পাইরেসির কবলে ‘আয়নাবাজি’, মাঠে নামছেন নির্মাতা
অনলাইন পাইরেসির শিকার হল অমিতাভ রেজা’র প্রথম সিনেমা ‘আয়নাবাজি’।
২০ অক্টোবর মোবাইলফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি টিভিতে সিনেমাটি প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই তা ছড়িয়ে পড়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। মাত্র ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে যাত্রা শুরু করা এই সিনেমা সর্বশেষ ৭৪ টি হলে চলছিলো।
জানা যায়, মুক্তির আগেই রবির সঙ্গে চুক্তি করেন ‘আয়নাবজি’র প্রযোজক জিয়াউদ্দিন আদিল। দর্শকচাহিদা যখন তুঙ্গে, ঠিক তখনই সেই চুক্তি অনুযায়ী মুক্তির চার সপ্তাহ পর সিনেমাটি তিনদিনের জন্য রবি টিভিতে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়। পাইরেসি ঠেকানোর সমস্ত নিরাপত্তাসহ সম্প্রচার করার কথা থাকলেও শেষ রক্ষা হয়নি ‘আয়নাবাজি’র।
তবে রবি টিভিতে সিনেমাটি প্রচারের সিদ্ধান্তে দর্শকদের কড়া সমালোচনার শিকার হয়েছেন ‘আয়নাবাজি’র নির্মাতারা।
এ ঘটনায় মুষড়ে পড়েছেন অমিতাভ রেজা চৌধুরী।
গ্লিটজকে এ প্রসঙ্গে তিনি বলেন, “পাইরেসির ঘটনায় আমি খুব কষ্ট পেয়েছি। ‘আয়নাবাজি’ যখন সিয়াটলে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেতে যাচ্ছে সে সময় এমন দুর্ঘটনা খুবই অনভিপ্রেত। প্রচুর সমালোচনাও সহ্য করতে হচ্ছে, কেন রবিকে সিনেমাটি দেয়া হল।”
তিনি আরও বলেন, “অভিযোগ এসেছে, আমরা মোটা অঙ্কের টাকাও পেয়েছি। আসলে বিষয়টি সত্য নয়। এমন কোনো চুক্তি রবির সঙ্গে আমাদের হয়নি। সমস্ত পাইরেসি প্রোটেকশান রেখেই সিনেমাটি শুধুমাত্র রবিটিভির দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছিল।”
অমিতাভ রেজা জানান, এই ঘটনায় পাইরেসির বিরুদ্ধে সচেতনতা গড়তে সারাদেশে হলে হলে প্রচারণায় নামছেন তিনি ও তার ‘আয়নাবাজি’র দল।
“আমি এবং আমার আয়নাবাজি টিম আগামী সপ্তাহ থেকে চলচ্চিত্রে এ ধরণের পাইরেসি ঠেকাতে হলে হলে প্রচারণায় নামবো,” জানান তিনি।
তবে পাইরেসির এ ঘটনায় এখনও সিনেমা হলে খুব একটা প্রভাব পড়েনি বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন।
তিনি বলেন, “পাইরেসির ঘটনাটি দুঃখজনক। আমরা চেষ্টা করছি মূল হোতাদের ধরার। তবে এখন পর্যন্ত হলে দর্শক ভাটা পড়েছে বা হল থেকে ছবি নামিয়ে নেওয়া হয়েছে বলে খবর পাইনি।
সম্প্রাত ‘আয়নাবাজি’ জিতে নিয়েছে সিয়াটলে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবের ‘বেস্ট ন্যারেটিভ ফিল্ম’-এর পুরস্কার। সিনেমাটির জন্য এটিই প্রথম আন্তর্জাতিক পুরস্কার। ৩০ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পায় ‘আয়নাবাজি’।
