যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হয়রানির শিকার শাহরুখ
আরও একবার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হয়রানির শিকার হলেন শাহরুখ খান। ‘নিরাপত্তার কারণে’ লস এঞ্জেলসের একটি বিমানবন্দরে বেশ কিছুক্ষণের জন্য আটকে রাখা হয় ভারতীয় এই তারকা অভিনেতাকে।
শুক্রবার সকালে ঘটনাটি নিয়ে একটি টুইট করেন কিং খান।
তিনি লেখেন, “দুনিয়া এখন যে রকম, তাতে নিরাপত্তা তল্লাশির ব্যাপারটি আমি পুরোপুরিভাবে বুঝি এবং সমর্থন করি। কিন্তু প্রতিবার মর্কিন ইমিগ্রেশনে এভাবে আটকে থাকা খুবই বিরক্তিকর।”
এই টুইটের কিছু পরেই দুঃখ প্রকাশ করে আরেকটি টুইট করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব নিশা বিসওয়াল।
তিনি লেখেন, “বিমানবন্দরে হয়রানির জন্য দুঃখিত, শাহরুখ। আজকাল এমনকি আমেরিকান কূটনৈতিকদেরকেও নিরাপত্তা তল্লাশির জন্য দাঁড় করানো হয়।”
শাহরুখ অবশ্য বিষয়টি হালকাভাবেই নিয়েছেন। জানিয়েছেন, ওই সময়টায় বসে বসে পোকেমন গো খেলছিলেন তিনি।
“ভালো দিকটি হল, অপেক্ষা করার সময়টিতে বসে বসে আমি কিছু দারুণ পোকেমন ধরেছি!”
মার্কিন বিমানবন্দরে হয়রানির শিকার হওয়ার ঘটনা শাহরুখ-এর ক্ষেত্রে এটাই প্রথম নয়।
প্রথমবার শাহরুখকে আটকানো হয়েছিল ২০০৯ সালে নিউ জার্সির নিউয়ার্ক বিমানবন্দরে; সেবার দুই ঘণ্টা জেরার পর ছাড়া পেয়েছিলেন তিনি।
পরে ২০১২ সালে নিউ ইয়র্কেও একবার আটকানো হয়েছিল তাকে; সেবার যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে একটি সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করতে গিয়েছিলেন শাহরুখ।
এব্যাপারে ওই সময় তিনি বলেছিলেন, “আমার পদবী খান বলেই যুক্তরাষ্ট্রে আমাকে হয়রানির শিকার হতে হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি অপমানিত বোধ করেছি, এবং ক্ষুব্ধ হয়েছি।”
