নতুন অ্যালবাম নিয়ে ফিরলেন কাঙ্গালিনী সুফিয়া
‘বুড়ি হইলাম তোর কারণে’ গানটি একসময় মুখে মুখে ঘুরতো মানুষের। অত্যন্ত জনপ্রিয় সেই গানটি দিয়ে ওই সময় সব শ্রেণি-পেশার মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন বাউল শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। মাঝে কিছুদিন অসুস্থার কারণে গান থেকে দূরে থাকলেও সংগীতের জগতে এবার তিনি ফিরে এলেন ক্যারিয়ারের প্রথম সিডি অ্যালবাম ‘মা’ নিয়ে।
র্দীঘদিন পরে নিজের গানের অ্যালবাম ও প্রথম সিডি প্রকাশ প্রসঙ্গে গ্লিটজকে কাঙ্গালিনী সুফিয়া বলেন, “এই প্রথমবার আমার কোনো সিডি প্রকাশিত হল। আমার খুব ভালো লাগছে। আমার মা জননী আনুশিয়ার (আনুশেহ আনাদিল) জন্য এই অ্যালবামটি বের করতে পেরেছি। এই অ্যালবামের জন্য আমার মা আনুশেহ অনেক পরিশ্রম করেছে।”
অ্যালবামের নামকরণ ‘মা’ প্রসঙ্গে গ্লিটজকে তিনি বলেন, “আমি একটা গান করেছিলাম ‘মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা’। সেখান থেকেই অ্যালবামের নাম ‘মা’ রাখা হয়েছে।”
অ্যালবামে রয়েছে মোট ১১টি গান। যেখানে থাকছে কাঙ্গালিনী সুফিয়ার কিছু বাউল গান। এছাড়াও অ্যালবামটিতে থাকছে লালন সাঁই ও বিজয় সরকারের গান।
কাঙ্গালিনী সুফিয়ার গাওয়া অন্যতম জনপ্রিয় গান লালন সাঁইয়ের ‘বাড়ির পাশে আরশিনগর, সেথায় পড়শি বসত করে’।
জীবনের সেই পড়শীর দেখা পেয়েছেন কিনা জানতে চাইলে মিষ্টি হেসে গ্লিটজকে তিনি বলেন, “পড়শী, সে তো মনের মাঝে থাকে। কিন্তু ধরা দেয় না। খুঁজতাছি, পড়শীর দেখা অত সহজে মিলে না বাজান! এই জনমে মনে হয় না পড়শীর দেখা পাবো। তবুও আশায় আছি।”
অনুষ্ঠানে নিজের সংগীতশিক্ষার গুরুদের স্মরণ করতে ভোলেন নি বাউল গানের এই কিংবদন্তী।
তিনি বলেন, “পঞ্চাশ বছরের বেশি সময় ধরে গান করি। ১৪ বছর বয়স থেকে গান করা শুরু। আমার গুরু ছিলেন গৌর মহন্ত ও দেবেন খ্যাপা। উনাদের কাছে আমি গান শিখেছি। আর হালিম বয়াতির কাছ থেকেও একটা গান শিখেছিলাম।”
‘মা’ অ্যালবামটি ফ্যাশনহাউজ ‘যাত্রা’র ব্যানারে প্রকাশিত হয়েছে।
অ্যালবাম প্রকাশের প্রসঙ্গে গ্লিটজকে সংগীতশিল্পী ও ‘যাত্রা’র প্রতিষ্ঠাতা আনুশেহ আনাদিল বলেন, “প্রায় দেড় বছর ধরে এই অ্যালবামের কাজ চলেছে। ঢাকার ধুন স্টুডিওতে তিন দিন ধরে লাইভ রেকর্ডিং করা হয়। গানগুলোকে বৈঠকি গানের আসরের আবহে ধারণ করা হয়েছে।”
অ্যালবামটির দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এছাড়াও www.kangalinisufia.com ওয়েবসাইটে গিয়েও শ্রোতারা চাইলে গানগুলো কিনতে পারবেন।
