শ্রীময়ী শ্রীদেবী
‘সদমা’ ছবির নেহালতা, ‘নাগিনা’র রজনী, ‘লামহে’র পল্লবী ও পূজা, ‘চালবাজে’র আঞ্জু ও মঞ্জু, ‘চাঁদনী’র চাঁদনী, ‘খুদা গাওয়া’র বেনজীর, ‘মি.ইন্ডিয়া’র সীমা সোহনি, ‘লাডলা’র শীতল জেটলি, ‘জুদাই’ এর কাজল— কত রূপেই না দেখা গেছে তাকে।
আজ তার জন্মদিন উপলক্ষ্যে এই বিশেষ আয়োজন।
বলিউডে সুন্দরী অভিনেত্রীর অভাব নেই। আবার মেধাবী অভিনেত্রীও আছেন অনেক। কিন্তু সৌন্দর্য ও মেধার বিরল সমাবেশ যার মধ্যে দেখা গেছে সেই শ্রীদেবী আছেন একজনই।
এই তো সর্বশেষ মুক্তিপাওয়া ‘ইংলিশ ভিংলিশ’এর শশী নামের এক সাদাসিধে গৃহবধূর মানসিক সংগ্রামের ছবি তুলে ধরে তিনি প্রমাণ করেছেন কত বড় মাপের অভিনেত্রী তিনি।
রুপালি পর্দার সঙ্গে তার পরিচয় তো আজকের নয়। সেই চার বছর বয়স থেকে সিনেমায় অভিনয় করছেন। বলতে গেলে বেড়ে উঠেছেন ক্যামেরার সামনেই।
শ্রীদেবী। ছবি রয়টার্স।
মালায়াম ছবি ‘পুমপাত্তা’তে অভিনয় করে সেরা শিশুশিল্পী হিসেবে কেরালার রাজ্যপুরস্কার জয় করেন। ১৯৭৫ সালে সুপারহিট হিন্দি ছবি ‘জুলি’তে নায়িকার ছোটবোনের চরিত্রে অভিনয় করে পরিচালদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
১৯৭৬ সাল থেকেই অবশ্য তামিল ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় শুরু করে দেন শ্রী। তুমুল জনপ্রিয়তাও পান। কমল হাসান ও রজনীকান্তের মতো সেরা নায়কদের সঙ্গে তার জুটি দর্শকপ্রিয়তা পায়।
১৯৮১ সালে তামিল ছবি ‘মিনদাম কোকিলা’তে অভিনয় করে ফিল্মফেয়ার আসরে তামিল ছবির সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করে নেন তিনি। তেলেগু ছবির জন্যও পুরস্কার জয় করেন। ১৯৮২ সালে ‘মুনদ্রাম পিলাই’ ছবিতে স্মৃতি হারানো এক তরুণীর চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার জয় করেন তিনি।
অন্যদিকে ‘সোলভা সাওয়ান’ ছবির মাধ্যমে ১৯৭৯ সালে হিন্দি ছবির নায়িকা হিসেবে অভিষেক ঘটে শ্রীদেবীর। তবে ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘হিম্মতওয়ালা’র মাধ্যমে বলিউডে শ্রীদেবীর জয়যাত্রা শুরু হয়। জিতেন্দ্রর বিপরীতে শ্রীদেবীর অভিনয় এবং বিশেষ করে নাচ ঝড় তোলে দর্শক-হৃদয়ে। এই ছবিতে ‘নয়নে সে স্বপনা’ গানের সঙ্গে শ্রীদেবীর নাচ এখনও স্মরণ করেন পুরানো দিনের হিন্দি ছবির দর্শকরা।
পরের বছর মুক্তি পায় ‘তোহফা’। এ ছবিতেও জিতেন্দ্রর বিপরীতে শ্রীদেবী। ত্রিভুজ প্রেমের ছবিটিতে সহনায়িকা ছিলেন আরেক দক্ষিণী সুন্দরী জয়াপ্রদা। তবে জয়াপ্রদার তুলনায় অনেক বেশি আকর্ষণীয় ছিলেন শ্রীদেবী। ছবিটি ছিল সে বছরের সেরা হিট।
একের পর এক মুক্তি পায় শ্রীদেবী অভিনীত ‘মাওয়ালি’, ‘মাকসুদ’, ‘জাস্টিস চৌধুরি’। প্রতিটি ছবিই বাণিজ্যিকভাবে সাফল্য পায়।
এদিকে ১৯৮৩ সালে মুক্তিপাওয়া ‘সদমা’ ছবিতে অনবদ্য অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান শ্রীদেবী। ছবিটি ছিল ‘মুনদ্রাম পিলাই’ এর হিন্দি রিমেক। স্মৃতি হারানো তরুণী চরিত্রে শ্রীদেবীর অভিনয় এখনও বলিউডের ইতিহাসে স্মরণীয়।
নাগিনা ছবির পোস্টার।
১৯৮৬ সালে মুক্তি পায় ‘নাগিনা’। ছবিটির কাহিনি গড়ে ওঠে এক নাগিনীর প্রেম নিয়ে, যে ইচ্ছা মতো মানুষের রূপ ধারণ করতে পারে। ছবিটিতে নায়ক ছিলেন ঋষি কাপুর। এ ছবিতে শ্রীদেবীর অসামান্য সৌন্দর্য, তার নাচ ও অভিনয় দর্শকদের মন্ত্রমুগ্ধ করে। ছবিটি ছিল ব্লকবাস্টর হিট।
ছবির সিকুয়েল‘ নিগাহে নাগিন’ও বাণিজ্যিক সফলতা পায়।
আশির দশকে হিন্দি ছবির জগতে নারী সুপারস্টার হয়ে ওঠেন শ্রীদেবী। ‘কার্মা’, ‘জাঁবাজ’ এর মতো বহু তারকার ছবিতেও মূল আকর্ষণ হয়ে ওঠেন। এটা অবশ্য তার অতুলনীয় রূপ এবং অভিনয় ক্ষমতার গুণেই হয়। রোমান্স, অ্যাকশন, কমেডি তিন ধরনের অভিনয়েই তিনি ছিলেন সেরা।
‘মি. ইন্ডিয়া’ ছবিতে অনিল কাপুরের বিপরীতে অসাধারণ কমেডি উপহার দেন শ্রীদেবী। জনপ্রিয় হয়ে ওঠে অনিল-শ্রীদেবী জুটি।
‘চালবাজ’ ছবিতে অঞ্জু-মঞ্জু দুই যমজ বোনের চরিত্রে শ্রীদেবী দুর্দান্ত অভিনয় করেন। ছবিটি ছিল ‘সীতা আউর গীতা’ ছবির রিমেক। কিন্তু শ্রীদেবী এখানে মূল ছবিকে অনায়াসে অতিক্রম করে নিজস্ব জ্যোতিতে ভাস্বর হয়ে ওঠেন।
মি. ইন্ডিয়া ছবির পোস্টার।
ইয়াশ চোপড়ার রোমান্টিক ছবিতেও শ্রীদেবী ছিলেন অসামান্য। ‘চাঁদনি’তে শ্রীদেবী হয়ে ওঠেন দর্শকের স্বপ্নের প্রেমিকা। ‘চাঁদনি’তে সাদা সালোয়ার কামিজ এবং হলুদ জর্জেট শাড়িতে পর্দায় ফুটে ওঠে শ্রীদেবীর অপূর্ব সৌন্দর্য।
ইয়াশ চোপড়ার ‘লামহে’ শ্রীদেবীর ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি। এ ছবিতে মা ও মেয়ের ভূমিকায় দ্বৈত চরিত্রে অভিনয় করেন তিনি। পল্লবী ও পূজা দু’রকম নারীর রূপ তুলে ধরে পর্দায়। রাজস্থানের ঐতিহ্যবাহী পোশাকে পল্লবী হয়ে ওঠে লোকজ সৌন্দর্যের প্রতিমা আর পাশ্চাত্যের পোশাকে পূজা যেন উচ্ছল তারুণ্যের প্রতীক।
জিতেন্দ্র, মিঠুন চক্রবর্ত্তী, অনিল কাপুর, ঋষি কাপুর, অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধে শ্রীদেবী উপহার দেন ব্লকবাস্টার সব ছবি। ‘খুদা গাওয়া’তে তরুণী বেনজীরের ভূমিকায় শ্রী হয়ে ওঠেন শক্তিময়ী ও কোমল আফগান নারীর সৌন্দর্যের প্রতীক।
সদমা ছবিতে কমল হাসানের সঙ্গে শ্রীদেবী।
শ্রীদেবী ২০১৩ সালে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত হয়েছেন। অভিনয়ের জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন পাঁচবার। ২০১৫ সালে পেয়েছেন ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড ফ্যাশন অ্যাওয়ার্ড। অন্যান্য অনেক পুরস্কারও জমা করেছেন ঘরে।
বিয়ের পর বেশ ক’বছর রুপালি পর্দা থেকে দূরে ছিলেন তিনি। যদিও টিভিতে দেখা গেছে তাকে। ২০১২ সালে শ্রীদেবী পর্দায় ফিরে আসেন ‘ইংলিশ ভিংলিশ’ ছবি দিয়ে। এ ছবিতে শশী নামে সাধারণ এক ভারতীয় গৃহবধূর আত্মপ্রত্যয় অর্জনের গল্প দেখা যায়।
ইংলিশ ভিংলিশ ছবিতে শ্রীদেবী।
দীর্ঘ ক্যারিয়ারে হিন্দি, তামিল, তেলেগু, মালায়াম ভাষার কয়েকশ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শ্রীদেবী। তার অসাধারণ সৌন্দর্য ও অসামান্য প্রতিভা তাকে বলিউডের সর্বকালের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে।
