২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি সিরিজে মুর-ডি নিরো

রবার্ট ডি নিরো, জুলিয়ান মুর এবং ডেভিড ও’রাসেল, হলিউডের এই তিন ‘হাই প্রোফাইল’ ব্যক্তিত্ব এবার একসঙ্গে আসছেন ছোটপর্দায়। ডেভিড ও’রাসেল-এর  এখন পর্যন্ত নাম ঠিক না হওয়া একটি টিভি সিরিজে অভিনয় করবেন অস্কারজয়ী এই দুই অভিনয়শিল্পী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 03:03 PM

Updated : 12 Apr 2022, 02:38 AM

এরমধ্যেই টিভি সিরিজটিতে কাজ করার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন রবার্ট ডি নিরো এবং জুলিয়ান মুর, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার বরাত দিয়ে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এখন পর্যন্ত তেমন কোন বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সিরিজ সংশ্লিষ্টরা। তবে ধারণা করা হচ্ছে, স্বল্প পরিসরেই নির্মান হতে যাচ্ছে তারকাবহুল এই টিভি সিরিজ। 

সিরিজটির প্রযোজকের খাতায় থাকবেন স্কট ল্যামবার্ট, আলেক্সান্ড্রা মিলশান এবং মেগান এলিসন ।

গত কয়েক বছরে এফএক্স, সিবিএস এবং এবিসি এর জন্য বেশ কয়েকটি টিভি সিরিজ নির্মান করলেও, মুর-ডি নিরো জুটিকে নিয়ে করা এই সিরিজটেই হতে যাচ্ছে ও’রাসেলের টিভি ক্যারিয়ারের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কাজ।

যদিও ও’রাসেল-এর সঙ্গে এটাই ডি নিরো’র প্রথম কাজ নয়। এর আগে তার ‘সিলভার লিভিংস প্লেবুক’ এ পার্শ্বচরিত্রে অভিনয় করে অস্কার মনোনয়ন পেয়েছিলেন ‘রেইজিং বুল’ খ্যাত এই তারকা। ওই সিনেমায় অন্তর্ভুক্তি জেনিফার লরেন্সকে এনে দিয়েছিল সেরা অভিনেত্রীর অস্কার।

টিভিতে অস্কার জয়ীদের অভিনয়ের ঘটনা এবারই প্রথম নয়। সাড়াজাগানো পলিটিকাল থ্রিলার ‘হাউজ অফ কার্ডস’-এ অভিনয় করে এখনও পর্দা মাতাচ্ছেন কেভিন স্পেসি। ম্যাথিউ ম্যাককোনাহে দাপটের সঙ্গে অভিনয় করেছেন ‘ট্রু ডিটেকটিভ’-এ। ডাস্টিন হফম্যানকে দেখা গেছে এইচবিওর ড্রামা সিরিজ ‘লাক’-এ।