‘খ্যাতি সহ্য করতে না পেরে বমি করতাম’
বয়স তখন সবে ১৮। কিন্তু ‘টোয়াইলাইট’ সিরিজের কেন্দ্রীয় চরিত্র বেলা সোয়ান-এর ভূমিকায় অভিনয় করে দুনিয়াজোড়া খ্যাতি ঠিক ওই সময়টাতেই পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে ক্রিস্টেন স্টুয়ার্ট-এর। ওই বয়সে জনপ্রিয়তার চাপ সামলানো কি চাট্টেখানি কথা? আর খ্যাতির চাপে রীতিমতো অসুস্থই হয়ে পড়েছিলেন তিনি।
ফিমেইলফার্স্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তারকা হওয়ার শুরুর দিনগুলোর কথা জানিয়েছেন স্টুয়ার্ট। সেইসঙ্গে এও জানিয়েছেন, খ্যাতির চাপ সহ্য করতে না পেরে প্রায়শ’ই বমি করে দিতেন তিনি!
ক্রিস্টেস-এর ভাষ্যে, “আমি অনেক চাপের মধ্য দিয়ে গিয়েছি। আমি সবসময়ই এক ধরণের আতঙ্কের ভেতর থাকতাম। প্রায়ই বমি হতো আমার। খাওয়া দাওয়ায় কোন সমস্যা ছিলোনা আমার। কিন্তু সবসময় পেট কামড়াতো এবং আমি রীতিমত উন্মাদের পর্যায়ে চলে যাচ্ছিলাম।”
শুধু উত্তেজনাজনিত সমস্যাই নয়, ‘ক্লাউডস অব সিলস মারিয়া’ অভিনেত্রী যুদ্ধ করছেন ‘অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার’ বাঁ সংক্ষেপে ওসিডি নামে পরিচিত একধরণের মানসিক সমস্যার সঙ্গেও।
ক্রিস্টেন জানান “আমার বয়স যতো বাড়ছে ততোই আমি ধীরে ধীরে ওসিডির দিকে চলে যাচ্ছি। কোন কিছু যখন এলোমেলো হয়ে যায় আমার মনে হয় আমার সব শেষ হয়ে গেছে, সব হারিয়ে ফেলেছি আমি। তারপর আমি সব ছেড়েছুড়ে, সব পিছিয়ে দিয়ে আবার ওটা ঠিক করতে লেগে যাই।”
ক্রিস্টেন স্টুয়ার্ট আরও বলেন, “আমি নিজেকে বলি শুধু সেটাই করো যেটা তোমার করা দরকার। যদি তুমি এখনি কিছু লিখতে চাও, তোমাকে চিন্তা করতে হবে তার জন্য। সৃষ্টিশীল কিছু করার জন্য যদি তোমার কাউকে ডাকার প্রয়োজন হয়, এখনই ডাকো। শুধু শুধু সব কিছু ফেলে রেখে নিজের ডেস্ক ঠিক করার কোন মানে হয়না।”
ছোটবেলা থেকেই রূপালি দুনিয়ার আলো-হাওয়ায় বেড়ে উঠলেও ২০০৮ সালে শুরু হওয়া ‘টোয়াইলাইট’ সিরিজ এনে দেয় তোকে দুনিয়াজোড়া খ্যাতি। সিনেমায় নিজের সহশিল্পী রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রেম ও বিচ্ছেদের জন্যও বারবার আলোচনায় এসেছেন তিনি।
