মাস্টারশেফ অস্ট্রেলিয়ার শিরোপা জিতলেন এলিনা
জনপ্রিয় রান্না বিষয়ক রিয়ালিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ার অষ্টম সিজনের বিজয়ী হয়েছেন এলিনা ডুগ্যান। এর মাধ্যমে পুরস্কার হিসেবে আড়াই লাখ মার্কিন ডলার জিতে নিলেন তিনি।
কুইন্সল্যান্ড থেকে আসা ২৭ বছর বয়সী কফি রোস্টার ম্যাট সিনক্লেয়ারকে হারিয়ে এই বছরের মাস্টারশেফ অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হলেন ৩২ বছর বয়সী নিউ সাউথ ওয়েলস-এর বাসিন্দা এলিনা ডুগ্যান, যিনি পেশায় একজন শিক্ষিকা।
গ্র্যান্ড ফিনালের প্রথম দুই রাউন্ডের ফলাফলে এলিনার চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে ছিলেন ম্যাট। যার কারণে সবশেষে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ফলাফল নির্ধারণকারী হয়ে উঠেছিল হেস্টন ব্লুমেন্থাল-এর ৯১ ধাপের ডেজার্ট ‘ভারজ্যু ইন এগ’।
শুরুতেই ভূট্টা, চুরিজো সালসা এবং পেড্রো হিমিনেজ গ্লেজ এর সঙ্গে কোয়েলের একটি পদ রান্না করে ৩০ এর মধ্যে ২৬ পয়েন্ট পেয়ে যান ম্যাট, যেখানে এলিনার দুই ভাবে রান্না করা ম্যারুন (লবস্টার জাতীয় এক ধরণের সামুদ্রিক মাছ) শুধুমাত্র ড্রেসিং এর কারণে ২৩ পয়েন্ট পেয়ে পিছিয়ে যায়।
কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসে ম্যাকাডামিয়ান বাদাম, রসুন, পেঁয়াজ, শালগম আর সবজি দিয়ে ভেড়ার মাংস রান্না করে প্রতিযোগিতায় শক্তভাবে ফিরে আসেন এলিনা। ওদিকে, ব্রাসেলস স্প্রাউট, প্যানশেট্টা দিয়ে ম্যাট ব্যারামান্ডি নামের একধরনের সামুদ্রিক মাছ রান্না করলেও সঙ্গে পরিবেশন করা সসে চিংড়ির মাথা যোগ করার কারণে মাছের আসল ঘ্রান পাওয়া যাবেনা বলে আশঙ্কা করছিলেন ‘মাস্টারশেফ’-এর বিচারক গ্যারি মেহিগান।
যদিও এ পর্যায়ে শেষ পর্যন্ত গ্যারি নিরাশ করেননি কাউকেই। দুই প্রতিদ্বন্দ্বিকেই ৩০ এ ৩০ দেন তিন বিচারক।
‘এগ ইয়ক’ এর জন্য জেলি বানানোর সময় একটু আগে আগেই একটি প্রয়োজনীয় উপকরন মিশিয়ে ফেলেন এলেনা, কিন্তু বিধি বাম! শো’তে অতিরিক্ত উপকরন যোগানের নিয়ম না থাকায় প্রয়োজনের তুলনায় প্রায় অর্ধেক পরিমাণ উপকরন নিয়েই আবারো সবকিছু নতুন করে শুরু করতে হয় তাঁকে।
কিন্তুএদিকে তার তৈরি করা পান্নাকোটায় গরবরের কারণে ম্যাটের অবস্থাও খুব একটা সুবিধার ছিলনা। যার কারণে মহামূল্যবান একটি ঘন্টা নষ্ট হয় ম্যাট-এর। আর এখানেই তিনি পেছনে পড়ে যান এলিনার।
এই অবস্থা থেকে ম্যাট কে উদ্ধার করার জন্য এগিয়ে আসেন এলিনাই। নিজের ডেজার্ট এর পরিবেশনের কাজ শেষ না করেই ম্যাটকে সহযোগীতার হাত বাড়িয়ে দেন তিনি। এই মূহুর্তটিতকেই নিজের ‘ঘুরে দাঁড়ানোর মূহুর্ত’ বলে অভিহিত করন এলিনা।
শো এর শেষে এলিনা বলেন, “আমি চেয়েছি যাতে আমরা দুইজনই কাজটা শেষ করতে পারি। সেই শুরু থেকে পুরোটা সময় জুড়েই আমরা একে অপরের অনেক ভালো বন্ধু ছিলাম এবং শেষ মূহুর্তে এসে আমি ওর হাসি দেখতে চেয়েছিলাম। ওর জায়গায় আমি হলে, ম্যাটও এমনটাই করতো।”
‘পাখির বাসার উপর বসানো ডিম’ এটাই ছিলো ‘মাস্টার শেফ’-এ এলিনার শেষ রান্না এবং তিনি তার সুনিপুণভাবেই তা শেষ করেন। তিন বিচারক, গ্যারি মেহিগান, জর্জ কালাম্বারিস ও ম্যাট প্রেস্টনের প্রত্যেকেই এই পর্বে এলিনাকে দেন ১০ এ ৮। হেস্টন এবং তার ‘এক্সিকিউটিভ শেফ’ অ্যাশলে পালমার-ওয়াটস দেন ৯। সব মিলিয়ে ৮৬ পয়েন্ট নিয়ে ‘মাস্টার শেফ’ এর এই কিস্তির ‘ফেবারিট’ ম্যাটকে শেষ পর্যন্ত দুই পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন এলিনা। যদিও প্রতিযোগিতার শুরুতে এলিনাকে কারও চোখেই পড়েনি।
এলিনার পরবর্তী পরিকল্পনা সাউথ অস্ট্রেলিয়ায় গতবারের বিজয়ী ম্যাগি বিয়ারের ‘ফার্ম শপ’ এর মতো করে নিজের একটি ‘ফার্ম ক্যাফে’ করার। তবে তার আগে আরও সমৃদ্ধ করতে চান নিজের অভিজ্ঞতা।
খালি হাতে ফেরেননি ম্যাটও। নিজের স্বপ্নের ‘ফুড কার্ট’ বানানোর জন্য পেয়েছেন ৪০ হাজার ডলার। সেমি-ফাইনাল থেকে বাদ পড়া হ্যারি ফস্টার ও জিতেছেন ১০ হাজার ডলার।
নিজে বিজয়ী হলেও প্রতিদ্বন্দ্বী ম্যাট-এর ব্যাপারে ভূয়সী প্রশংসা ঝড়লো এলিনার কণ্ঠে। তিনি বলেন, “আমি জানতাম যে ম্যাট শেষ পর্যন্ত থাকবে। ওকে নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ ছিলোনা। ওর শক্তি, সামর্থ্য আর খাবার নিয়ে ওর জ্ঞান- প্রথম থেকেই এসবের কারণে ও ছিলো অপরাজেয়। কিন্তু প্রতিযোগিতার কথা বলতে গেলে আমি আমার নিজের ওপরই বেশি আলোকপাত করেছিলাম। নিজের দক্ষতা, টেকনিক আর জ্ঞান বাড়ানোর চেষ্টা ছিলো সবসময়।”
২০০৯ সাল থেকে শুরু হওয়া ‘মাস্টার শেফ অস্ট্রেলিয়া’র ৮ম আসর বসেছিল এবার। প্রতিযোগিতার প্রথমবারের চ্যাম্পিয়ন হয়েছিলেন ৩৮ বছর বয়সী অফিস ম্যানেজার জুলি গুডউইন।
