ঈদে ব্ল্যাকের নতুন চার গান
পাঁচ বছর আগে শেষবারের মতো অ্যালবাম প্রকাশ করেছিলো অলটারনেটিভ রক ব্যান্ড ব্ল্যাক। মাঝে কিছুদিন বিরতির পরে ঈদের পরেই বাজারে আসছে ব্ল্যাকের পঞ্চম অ্যালবাম ‘ঊনমানুষ’। তবে ঈদের আগেই শ্রোতাদের জন্য সেই অ্যালবাম থেকে চারটি গান উপহার দিতে যাচ্ছে ব্ল্যাক।
নতুন লাইনআপে নতুন অ্যালবামের গানগুলো নিয়ে বেশ আশাবাদী দলের লিড গিটারিস্ট জাহান।
এ প্রসঙ্গে গ্লিটজকে তিনি বলেন, “আমাদের দলের নতুন লাইনআপে নতুন সদস্য হিসেবে ভোকালে রুবাইয়াৎ ও বেইজ গিটারে র্চালস যোগ দিয়েছেন। শ্রোতারা রুবাইয়াৎয়ের কণ্ঠে নতুনত্ব পাবে। কারন ওর কণ্ঠ অনেকটা উঁচুমাত্রার। এছাড়াও আগের অ্যালবামের গানগুলোতে নিচুমাত্রার কাজগুলো বেশি থাকলেও এবারের অ্যালবামে হাইপিচের কম্পেজিশনগুলো প্রথমবারের মতো থাকছে।”
নতুন অ্যালবাম প্রকাশে এই লম্বা বিরতি কেন?
জানতে চাইলে গ্লিটজকে জাহান বলেন, “প্রতিবছরই একটি বা দুটি মিক্সড অ্যালবামে কাজ করলেও ২০০৫ সালের পরে একটা বিশাল গ্যাপ পড়ে যায়। আমাদের ব্যান্ড দূর্ঘটনার শিকার হলো। দলের সদস্য মবিন মারা গেলো। পরের দুই বছরের মধ্যে দল থেকে তাহসান চলে গেলো।”
এতোকিছুর পরও ২০০৮ ও ২০১১ সালের অ্যালবাম প্রকাশ করে ব্ল্যাক।
“২০০৬ সালে দলে এক বছর জন্য বেইজ গিটারে সুমন ভাই যোগ দিলেন। তার চলে যাওয়ার পরে ২০০৭ সালে বেইজ গিটারের যোগ দিলেন সাগর। ২০০৮ সালে আমাদের ‘আবার’ অ্যালবামটি বাজারে আসলো। ২০০৯ ও ২০১০ সালে দলে বেজ গিটারে টিটু ভাই যোগ দিলেন। তারপরে ২০১১ সালে আমরা আরেকটা অ্যালবাম প্রকাশ করলাম,” বলেন জাহান।
কিন্তু দলে ভাঙন তখনও পিছু ছাড়েনি ব্ল্যাক-এর। ব্যান্ডটি থেকে এরপর বিদায় নিলেন জন কবির।
‘উনোমানুষ’ অ্যালবামে গান থাকছে মোট ৯টি গান। এর মধ্যে ইমন জুবায়েরের লেখা ৩টি গান, চালর্স-এর লেখা ৪টি এবং জাহান-এর লেখা ২টি গান রয়েছে।
নতুন লাইনআপে অ্যালবামের গানগুলো শ্রোতারাদের কাছে গ্রহনযোগ্যতা পাবে এমনই প্রত্যাশা করছেন জাহান।
