আয়নার পূজা এবার আমেরিকায়
প্রতিবারই পূজায় শহর ছেড়ে গ্রামে পাড়ি জমান চঞ্চল চৌধুরী। শহরের ব্যস্ততা ফেলে মা দুর্গার আগমণে মায়ের কোলেই ফেরেন তিনি। গ্রামের আলো হাওয়ায় ঢাক-বাদ্যে নাড়ু-সন্দেশ আর প্রতীমা বিসর্জন সেরে ফেরেন ঢাকায়। কিন্তু এবার চঞ্চল আমেরিকায়।
চঞ্চল অভিনীত সদ্যমুক্তি পাওয়া ছবি ‘আয়নাবাজী’ কাঁপাচ্ছে গোটা দেশ। এবার দেশের গণ্ডি পেরিয়ে সিনেমাটি দেখা যাবে যুক্তরাষ্ট্রেও। আর সিনেমার খাতিরেই তাই আমেরিকায় উড়াল দিয়েছেন ‘আয়না’।
‘আয়নাবাজী’র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বিডিনিউজকে জানালেন, ৭ অক্টোবর থেকে দেশে নেই চঞ্চল। যুক্তরাষ্ট্রের সিয়াটলে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ এশিয়ান ফিল্ম ফ্যাস্টিভাল। উৎসবের উদ্বোধনী দিনেই প্রদর্শিত হবে ‘আয়নাবাজী’। আয়না তাই আগেই গেছেন।
ছবির প্রচারণায় কে জানে কোন ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি!
তবে, জানা গেলো উৎসব শেষে ফিরছেন ১৯ অক্টোবর। মা দূর্গা হয়তো এবার চঞ্চলের জন্য আয়নাবাজীর সফলতাই নিয়ে এসেছিলেন। দূর আমেরিকায় বসে এবারের পূজা হয়তো একটু বেশিই মিস করছেন চঞ্চল। পূজার আনন্দে ঢাক-বাদ্যের পাশাপাশি এখনো তো হলে হলে ‘আয়নাবাজী’র দর্শকে উপচে পড়া ভীড়।
উল্লেখ্য, ‘আয়নাবাজী’ চলচ্চিত্রটি ছাড়াও সাউথ এশিয়ান ফিল্ম ফ্যাস্টিভালে প্রদর্শিত হতে যাচ্ছে তৌকির আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি।
