বন্যার্তদের পাশে জলের গান
বন্যার্তদের সাহায্যের লক্ষ্যে বুধবার শিল্পকলা একাডেমিতে একটি কনসার্টের আয়োজ করেছে বাংলা ফোক ফিউশন ব্যান্ডদল জলের গান। গ্লিটজকে বিষয়টি নিশ্চিত করেছেন জলের গানের সদস্য সাইফুল জার্নাল।
তিনি বলেন, “সম্প্রতি আমাদের দেশে যে বন্যা হয়েছে তাতে ক্ষতিগ্রস্থ কুড়িগ্রামের কিছু পরিবারের অবকাঠামোগত উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতা প্রদানের উদ্দেশ্যেই এই আয়োজন।”
তিনি আরও জানান, “কনসার্টে টিকেট বিক্রির পুরো টাকাই বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য ব্যবহার করা হবে। কুড়িগ্রামের মশালের চর, একদিল খড়িয়া, পিপুলেরচর এলাকাগুলোর ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহযোগিতা করার জন্যই মূলত এই উদ্যোগ।”
ওই এলাকার বন্যা দুর্গত মানুষদের সাহায্যে এর আগেও এগিয়ে এসেছে জলের গান।
এব্যাপারে জার্নাল বলেন, “ এর আগে আরও দুইবার জলের গানের ফ্যানক্লাব ও জলের গানের পক্ষ থেকে কুড়িগ্রামে বন্যাতদের সহযোগিতা করা হয়েছে। বন্যা শুরুর পরেই ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে জলের গানের ফ্যান ক্লাবের সদস্যদের পক্ষ থেকে বিশ হাজার টাকার মতো আর্থিক সহযোগিতা করা হয়। পরবর্তীতে আমাদের পক্ষ থেকে আড়াইশ’ পরিবারকে প্রায় দেড় লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। আর এবারের লক্ষ্য তাদের অবকাঠামোগত উন্নয়নের অংশীদার হওয়া।”
শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করেছে ‘জলের গান ফ্যান ক্লাব’।
এব্যাপারে জলের গান ফ্যান ক্লাব’য়ের সম্বনয়ক ওমর ফারুক গ্লিটজকে বলেন,“ আমাদের উদ্দেশ্য ছিল আরও বড় পরিসরে এই আয়োজন করার। তাহলে আমরা জলের গানের আরো বেশি শ্রোতাদেরকে এই কনর্সাটটি উপহার দিতে পারতাম। তবে আমাদের প্রত্যাশা জলের গানের এই কনসার্টে জাতীয় চিত্রশালার তিনশ’ আসন কানায় কানায় র্পূণ হবে।”
অন্যদিকে সামাজিক দায়বদ্ধতা জায়গা থেকে জলের গান সবসময় এমনধরনের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থাকে বলেও গ্লিটজকে জানান সাইফুল জার্নাল।
তিনি বলেন, “ আমরা সবসময় আমাদের প্রতিটি শো থেকে প্রাপ্ত অর্থ থেকে কিছু অর্থ মানুষের সাহায্যের জন্য জমা রাখি। সেই অর্থ বিভিন্ন সময়ে মানুষের সাহায্যে ব্যবহার করা হয়।”
কনসার্টে ঢোকার টিকেটের মূল্য নির্ধারন করা হয়েছে ৫০০ টাকা। টিকেট পাওয়া যাবে ঢাকা শহরের 'দেশাল'-এর সবগুলো শাখায় (গুলশান, বনানী, ধানমন্ডি, বসুন্ধরা সিটি, বেইলিরোড, আজিজ সুপার মার্কেট)। এছাড়াও ফোন করে টিকেট বুকিং দেওয়া যাবে বলেও জানান ওমর ফারুক।
তিনি বলেন, “ আমরা চাই সবাই আমাদের আউটলেট থেকে টিকেট সংগ্রহ করুক। তবে যাদের পক্ষে কোনভাবেই সম্ভব নয় তাদের জন্য আমরা ০১৭১২৯৬৯৩০৪ এই নাম্বারে কল দিয়ে টিকেট বুকিংয়ের সুবিধা রেখেছি।”
কুড়িগ্রামের বন্যার্তদের সাহায্যের লক্ষ্যে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অর্থ সংগ্রহের জন্য গান পরিবেশনা করে জলের গান।
