২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কোন নারীর পক্ষেই সম্ভব নয় নির্যাতনকারীর সঙ্গে থাকা’

প্রেমিক ইগর তারাবাসোভ-এর বিরুদ্ধে শারিরীক নির্যাতনের অভিযোগ তুলেছেন অভিনেত্রী লিন্ডসে লোহান। বেশ কিছুদিন ধরেই সম্পর্কের টানা-পোড়েনে ভুগছিলেন এ জুটি। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন এই মার্কিন তারকা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 03:46 PM

Updated : 11 Oct 2022, 08:35 PM

রোববার এক সংবাদ সম্মেলনে তার উপর প্রেমিকের শারিরীক নির্যাতনের কথা জানান লোহান। সে সময় তিনি বলেন, “আমি এখন বুঝতি পারছি শুধুমাত্র ভালোবাসার জন্য কারো সাথে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না। কোনো নারীর পক্ষেই এমন মানুষের সাথে থাকা সম্ভব নয় যে কি না তাকে শারিরীকভাবে আঘাত করবে এবং সে জন্য্ মোটেও অনুতপ্ত হয় না।”

কিছুদিন আগে (জুলাই মাসে) জন সম্মুখে ঝগড়াও করতে দেখা গেছে এ জুটিকে। গ্রিসের মিকনস দ্বীপে কলহের এক পর্যায়ে প্রেমিক ইগরের দামী মোবাইল সেটটি গাড়ি থেকে ছুঁড়ে ফেলতে দেখা যায় লোহানকে। ক্রমেই ঝগড়ার তীব্রতা বাড়তে থাকে এবং এক পর্যায়ে লোহানের হাত মুচড়ে পিঠমোড়া করে রাখতে দেখা যায় তার প্রেমিক ইগরকে। সে সময় ব্যাথায় চিৎকার করছিলেন লোহান।

এর আগেও সম্পর্কের টানাপোড়েন নিয়ে সংবাদের শিরোনাম হয়েছে এ জুটি। ২৩ জুলাই, তাদের লন্ডনের বাসভবনে ঝগড়া এমন পর্যায়ে পৌঁছায় যে সেখানে পুলিশ ডাকতে বাধ্য হয়েছিল প্রতিবেশিরা। লোহান বাড়ির বারান্দায় দাঁড়িয়ে চেঁচিয়ে বলছিলেন, “ও আমার গলা টিপে ধরেছে। আমাকে প্রায় মেরে ফেলেছিলো ও। সবাই জেনে যাবে। বেরিয়ে যাও আমার বাড়িতে থেকে, উন্মাদ কোথাকার!”

যদিও সে ঘটনায় কাউকে প্রেপ্তার করেনি পুলিশ।

প্রেমিককে খুশি করতে হলিউড থেকে বিদায় নেয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন এ অভিনেত্রী। কিছুদিন আগে ঘটা করে নিজেদের বাগদানের খবরও জানিয়েছিলেন সবাইকে।

কিন্তু এতো কিছু করেও ‘মিন গার্লস’ খ্যাত এই তারকা মন রাখতে পারলেন না রুশ ধনকুবেরের। তাই শেষ পর্যন্ত বিচ্ছেদের কথাই ভাবতে বাধ্য হচ্ছেন লি-লো।