‘সোয়াশ বছর ধরে পূজা চলে আমাদের বাড়িতে’
দুর্গাপূজা মানেই মণ্ডপে মণ্ডপে যত মজার কীর্তি। পূজা নিয়ে মজার স্মৃতি নেই- এমন বাঙালি খুঁজে পাওয়াটাই ভার। গ্লিটজের সঙ্গে তারকা হওয়ার আগে ও পরে এমনই কিছু মজার স্মৃতির কথা শোনালেন সংগীত পরিচালক ইমন সাহা।
তিনি বলেন, “যেহেতু আমি তারকা পরিবারেই জন্ম গ্রহন করেছি, আমি কখনোই নিজেকে তারকা মনে করি না। আমার বাবা (প্রয়াত সত্য সাহা) অনেক বড় তারকা ছিলেন, আমার বড় ভাই শিশু শিল্পী হিসেবে অনেক বড় তারকা ছিলো; তাই এই বিষয়গুলা কখনোই আমাদের কাছে উল্লেখযোগ্য ছিলো না। তাছাড়া বাবা সবসময় খুব লো প্রোফাইল মেনটেইন করতেন। তাই আগে যেমনি পূজা উৎযাপন করতাম, এখনও তেমনি পূজা উৎযাপন করি।”
তবে এই স্মার্টফোনের যুগে ভক্তদের সঙ্গে সেলফি তোলার মাধ্যমেই যোগাযোগের রাস্তাটা অনেক চওড়া হয়ে গেছে বলে মনে করেন ইমন।
তার ভাষ্যে, “এখন যেটা হয়, সেটা হলো মানুষজন আমার সঙ্গে কথা বলতে আসে, সেলফি তুলতে আসে। সেলফি জিনিসটাকে আমি পূজার সঙ্গে বাড়তি পাওনা হিসেবে দেখি। কারণ এতে ভক্তদের সঙ্গে যোগাযোগটা আরু বাড়ে।”
দুর্গাপূজা মানেই তো বিভিন্ন মণ্ডপে প্রতিমা দেখতে যাওয়া। ছোটবেলায় ভাই-বোনদের সঙ্গে নিয়ে প্রতিমা দেখতে যাওয়ার গল্পও শোনালেন ইমন।
তিনি বলেন, “আমার নানী বাড়ি পুরান ঢাকার শ্যামবাজারে হওয়ার সুবাদে পূজার সময় বিভিন্ন এলাকার বিভিন্ন পূজা মন্ডপগুলোতে আমার কাজিন দেবাশীষ (র্নিমাতা দেবাশীষ বিশ্বাস) সহ আমাদের আরোও অন্যান্য সব ভাইয়েরা মিলে বিভিন্ন পূজা মন্ডপে যেতাম। সবাই এক সঙ্গে দলবেধে ঘুরে বেড়াতাম আর খাওয়া দাওয়া করতাম।”
পুরান ঢাকা ছাড়াও চট্টগ্রামের পুজার স্মৃতিও রোমন্থন করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই শিল্পী।
তিনি বলেন, “চট্ট্রগ্রামে আমাদের গ্রামের বাড়ীতে সোয়াশ’ বছর ধরে পূজা অনুষ্ঠিত হয়। তাই দূর্গাপূজার সময় কখনো ঢাকায় থাকতাম। আবার কখনো গ্রামের বাড়িতে পূজা উৎযাপন করতে চলে যেতাম।”
দুর্গাপূজার মায়ের চরণে অঞ্জলি দিতে গিয়ে পাড়ার সুন্দরীদের প্রেমে পড়ার ঘটনা খুবই সাধারণ ।
এমন ঘটনা তার জীবনেও ঘটেছে কিনা জানতে চাইলে ইমন সাহা হেসে বলেন, “সত্যি কথা বলতে, আমার কখনোই এরকম কিছু হয়নি। কারণ, মনের ভিতরে একটা ভয় কাজ করতো। সত্যি বলতে, ভয়েই আমি ভদ্র ছিলাম। যেহেতু ছোট বেলায় অভিনয় করতাম, তাই সবাই কমবেশি চিনতো আর সত্য সাহার ছেলে হিসেবেও চিনতো। যদি দুষ্টুমি করার পরে সবাই জানে সত্য সাহা ছেলে কোন দুষ্টুমি করেছে মূলত এই ভয় থেকেই একটু ভদ্র হয়ে চলার চেষ্টা করতাম।”
তবে ছোটবেলার কোন এক পূজায় এক সুন্দরীর সঙ্গে নাকি একটা মজার ঘটনা ঘটেছিলো। সেই ঘটনার স্মৃতিচারণ করতে ইমন সাহা হেসে খুন।
তিনি বলেন, “ছোটবেলায় আমার পুরেনা ঢাকাতেই দূর্গাপূজার সময়কার ঘটনা। তখন আমি খুবই ছোট। সম্ভবত ষষ্ঠ কিংবা সপ্তম শ্রেণিতে ছিলাম। আমাদের পরিচিতদের মধ্যে এক মেয়ে আমাকে ইশারায় কিসব যেন বলেছিল। আমি তখন বুঝিনি। কিন্তু এখন বুঝি, সেগুলো আমার প্রতি প্রেমের ইঙ্গিত ছিলো। আমি বহুদিন পরে সেই ইঙ্গিতগুলো বুঝেছি!”
পূজা নিয়ে মজার গল্প ও স্মৃতিচারণ করার পাশাপাশি এবারের পূজা কিভাবে উৎযাপন করবেন সেই পরিকল্পনার কথাও একটু গ্লিটজকে শোনালেন ইমন সাহা।
তিনি বলেন, “এবারের পূজা ঢাকাতেই কাটাবো। কারন গত বছর পূজায় গ্রামের বাড়ি গিয়েছিলাম। তবে আমার শ্বশুর বাড়ি নেত্রকোনায়। সেখানে অনেক বড় পূজা হয়। তাই এবার আমার ছোট ছেলেকে সেখানে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে।”
