আমাদের লুকানোর কিছু নেই: আমির
‘আইভিএফ সারোগেশন’ পদ্ধতিতে কৃত্রিম উপায়ে সন্তানলাভের কথা স্বীকার করলেন আমির খান ও কিরন রাও দম্পতি। পাঁচ বছর বয়সী পুত্র আজাদকে যে এই উপায়ে পেয়েছেন, সে কথা স্পষ্টই জানিয়ে দিলেন তারা।
মুম্বাইয়ের এক হাসপাতালের প্রজনন বিভাগে সদ্য খোলা ‘আইভিএফ সারোগেশন’ পদ্ধতির উদ্ধোধন অনুষ্ঠানে এ কথা জানান বলিউডের এ তারকা দম্পতি। অনু্ষ্ঠানে আমির বলেন, “কিরান এবং আমি আজাদকে পেয়ে খুবই আনন্দিত। সন্তানলাভের এ পদ্ধতিটি মোটেও খারাপ কোনো বিষয় নয়। এ ব্যাপারে আমাদের গোপন করার কিছুই নেই।”
এ সময় আমির খান আরও বলেন, “সন্তানলাভের এ পদ্ধতিটি অনেক নিঃসন্তান দম্পতিকেই আশার আলো যোগাবে। অনেক নারীই আছেন যারা সন্তান ধারণে অক্ষম কিন্তু মাতৃত্বের স্বাদ নিতে চান আবার যারা অবিবাহিত বাবা কিংবা মা হিসেবে সন্তান পেতে চান তাদের জন্যও এ পদ্ধতিটা খুবই কার্যকর।”
অনুষ্ঠানে উপস্থিত আরেক বলিউড তারকা তুষার কাপুরও এ পদ্ধতিতে কিছুদিন আগে সন্তানলাভ করেছেন। অবিবাহিত তুষার একজন ‘সিঙ্গেল পিতা’ হিসেবেই সন্তান নিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার পুত্র লাকশাকে আমি পেয়েছি ‘আইভিএফ সারোগেশন’-এর মাধ্যমে। আমার ভয় ছিল এ নিয়ে হয়ত অনেক নেতিবাচক কথা শুনতে হবে আমাকে। কিন্তু আমি আনন্দের সাথেই লক্ষ্য করেছি যে গণমাধ্যম এবং অন্যান্যরা এ বিষয়ে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে।”
এ সময় আমিরকে প্রশ্ন করা হয়, স্পর্শকাতর এই বিষয়ের উপর কোনো সিনেমা তৈরি করবেন কি না। আমির বলেন, ভালো গল্প পেলে তার কোনো বিষয়ে সিনেমা বানাতে আপত্তি নেই। । আমির পরিচালিত একমাত্র ছবি ‘তারে জামিন পার’-এ ডিজলেক্সিয়া রোগীর গল্প বলা হয়। এছাড়া তার টিভি অনুষ্ঠান ‘সত্যমেভ জায়াতে’-তেও বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে কথা বলা হয়।
চলতি বছরের বড়দিনে নিতেশ তিওয়ারির ‘দাঙ্গাল’ ছবির মাধ্যমে বড় পর্দায় দেখা যাবে এই অভিনেতাকে।
