২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম তুলে ধরার আহ্বান

চলচ্চিত্রের মাধ্যমে অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করার প্রত্যয়ে উদযাপিত হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত ‘জহির রায়হান চলচ্চিত্র উৎসব’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2016, 10:49 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

মুক্তিযুদ্ধের সংগঠক চলচ্চিত্র নির্মাতা ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের কর্মী জহির রায়হানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এই উৎসব হয়।

‘প্রতিরোধে প্রস্তুত ক্যামেরা’ এই শ্লোগান সামনে রেখে আয়োজিত দিনব্যাপী এ উৎসবের উদ্বোধনী পর্বের শুরুতে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।

পরে উৎসব উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসিন মুরাদ। তখন ছিলেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী ও উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ।

মানজারে হাসীন মুরাদ বলেন, “জহির রায়হান যে দেশপ্রেমের আদর্শে উদ্বুব্ধ হয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন সেই আদর্শকে বুকে ধারণ করেই ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনকে আরও বেগবান করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে চলচ্চিত্র আন্দোলনকে নতুন করে গুছিয়ে নিতে হবে।”

অনুষ্ঠানে কামাল লোহানী ছাড়াও উদীচীর সহ-সভাপতি শংকর সাওজাল, জহির রায়হানের ছেলে অনল রায়হান এবং চলচ্চিত্র নির্মাতা মশিউদ্দিন শাকের বক্তব্য রাখেন।

সাধারণ মানুষের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রাম, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনে চলচ্চিত্র মাধ্যমকে আরও বেশি বেশি করে কাজে লাগানোর তাগিদ দেন বক্তারা।

পরে বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের নানা পর্যায় এবং ভবিষ্যত নিয়ে আলোচনার পাশাপাশি জহির রায়হানের জীবন ও কর্ম নিয়েও আলোচনা হয়।

উদ্বোধনী পর্বের পর শুরু হয় চলচ্চিত্র প্রদর্শন। শুরুতেই প্রদর্শিত হয় জহির রায়হান নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর চালানো নৃশংসতম গণহত্যার প্রামাণ্য দলিল এই প্রামাণ্যচিত্র। এরপর প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র ‘রানওয়ে’ প্রদর্শন করা হয়।

এরপর সেন্টু রায় নির্মিত জহির রায়হানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘জহির রায়হান’ দেখানো হয়। এ চলচ্চিত্রটির পর ছিল ভারতীয় নির্মাতা সৌমিত্র দস্তিদার নির্মিত প্রামাণ্যচিত্র ‘এ লেটার টু মাই ডটার’।

সবশেষে প্রদর্শিত হয় কামার আহমাদ সাইমন নির্মিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শুনতে কি পাও’।

এছাড়া ১৯৯৯ সালে যশোরে উদীচী’র দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলা থেকে শুরু করে ২০০৫ সালে উদীচী নেত্রকোনা জেলা সংসদ কার্যালয়ে বোমা হামলার ঘটনা পর্যন্ত সংঘটিত বাংলাদেশের ইতিহাসের ন্যক্কারজনক বোমা হামলাগুলো নিয়ে প্রামাণ্যচিত্র ‘ক্ষতচিহ্ন’ প্রদর্শিত হয়। এ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছে উদীচী কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগ।