২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ লতা মুঙ্গেশকর, পেছাচ্ছে বঙ্গবিভূষণ প্রদানের অনুষ্ঠান

কিছুদিন আগেই তার ৮৭তম জন্মদিন পালন করেছে ভারতবাসী। চলতি মাসের ২০ তারিখে তাকে ভূষিত করার কথা ছিল বঙ্গবিভূষণ সম্মাননাতেও। কিন্তু এরমধ্যেই হঠাৎ করে অসুস্থতা জেঁকে বসেছে উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী লতা মুঙ্গেশকারের দেহে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2016, 04:23 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ১১ অক্টোবর সারেগামা মিউজিক কোম্পানির চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা লতার অসুস্থতার ব্যাপারটি নিশ্চিত করেন।

তিনি জানান, “লতা মুঙ্গেশকর অসুস্থ। এই কারণে আগামী ২০ তারিখ মুম্বাইতে শিল্পীর বাড়িতে গিয়ে বঙ্গবিভূষণ পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আপাতত স্থগিত রাখা হয়েছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।”

বাংলা সংগীতে বিশেষ অবদানের জন্য কিংবদন্তি এই শিল্পীকে ২০১৬ সালের বঙ্গবিভূষণ পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক হয় আগামী ২০ অক্টোবর মুম্বাইয়ে লতার বাড়িতে গিয়ে তাকে এই পুরস্কার তুলে দেয়া হবে। প্রায় ৪০টি ভাষায় হাজারো গান গাওয়া এই কিংবদন্তি গায়িকা সাম্প্রতিক সময়ে গান না গাইলেও তার কণ্ঠ এখনো মানুষের হৃদয়ে জায়গা করে আছে।

ক্ষমতায় আসার পর ২০১১ সাল থেকে সমাজে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের এই সম্মাননা দিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের সরকার। সর্বপ্রথম এই পুরস্কার পান বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শঙ্কর।

পরবর্তীকালে বিভিন্ন সময়ে এই পুরস্কার দেয়া হয় সারদ শিল্পী আমজাদ আলি খান, সঙ্গীতশিল্পী প্রয়াত মান্না দে, লেখিকা প্রয়াত মহাশ্বেতা দেবী, ফুটবলার শৈলেন মান্না, হকি খেলোয়ার প্রয়াত লেসলি ক্লডিয়াস, চিত্রশিল্পী যোগেন চৌধুরী, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ, শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তী এবং সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর মতো বিশিষ্টজনদের।