২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অজ্ঞাতনামা’র ঝুলিতে আরেকটি আন্তর্জাতিক পুরস্কার

আবরও একবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন নির্মাতা তৌকির আহমেদ। তার পরিচালিত ‘অজ্ঞাতনামা’ সিনেমাটি এবার জিতে নিয়েছে ‘রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভাল’-এর স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 03:31 PM

Updated : 11 Oct 2022, 08:53 PM

ত্রেন্তোতে ‘রিলিজিওন টুডে ফিল্ম ফ্যাস্টিভাল’-এ অংশ নিতে তৌকির আহমেদ এখন অবস্থান করছেন ইতালিতে। সাত অক্টোবর থেকে শুরু হওয়া এ উৎসবে তার পরিচালিত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।

এর আগে আগস্ট মাসে উৎসব কর্তৃপক্ষ বিশ্বের ২৬টি দেশ থেকে অংশ নেয়া ২৭০ টি চলচ্চিত্রের মধ্যে ৫৩টি চলচ্চিত্রকে প্রতিযোগিতার নির্বাচন করে। নির্বাচিত ১১টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে অভিবাসন, জনঘনত্ব ও সহাবস্থানের ইস্যুতে শান্তি ও মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখার জন্য সেরা চলচ্চিত্র হিসেবে স্পেশাল মেনশন পেলো তৌকিরের ‘অজ্ঞাতনামা’।

১৫ অক্টোবর তৌকির আহমেদ পুরস্কার হাতে নিজের ছবি ফেসবুকে প্রকাশ করে প্রাপ্তি সংবাদটি জানান। সঙ্গে চলচ্চিত্রের কলাকুশলীদের কাছে কৃতজ্ঞতাও জানান।

এর আগে ইতালির গাল্ফ অফ নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভলে ‘অজ্ঞাতনামা’ অর্জন করে জুরি মেনশন অ্যাওয়ার্ড।

বাংলাদেশি জনগোষ্ঠীর একটা বড় অংশের অভিবাসী হয়ে শ্রমিকদের মানবেতর জীবনযাপন ও মানবপাচারের মতো বিষয় তুলে ধরেছে ‘অজ্ঞাতনামা’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নিপুণ। এছাড়াও আছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আবুল হায়াতসহ আরও অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্মস।

‘দারুচিনি দ্বীপ’ দিয়ে পরিচালনার হাতেখড়ি হয় নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ-এর। এরপর তিনি দর্শকদের উপহার দিয়েছেন ‘জয়যাত্রা’ ও ‘রূপকথার গল্প’-এর মতো সিনেমা। এবার দীর্ঘ আটবছর পর পরিচারকের আসনে তিনি ফিরলেন ‘অজ্ঞাতনামা’ দিয়ে। এছাড়াও তিনি হাত দিয়েছেন তার পরবর্তী সিনেমা ‘হালদা’র কাজে।