জলিকে ছাড়া কাউকে চিনি না : শুভ
চিত্রনায়ক আরিফিন শুভ তার ৬ বছরের ক্যারিয়ারে এ পর্যন্ত অভিনয় করেছেন নয়টি সিনেমায়। প্রতিটি ছবিতেই শুভর বিপরীতে অভিনয় করেছেন ভিন্ন ভিন্ন অভিনেত্রী। সর্বশেষ ‘নিয়তি’ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন জলি। কিন্তু শুভ বললেন, জলিকে ছাড়া আর কোন নায়িকাকেই নাকি তিনি চেনেন না!
জাকির হোসেন রাজু পরিচালিত ‘নিয়তি’ সিনেমাটি সারাদেশে মুক্তি পাচ্ছে শুক্রবার। এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিনেমাটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। সেখানেই সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন শুভ।
আয়োজিত সংবাদ সম্মেলনে আরিফিন শুভের কাছে গ্লিটজের প্রশ্ন ছিলো জলি তার কত নম্বর নায়িকা? এমন প্রশ্ন শুনেই হেসে আরিফিন শুভ বলেন, “জলি আমার প্রথম নায়িকা। আমি শুধু জলিকে চিনি। আর কাউকে চিনি না।”
কিন্তু আসলেই কি তাই? তাহলে তো আরিফিন শুভের নায়িকাদের হিসেবটা একটু কষতেই হয়।
২০১০ সালে খিজির হায়ত খানের ‘জাগো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে অভিষিক্ত হন মডেল ও টেলিভিশন অভিনেতা আরিফিন শুভ। ওই সিনেমায় তিনি বিন্দুর বিপরীতে অভিনয় করেছিলেন।
এরপরের গল্পটা সবার জানা। দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমায় আইরিন সুলতানা, ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’ সিনেমায় মাহিয়া মাহি, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাটা’ সিনেমায় বিদ্যা সিনহা মীম, আশিকুর রহমানের ‘কিস্তিমাত’ সিনেমায় আঁচল, শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় জাকিয়া বারী মম, আশিকুর রহমানের ‘মুসাফির’ সিনেমায় মারজান জেনিফা এবং অনন্য মামুনের ‘অস্তিত্ব’ সিনেমায় নুসরাত ইমরোজ তিশার সিঙ্গে জুটিবেধে অভিনয় করেছেন। এবার তিনি জাকির হোসেন রাজুর ‘নিয়তি’ সিনেমায় জলির সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন।
সহশিল্পী হিসেবে জলি কেমন ছিলেন? উত্তরে গ্লিটজকে আরিফিন শুভ বলেন, “ একটা জিনিস আমি বিশ্বাস করি একজন শিল্পীর জন্য চেষ্টা, সততা খুবই গুরুত্বর্পূণ। জলির ভেতরে সেটা ছিলো। সেকারনেই জলির সঙ্গে কাজ করে আমার সবচেয়ে ভালো লেগেছে।”
জলির প্রশংসায় পঞ্চমুখ শুভ আরও বলেন, “জলি প্রতিনিয়ত পরিচালকের সঙ্গে আলোচনা করে পরিচালক যেভাবে বলেছেন, সেভাবেই তিনি (জলি) কাজ করার চেষ্টা করেছেন। এটা খুবই গুরুত্বর্পূণ।”
সিনেমার মুক্তির আগেই ‘নিয়তি’ সিনেমার ‘ঢাকাই শাড়ি’ ও ‘অনেক সাধনার পর’ গান দুটি দর্শদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গানগুলোতে এই জুটির রসায়নও আলোচনার জন্ম দিয়েছে। সংবাদ সম্মেলনের মঞ্চে প্রথম গানটির সঙ্গে নাচলেন নায়ক-নায়িকা দুজনই। এছাড়াও ‘তোকে ছাড়া বাঁচি কী করে’ নামের আরেকটি গানটি গেয়ে শোনালেন শুভ।
আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। কলকাতায় সিনেমাটি মুক্তি পেয়েছে আগেই। এবার ঢাকার দর্শকদের দেখার পালা জলি-শুভর রসায়ন।
