২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিয়তি’ দেখে দর্শক হতাশ হবে না: নির্মাতা

শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে জাকির হোসেন রাজুর এই সিনেমা। এর আগে আরিফিন শুভ ও ফাল্গুনী রহমান জলি অভিনীত সিনেমাটি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল ১০ জুন। 

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2016, 01:49 PM

Updated : 11 Oct 2022, 08:36 PM

‘নিয়তি’ ঘিরে প্রত্যাশার কথা জানতে চাইলে গ্লিটজকে নির্মাতা জাকির হোসেন রাজু বলেন, “আমি সবসময় প্রেম কিংবা সামাজিক- যে ধরনের সিনেমা নির্মাণ করি না কেনো সেগুলো নিছক বিনোদনের জন্যই বানাই না। আমার সিনেমাগুলোতে বিনোদনের সঙ্গে হাসি-ঠাট্টা, রসিকতা, রসবোধ থাকা ছাড়াও গল্পের সঙ্গে দর্শকের নিজেকে গল্পের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টি থাকে।”

তিনি আরও বলেন, “সেদিক থেকে বলতে পারি দর্শকরা ‘নিয়তি’ সিনেমাটি দেখে হতাশ হবেন না। শুধু তাই নয়, দেখে ভালো তো লাগবেই এবং আমার বিশ্বাস সিনেমাটি যখন শেষ হবে তখন দর্শক প্রেক্ষাগৃহে কিছুক্ষণ চুপ করে বসে থাকবেন। হয়ত অনূভূতি প্রকাশের ভাষা থাকবে না।” 

‘নিয়তি’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। আর নির্মাণের পাশাপাশি চিত্রনাট্যের কাজটি করেছেন জাকির হোসেন রাজু নিজেই। 

ঈদুল ফিতরে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় তৈরি ‘শিকারি’ ও ‘বাদশা’ সিনেমা দুটির মাধ্যমে বাংলাদেশে বক্স অফিসে নিজেদের অত্যন্ত দাপুটে অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিল প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।

তাই ‘নিয়তি’ ঘিরে প্রত্যাশা কেমন জানতে চাইলে গ্লিটজকে জাজ মাল্টিমিডিয়ার কণর্ধার আব্দুল আজিজ বলেন, “নিয়তি’ সিনেমাটা ভালো ব্যবসা করবে।  গল্পে যেমন নতুনত্ব রয়েছে তেমনি সিনেমার গানগুলো খুব সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি বলতে এই সিনেমা ঘিরে আমরা খুবই আশাবাদী। একটা ভালো কিছু হবে। যখন থেকে প্রেক্ষাগৃহে এই সিনেমার ট্রেইলার প্রদর্শন করা হয়েছে তখন থেকেই দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি।”

এরই মধ্যে সিনেমার ‘ঢাকাই শাড়ি’ ও ‘অনেক সাধনার পরে’ গান দুটো ইউটিউব ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনায় এসেছে। সিনেমার সংগীত পরিচালনা করেছেন স্যাভি। গানগুলোতে কন্ঠ দিয়েছেন রুনা লায়লা, কণা, ন্যান্সী, শাহদাব হাশমি, লেমিস, সান ও মোঃ ইরফান।

শুভ-জলি ছাড়াও অন্যান্যদের মধ্যে আরও অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, নাদের চৌধুরী, সুপ্রিয় দত্ত, রেবেকা, মৌসুমী সাহা প্রমুখ।

শুক্রবার সারাদেশে ১০১টি প্রেক্ষাগৃহে ‘নিয়তি’ মুক্তি দেওয়ার হয়েছে বলে জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেইসবুক পেইজে জানানো হয়েছে।

এর আগে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতের পশ্চিমবঙ্গের ৮৩টি প্রেক্ষাগৃহে ‘নিয়তি’ প্রদর্শিত হয়েছে বলে গ্লিটজকে জানায় জাজ মাল্টিমিডিয়া।