২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন-মিথিলার ‘আফটার ম্যারেজ’

প্রেম করে বিয়ে, কিন্তু তারপরও নিত্য নতুন বিপত্তিতে আটকে যাওয়া সংসার- এমনই এক দম্পতির গল্প এবার পর্দায় তুলে ধরবেন গায়ক অভিনেতা জন কবির এবং রাফিয়াশ রশিদ মিথিলা। ‘আফটার ম্যারেজ’ নামের নাটকটি ঈদের জন্য নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্না।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 05:10 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

নাটকে অভিনয় প্রসঙ্গে গ্লিটজকে মিথিলা বলেন, “নাটকের গল্পটা খুবই সুন্দর। একটু ভিন্নধর্মী গল্প বলেই আমি স্ক্রিপ্টটা পছন্দ করেছি। নাটকটি বিয়ের পরের ঘটনা নিয়ে নির্মীত হয়েছে। যে মানুষটির সঙ্গে নাটকে আমার (জন কবির ) প্রেম থাকে পরবর্তীতে তার সঙ্গেই অনেকটা জোর করেই আমার বিয়ে হয়। কিন্তু বিয়ের পরের নতুন জীবনে ঘটে নানা ধরনের ঘটনা। আমার বাস্তব জীবনের বিয়েপরবর্তী জীবনের সঙ্গে তেমন কোন মিল না থাকলেও বেশ কিছু মজার ঘটনা তো প্রায় অনেকাংশেই মিলে গিয়েছিলো।”

‘আফটার ম্যারেজ’ নাটকটি পরিচালনা ছাড়াও এর গল্প, চিত্রনাট্য, সংলাপ নিজেই লিখেছেন বান্না। 

নিজের নাটক নিয়ে তিনি বলেন,“ সত্যি বলতে আমার বিয়ের পরবর্তী জীবনের মজার সব  অভিজ্ঞতাকে ঘিরে এই নাটকের গল্প সাজানো হয়েছে। আসলে প্রেম করে বিয়ের পরে আমাদের জীবনে অনেক ঘটনাই ঘটে। কখনো সেগুলো জীবনের মোড়কে এমনভাবে বদলে যা আমরা চিন্তাও করতে পারি না।”

নাটকটিকে পুরোপুরি বিনোদনধর্মী দাবি করে বান্না আরও বলেন, “যেহেতু ঈদের সময় সবাই চায় বিনোদন, তাই বিয়ের পরবর্তী জীবনের নানা ধরনের সম্যস্যাগুলো দেখালেও সেখানে দর্শকদের বিনোদন দেওয়ার ব্যাপারিই বেশি প্রাধান্য দিয়েছি। আমার বিশ্বাস সমসাময়িক এই গল্পের নাটকটি বিবাহিত ও অবাহিত- সব ধরনের দর্শকদের ভালো লাগবে।”

নাটককে অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মাহমুদা আপন. আসিফ বিন আজাদ  প্রমুখ।

ঈদে আরটিভিতে ঈদের ৬ষ্ঠ দিন রাত ১১টা ৩০ মিনিটে নাটকটি প্রচারিত হবে।