২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করছেন নিল নিতিন মুকেশ

বিয়ে করতে যাচ্ছেন ভারতীয় অভিনেতা নিল নিতিন মুকেশ। সম্প্রতি মুম্বাইয়ের মেয়ে রুকমিনি সাহাইয়ের সঙ্গে ঘরোয়াভাবেই হয়ে গেল ৩৪ বছর বয়সী এই তারকার বাগদান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 04:52 PM

Updated : 11 Oct 2022, 08:52 PM

১১ অক্টোবরে মুম্বাইয়ে একটি হোটেলে অনুষ্ঠিত আংটিবদল অনুষ্ঠানে ছিলেন দুই পক্ষের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের স্বজনরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, নিতিনের এই সিদ্ধান্তে পরিবারের সবাই দারুণ খুশি। ভারতের কিংবদন্তি প্রয়াত গায়ক মুকেশের নাতি তিনি।

নিতিনের বাবা গায়ক নিতিন এক বিবৃতিতে বলেছেন, “নিল আসলে একটু পুরনো মনোভাবের। বিয়ের ব্যাপারে সিদ্ধান্তটি পরিবারের ওপরই ছেড়ে দিয়েছিলো। আর আমাদের কাছে মনে হয়েছে, রুকমিনিই ওর জন্য উপযুক্ত পত্নী।”

রুকমিনির প্রশংসায় পঞ্চমুখ নিলের বাবা আরও বলেন, “নিল যেভাবে বড় হয়েছে, রুমকিনিও একই মনোভাবের অধিকারিণী। সে সবদিক দিয়েই নিল-এর সহধর্মিণী হতে পারবে।”

Image
টুইটার থেকে নেওয়া

টুইটার থেকে নেওয়া

বেশ কয়েক বছর ধরেই ২৭ বছর বয়সী রুকমিনির সঙ্গে নীলের পরিচয়। এক মাস আগে নিজেদের সম্পর্ককে পরিণতির দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। দুই পরিবারের আলোচনায় তাদের বাগদান হয়েছে।

বাগদান অনুষ্ঠানে নিল পরেছিলেন লাল কোট ও কালো শেরওয়ানি। তার হবু কনে পরেন গোলাপি ও নিল রঙের লেহেঙ্গা। খোপায় ছিলো বেলী ফুল।

এদিকে আন্ধেরিতে নিজের নতুন বাড়িতে উঠেছেন নিল। এর সাজসজ্জা করেছেন তিনি নিজেই। আগামী বছরের শুরুর দিকে রুকমিনির সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর দু’জনে এখানেই থাকবেন।