শিল্পকলায় তিন দিনব্যাপী বাউল গানের আসর শুরু
জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের ধারাবাহিকতায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাউলগানের আসর।
বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় ‘ফকির লালন সাঁইজির ভাবশিষ্যদের ভাবগীত ও পরিবেশনা’ শিরোনামে শুরু হয় এই মরমী গানের আসর।
উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও ফকির হৃদয় সাধু।
লিয়াকত আলী লাকী বলেন, “বাউলরা গান করবেন, সেইসঙ্গে জঙ্গিবাদবিরোধী সমাবেশে যোগ দেবেন তারা। সব ধর্মের ঊর্ধ্বে উঠে মানবধর্ম উদ্বুদ্ধ করেন ফকির লালন। সে কারণেই বাউলদের এই জঙ্গিবাদবিরোধী কার্যক্রমে যুক্ত করবার প্রয়াস নেওয়া হয়েছে।”
আলোচনা পর্ব শেষে বাউলরা একের পরে এক গাইলেন লালন ফকিরের গান।
শিল্পকলা একাডেমির এই আয়োজনে প্রথম দিনের আসরে বাউল সংগীত পরিবেশন করেন ফকির নইর সাহ্, ফকির হৃদয় সাহা এবং বাউলগুরু পাগলা বাবলুসহ অনেকে।
বগুড়ার ফকির মতিয়া রহমান গাইলেন, ‘তিন গর্ভে আছে রে এক ছেলে’, ‘তোমার মত দয়াল রাসূল আর পাবো না’।
প্রায় দেড়শ বাউল ফকির এসেছেন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বগুড়া, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই বাউলদের টানে চলে এসেছেন ঢাকাসহ আশেপাশের অঞ্চলের ভক্তরা।
সবার সম্মিলিত গানে, কথায় পুরো এলাকায় মেতে উঠেছে লালন-বন্দনায়, জীবন সাধনায়।
১২ অগাস্ট পরিবেশিত হবে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ ১৩ অগাস্ট পরিবেশিত হবে ‘সত্যবল সুপথে চল ওরে আমার মন’ শীর্ষক বাউল গানের আসর।
