সিদ্ধার্থকে নিয়ে ‘সভ্যতা’ গড়তে চান আলিয়া!
এতোদিন ধরে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেমের ব্যাপারে মুখে কুলুপ এঁটে রাখলেও এবার মুখ ফসকে সত্যিটা বের হয়েই গেল আলিয়া ভাট-এর। সম্প্রতি এক টিভি শোতে তিনি বলেছেন, পৃথিবী ধ্বংস হয়ে গেলৈ একমাত্র সিদ্ধার্থ-এর সঙ্গেই নতুন ‘সভ্যতা’ গড়তে চান তিনি।
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় একসাথে কাজ করার পর থেকেই আলিয়া ভাট আর সিদ্ধার্থ মালহোত্রা জুটির প্রেমের সম্পর্ক বরাবরই ছিল বলিউডের অন্যতম আলোচনার বিষয়। কিন্তু নিজেদের ঘিরে যাবতীয় গল্প গুজবের বিপরীতে সবসময় মৌনতা বজায় রেখেছেন তারা।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় এক টিভি চ্যানেলকে সাক্ষাতকার দিতে গিয়ে এ নিয়ে মুখ খুললেন ২৩ বছর বয়সী অভিনেত্রী আলিয়া ভাট। জানালেন ‘কাপূর অ্যান্ড সন্স’ অভিনেতার জন্য তার অগাধ ভালোবাসার কথাও।
অনুষ্ঠানটির এক পর্যায়ে আলিয়াকে প্রশ্ন করা হয়েছিল যে একমাত্র নারী হিসেবে যদি তাকে নতুন এক সভ্যতা সৃষ্টি করতে বলা হলে কাকে নিয়ে সে সভ্যতা গড়তে চাইবেন তিনি। পছন্দ করতে হবে রানভির সিং, সিদ্ধার্থ মালহোত্রা, ভারুন ধাওয়ান, শাহিদ কাপূর এবং রানবির কাপূর এর মতো হালের সব বলিউড সেনসেশনকে। জবাবে দ্বিতীয়বার না ভেবেই আলিয়া জানিয়ে দিলেন সিদ্ধার্থকে নিয়ে তার সভ্যতা গড়ার ইচ্ছার কথা।
এর আগে নানান সময়ে পর্দার বাইরে দেখা মিলেছে এই জুটির। গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিলো তাদের ‘ডেটিং’-এর ছবিও। কিন্তু মিডিয়ার সামনে বেশিরভাগ সময়ই এ নিয়ে মুখ খুলতে চাননি দুজনের কেউই। ভালোবাসার সম্পর্কের কথা অস্বীকার করে ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছেন এক অন্যের।
তবে ‘ব্যাং ব্যাং ২’ এর সহ- অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এর সাথে সিদ্ধার্থ এর সখ্যতা নিয়ে গণমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের জবাবে প্রথমবারের মতো তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেন আলিয়া। জানান বিচ্ছেদ তো হচ্ছেইনা বরং ভালোবাসা বেড়ে চলেছে তাদের।
আপাতত যুক্তরাষ্ট্রে ‘ড্রিম টিম ট্যুর’ নিয়ে ব্যস্ত আছেন ‘হাইওয়ে’ অভিনেত্রী। শিগগিরই আবারও তিনি বড় পর্দায় ফিরবেন ধার্মা প্রোডাকশনের বহুল প্রতিক্ষিত সিনেমা ‘শুদ্ধি’ নিয়ে, যেখানে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা ভারুন ধাওয়ানকে।
