জন্মদিনে সেলিম আল দীনকে নিয়ে শিল্পকলায় উৎসব শুরু
খ্যাতিমান নাট্যকার প্রয়াত সেলিম আল দীনের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে উৎসব।
বৃহস্পতিবার একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু তিন দিনব্যাপী ‘সেলিম আল দীন উৎসব’র যৌথ আয়োজক ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
এছাড়া একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব’ নামে তিন দিনব্যাপী আরও একটি উৎসবের আয়োজন করেছে নাটকের দল ‘স্বপ্নদল’।
সেলিম আল দীন উৎসব
সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সেলিম আল দীন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ।
‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ স্লোগানে আয়োজিত এই উৎসব শিশুদের চিত্রকর্ম ও নাট্য প্রদর্শনীসহ নানা আয়োজনে বর্ণময় হয়ে উঠে উৎসব।
উদ্বোধনী আয়োজনে খ্যাতিমান অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদের হাতে তুলে দেওয়া হয় সেলিম আল দীন পদক।
উৎসব উদ্বোধন করে নাট্যজন মামুনুর রশীদ বলেন, “সেলিম আল দীনের সৃজনশীল জীবনটা জুড়ে ছিল এই ভূখণ্ড। শিল্প নির্মাণে তিনি শিকড়ের সন্ধান করেছেন। বাংলা নাটক তার কাছে কৃতজ্ঞ। আমার কাছে মনে হয় তার জীবনটা একটা অসমাপ্ত গানের মতো।”
‘নিমজ্জন’, ‘ধাবমান’, ‘হরগজ’, ‘স্বর্ণবোয়াল’, ‘ঊষা উৎসব’ সহ একাধিক কালজয়ী নাটকের রচয়িতা নাট্যকার সেলিম আল দীনের জন্মদিনের এই উৎসবে এসেছিলেন অভিনেতা সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
উদ্বোধনীতে সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা প্রয়াত এই নাট্যশিক্ষককে নিয়ে নানা স্মৃতিচারণা করেন। উৎসবের স্বাগত বক্তব্য রাখেন ঢাকা থিয়েটারের অন্যতম সদস্য কামাল বায়েজীদ।
একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়া নাট্যকার সেলিম ২০০৮ সালের ১৪ জানুয়ারি মারা যান ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এই অধ্যাপকের মৃত্যুর পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রবর্তন করা হয় সেলিম আল দীন পদক।
এবার উৎসবের উদ্বোধনীতে স্মৃতিচারণ ও আলোচনা পর্ব শেষে পদকপ্রাপ্ত রাইসুল ইসলাম আসাদের জীবনী পাঠ করেন শিমুল ইউসুফ। পরে অভিনেতা আসাদের হাতে পদক তুলে দেন সংস্কৃতিমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৌফিক হাসান ময়না।
এর আগে বিকালে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার বাছাই করা ছবি নিয়ে নাট্যশালার লবিতে হয় প্রদর্শনী। সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জন্মবার্ষিকীতে সেলিম আল দীনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রয়াত নাট্যকারের গুণমুগ্ধরা
এছাড়া সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার সন্ধ্যায় শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক ‘কারবালার জারি’। মীর মশাররফ হোসেনের রচনা থেকে প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ।
শনিবার উৎসবের সমাপনী দিনের সন্ধ্যায় শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পরিবেশিত হবে ‘পুতুল তোমার জনম কি রূপ’ শীর্ষক সেলিম নাট্যমঞ্জুরি। ঢাকা থিয়েটার পরিবেশিত প্রযোজনাটিতে একক অভিনয় করবেন শিমুল ইউসুফ।
স্বপ্নদলের সেলিম আল দীন জন্মোৎসব
নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকীতে স্বপ্নদল আয়োজন করেছে তিন দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব’।
প্রয়াত এ নাট্যকারকে নিয়ে স্বপ্নদলের আয়োজনে ১৪তম এ উৎসবের স্লোগান ‘ঔপনিবেশিকতার শৃঙ্খল ভেঙে বাঙলা নাট্যের স্বর্ণালী দিন, প্রেরণা মোদের রবীন্দ্রনাথ সঙ্গী সেলিম আল দীন’।
এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব প্রয়াত রণজিৎ কুমার বিশ্বাসের স্মৃতির প্রতি।
সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রয়াত রণজিৎ কুমার বিশ্বাসের সহধর্মিণী শেলী সেনগুপ্তা।
উৎসবের প্রথম দিন স্বপ্নদল মঞ্চস্থ করেছে সেলিম আল দীনের নাটক ‘হরগজ। দ্বিতীয় দিন শুক্রবার সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হবে মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ-এর প্রদর্শনী।
উৎসবের সমাপনী দিন শনিবার বেলা সাড়ে ৩টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে নাট্যজন রামেন্দু মজুমদারের সভাপতিত্বে হবে একক বক্তৃতা ‘সেলিম আল নাট্যদর্শন তথা বাংলা নাট্যরীতি প্রসারে প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায়’।
বক্তব্য প্রদান করবেন ‘মঞ্চসারথি’ আতাউর রহমান।
১৯৪৯ সালে ১৮ অগাস্ট ফেনীতে জন্মগ্রহণ করেন সেলিম আল দীন। বাংলা নাটকের শেকড়সন্ধানে ব্রতী এই নাট্যকার জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা সেলিম আল দীন বাংলা নাটকের হাজার বছরের সূত্র আবিস্কার করে লিখেছেন ‘মধ্যযুগের বাংলা নাটকর’ শীর্ষক আকরগ্রন্থ। নাট্যচর্চায় স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।
