বক্স অফিসে ভালোই চলছে ‘নিয়তি’
আরিফিন শুভ এবং ফাল্গুনী রহমান জলি অভিনীত নতুন সিনেমা ‘নিয়তি’ সারাদেশে মুক্তি পেয়েছে চলতি সপ্তাহের শুক্রবারে। সোমবার সরকারি ছুটি থাকায় বক্স অফিসে ভাল অবস্থান গড়তে পেরেছে সিনেমাটি- এমনটাই জানালেন ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক ও হিসাব রক্ষকেরা।
মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপক রেজাউল করিম গ্লিটজকে বলেন জানান, “সিনেমাটি মুক্তির প্রথম দুই দিন খুবই ভালো ব্যবসা করেছে। শুক্রবার পাঁচটি শোয়ের মধ্যে তিনটি শো হাউজফুল ছিলো। একইভাবে শনিবার ও সোমবার সিনেমার ইভিনিং শো হাউজফুল ছিলো। ঈদের সিনেমায় প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে আসার যে একটা আবহ তৈরি হয়েছে তা এই সিনেমার ক্ষেত্রেও অনেকটাই পাওয়া গেছে। বলতে গেলে দর্শকের কাছে সিনেমাটি ভালোই গ্রহণযোগ্যতা পেয়েছে।”
অনেকটা একই সুরে কথা বললেন জোনাকী সিনেমা হলের ব্যবস্থাপক আনোয়ার। গ্লিটজকে তিনি বলেন, “আমাদের হলে সিনেমাটি বেশ ভালোই চলছে। শুক্রবার, শনিবার ও সোমবার-এই তিনদিন সিনেমার টিকেট বিক্রি সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় ভালো ছিলো।”
তিনি আরও বলেন, “এই তিনদিন ইভিনিং শো হাউজফুল ছিলো। ম্যাটিনি শোগুলো হাউজফুল না হলেও টিকেট বিক্রি একেবারেই মন্দ ছিলো না। দর্শকের কাছে সিনেমার গল্প ভালো লেগেছে। অনেকেই সিনেমাটি দুইবার দেখেছে। দ্বিতীয় সপ্তাহেও আমরা এই সিনেমাটি প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছি।”
কিন্তু কিছুটা হতাশার কথাই শুনালেন সনি প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক সামাদ। গ্লিটজকে তিনি বলেন, “সিনেমাটির টিকিট বিক্রি প্রত্যাশা অনুযায়ী হয়নি। আমাদের ধারণা সম্ভবত সিনেমার নায়িকাকে দর্শকের পছন্দ হয়নি। তবে আরিফিন শুভ সবকিছু মিলিয়ে সিনেমার জন্য উপযুক্ত। সিনেমাটি দেখার পরে দর্শকের অনুভুতি ছিলো মিশ্র।”
তিনি বলেন, “আমাদের হলে সিনেমাটি বছরের অন্যান্য সময়ের সিনেমার তুলনায় মন্দের ভালো ছিলো বলা চলে। তবে সিনেমার প্রচারনা দেখে আমাদের যে প্রত্যাশা ছিলো তেমন আশানুরুপ বিক্রি হয়নি। যদিও শুক্রবার, শনিবার ও সোমবার ১৫ আগষ্টের ছুটির কারনে টিকিটের বিক্রি যথেষ্ঠ ভালো হয়েছে।”
‘নিয়তি’ সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেন আরিফিন শুভ ও জলি। ‘নিয়তি’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। আর নির্মাণের পাশাপাশি চিত্রনাট্যের কাজটি করেছেন জাকির হোসেন রাজু নিজেই।
জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেইসবুক পেইজের তথ্য মতে, শুক্রবার সারাদেশে ১০১টি প্রেক্ষাগৃহে ‘নিয়তি’ মুক্তি দেওয়ার হয়েছে। এর আগে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতের পশ্চিমবঙ্গের ৮৩টি প্রেক্ষাগৃহে ‘নিয়তি’ প্রদর্শিত হয়।
