‘নাসিমা’ যাচ্ছে টোকিওতে
দেশের প্রথম নারী সার্ফার নাসিমার সার্ফিং জীবন এবং কক্সবাজারের সার্ফিং নিয়ে নির্মীত প্রামাণ্যচিত্র ‘নাসিমা’ নির্বাচিত হয়েছে জাপানে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ প্রামাণ্যচিত্র উৎসব ‘টোকিও ডকস’-এ প্রদর্শনের জন্য।
ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন গুপী-বাঘা প্রোডাকশন্স লিমিটেডের কর্ণধার আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ। এই জুটির প্রথম ফিচার ফিল্ম ‘মাটির প্রজার দেশে’ চলতি বছরের শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে সেরা ছবি নির্বাচিত হয়েছে।
২০১৫ সালের ‘টোকিও ডকস’-এর পঞ্চম আসরে ৪টি গল্প অর্থ পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করে। আরিফ-বিজন জুটির ‘নাসিমা’ তার একটি। এরপর টানা এক বছর পর কাজ শেষে সম্পন্ন হয় ছবির কাজ। ৬ নভেম্বর জাপানের টোকিও শহরে শুরু হতে যাওয়া ‘টোকিও ডকস’-এর ষষ্ঠ আসরে প্রথম বারের মতো প্রদর্শিত হবে ‘নাসিমা’ ছবিটি।
টোকিও ডকস-এর আমন্ত্রণে এবারের উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে টোকিও যাচ্ছেন আরিফুর রহমান। সেখানে ছবির প্রদর্শনীর পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন নির্মাতাদের সামনে ‘নাসিমা’ নির্মাণের অভিজ্ঞতা বর্ণনা করবেন আরিফ।
যখন দেশের গণ্ডি পেরিয়ে নিজের নাম ছড়িয়ে পড়ল সারা বিশ্বে, তখনি সার্ফিং ছেড়ে দিতে বাধ্য হন নাসিমা। একটা সময় সার্ফিং ছাড়া জীবন অর্থহীন মনে হতে শুরু করে নাসিমার। শুরু হয় আবারও সার্ফিংয়ে ফেরার লড়াই। দুই বছর পর ফের প্রতিযোগিতায় নাম লেখান নাসিমা। শুরু হয় নতুন এক যুদ্ধ। নাসিমার সেই জীবন-যুদ্ধের উপর ভিত্তি করেই এগিয়ে যায় ছবির গল্প।
টোকিও ডকসে দেখানো হবে ছবিটির ৩০ মিনিটের একটি সংস্করণ। এছাড়া বিশ্বের অন্যান্য ফেস্টিভালের জন্য ছবির একটি ফিচার ভার্সন তৈরি হয়েছে। বাংলাদেশের সিনেমা হলেও ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতাদ্বয়।
