকে। এতে আরো অভিনয় করেছেন ফেলিসিটি জোনস, ওমর সাই, বেন ফস্টার এবং বলিউড অভিনেতা ইরফান খান।
অস্কারবিজয়ী পরিচালক রন হাওয়ার্ডের পরিচালনায় এ ছবিতে থাকছে নতুন কিছু চমক। এবারের গল্পে সাময়িকভাবে স্মৃতিভ্রমের শিকার হতে দেখা যাবে রবার্ট ল্যাংডনকে। সুস্থ হয়ে উঠে ল্যাংডন জানতে পারেন, পৃথিবীতে এক মরণব্যাধির উদ্ভব ঘটেছে যার ফলে পৃথিবীর প্রায় অর্ধেক লোক মারা যেতে পারে! এ ভয়াবয় পরিণতি থেকে পৃথিবীকে বাঁচাতে পারে একমাত্র ল্যাংডন। কিন্তু কিভাবে? উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে ছবিটি দেখা পর্য্ন্ত।
এ সিরিজের প্রথম কিস্তি ‘দ্য ভিঞ্চি কোড’ মুক্তি পেয়েছিলো ২০০৬ সালে। এরপর ২০০৯ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স’। প্রায় সাত বছর পর এবারে মুক্তি পেতে চলেছে এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘ইনফার্নো’।
