২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় উদীচীর যুগল অনুনাটক

যুগল অনুনাটক মঞ্চে পরিবেশন করতে যাচ্ছে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় নাটক বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2016, 08:25 PM

Updated : 20 Aug 2022, 01:26 PM

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে রোববার সন্ধ্যা ৭টায় শুরু হবে ‘দাফন’ ও ‘হত্যার শিল্পকলা’ নাটকের প্রদর্শনী।

দেশব্যাপী মৌলবাদ, সন্ত্রাস ও ধর্মান্ধতার বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে অনুনাটক দুটি মঞ্চায়িত হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে উদীচী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকেই মৌলবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মের অপব্যবহার করে রাজনৈতিক ফায়দা লেটার বিরুদ্ধে লড়াই করে আসছে উদীচী। একইসাথে একটি অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ গঠনে আত্মনিয়োগ করেছে উদীচী।

উদীচী কেন্দ্রীয় নাটক বিভাগের অনুনাটক ‘হত্যার শিল্পকলা’ মূলত তৈরি হয়েছে বর্তমান সময়ে ধর্মের নামে যেভাবে একদল সন্ত্রাসী একের পর এক নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে সেই প্রেক্ষাপটকে ঘিরে।

নাটকের বিভিন্ন অঙ্কে দেখা যাবে, জঙ্গিবাদের হিংস্র থাবায় ক্ষতবিক্ষত বাংলাদেশের করুণ চিত্র। পুরো বাংলাদেশকে গ্রাস করে নেওয়ার আস্ফালন, তার পেছনে হত্যা-ধ্বংসের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, হত্যার চিত্রনাট্য ফুটে উঠেছে নাটকের পরতে পরতে।

ধর্ম কিংবা বিপ্লবের নামে এসব মানবঘাতী কর্মকাণ্ড বন্ধ করে মানুষকে ভালোবাসায় বেঁচে থাকার রসদ খুঁজে নেওয়ার আহবান জানানো হয়েছে এই নাটকে।

মলয় ভৌমিক রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন আসলাম অরণ্য।

দ্বিতীয় অনুনাটক ‘দাফন’-এর গল্প আবর্তিত হয়েছে খরায় পোড়া শস্যভূমির এক নিভৃত ক্লান্ত গ্রামে অনাকাঙ্খিত একটি মেয়ের লাশের সংবাদের মাধ্যমে একদল মানুষের ঠুনকো অনুভূতিতে ব্যাকুলতা তৈরি করাকে ঘিরে।

মেয়েটির অস্বাভাবিক মৃত্যুকে গ্রামের অতি স্বাভাবিক এবং দোজখ গমনে শঙ্কিত মানুষের কাছে কৌশলে কিংবা ক্ষমতার আচ্ছাদনে তুলে দেওয়া হয় পাপপূণ্য পরিমাপক যন্ত্রে।

নাটকটি রচনা করেছেন হরিপদ দত্ত এবং এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আইনুল ইসলাম অপু।