কিম কারদাশিয়ানের উপর হামলা!
প্যারিসে সশস্ত্র সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন রিয়ালিটি টিভি শো তারকা কিম কারদাশিয়ান। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে কিমের কয়েক লাখ ইউরোর অলঙ্কার ছিনিয়ে নিয়ে গেছে।
প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে চলতি সপ্তাহের শুরুতে ফ্রান্সে গিয়েছিলেন কিম। সেখানে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ব্লকে মা, বোন এবং সন্তানদের নিয়ে থাকছেন তিনি। সোমবার সেই অ্যাপার্টমেন্টের বাথরুমে তাকে বেঁধে রেখে সন্ত্রাসীরা ওই লুটের ঘটনা চালায়।
পুলিশের তরফ থেকে এব্যপারে রয়টার্সকে জানানো হয়, পাঁচ-ছয়জন সন্ত্রাসী স্কি-মাস্ক ও পুলিশের পোশাক পরে কিমের অ্যাপার্টমেন্টে ঢোকে। তারা ৫-৬ লাখ ইউরো সমমূল্যের একটি অলঙ্কারের বাক্স ছিনিয়ে নিয়ে গেছে। সেই সঙ্গে নিয়ে গেছে একটি আংটিও যার মূল্য ৪ লাখ ইউরো।
কিমের মুখপাত্র ইনা ট্রেকিওকাস ইঅনলাইন ডটকমকে জানান, “গতকাল রাতে মুখোশধারি সন্ত্রাসী পুলিশের ইউনিফর্মে কিম কারদাশিয়ান-এর হোটেল কক্ষে ঢুকে তার দিকে বন্দুক তাক করে। তিনি শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন।”
ওই মুহুর্তে নিউ ইয়র্কের কুইন্সে মিয়াডোস মিউজিক অ্যান্ড আর্ট ফেস্টিভালে পারফর্ম করছিলেন কিমের স্বামী কানইয়ে ওয়েস্ট। ‘হার্টলেস’ গানের মাঝপথেই তাকে এই জরুরী খবর দেয়া হয়। সঙ্গে সঙ্গেই মঞ্চ ছেড়ে চলে যান তিনি।
পরে এক ভিডিওবার্তায় ভক্তদের উদ্দেশ্যে তিনি জানান, পারিবারিক জরুরি অবস্থার কারণে তাকে স্থগিত করতে হয়েছে।
