২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি তারকাদের পাশে ‘দেশপ্রেমিক’ প্রিয়াঙ্কা

পাকিস্তানি অভিনেতাদের নিয়ে বলিউডে রীতিমত ঝড় চলছে। হিন্দি সিনেমাতে তাদের উপস্থিতি নিয়ে এরই মাঝে দুই ভাগে ভাগ হয়ে গেছেন তারকারা। এবার বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া জানালেন, তিনি দেশপ্রেমিক কিন্তু শুধুমাত্র অভিনয়শিল্পীদেরকে রাজনৈতিক টানাপোড়নের মাঝে আনাকে সমর্থন করেন না।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 05:53 PM

Updated : 12 Apr 2022, 03:05 AM

প্রিয়াঙ্কার বাবাও একজন ভারতীয় সৈনিক ছিলেন। প্রয়াত একজন আর্মি সদস্যের মেয়ে হিসাবে নিজেকে দেশপ্রেমিক বলেই দাবি করেন।

এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই ইস্যুতে তিনি বলেন, “আমি এই ব্যাপারে পড়েছি। ব্যাপারটা খুবই নাজুক, কারণ সব রাজনৈতিক কারণেই সবার আগে অভিনেতা অভিনেত্রীদের দায়ি করা হয়। কেন ব্যবসায়ী, নেতা, ডাক্তারদের দায়ি করা হয়না?”

‘কোয়ান্টিকো’ খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, “আমি খুবই দেশপ্রেমিক। তাই দেশের সুরক্ষায় আমার সরকার যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবো। কিন্তু একই সময়ে আমি এটাও বলতে চাই, এই পরিস্থিতির জন্য অভিনেতারা মোটেও দায়ি নয়। তারা কখনোই কারো ক্ষতি করেননি! আমার মতে এটা মোটেও উচিত নয়।”

উরি হামলার পর দেশের নিরাপত্তা নিয়েও ভাবছেন প্রিয়াঙ্কা।

“উরিতে যা হয়েছে তাতে আমি খুবই বিমর্ষ। আমাদের উচিত দেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসা। আমরা বহু শতক ধরেই শান্তিপ্রিয় একটি দেশ। আমরা মহাত্মা গান্ধীর দেশ, যুদ্ধে জড়াতে পছন্দ করিনা। আমরা অহিংসায় বিশ্বাসী।”

উরি হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারত ছাড়ার হুমকি দেয় মহারাষ্ট্র নাভনির্মান সেনা। শুক্রবার ভারতীয় সিনেমা হল মালিক সমিতি সিদ্ধান্ত নেয় পাকিস্তানি তারকা অভিনীত কোনও সিনেমা তারা মহারাষ্ট্র, গোয়া এবং গুজরাটের কোনো হলে প্রদর্শন করবেন না।