নিরাপত্তাজনিত কারণে পেছালো 'রকনেশন'
জাতীয় নিরাপত্তার স্বার্থে আপাতত স্থগিত করা হয়েছে লাইভস্কয়ারের আয়োজনে 'রকনেশন সেভেনঃ সামারস্টোর্ম'। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির গুলনকশা হলে ২৩ জুলাই কনসার্টটি হবার কথা থাকলেও তা এখন পিছিয়ে গিয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য।
ফেইসবুক পেইজে কনসার্টটি স্থগিত হবার খবর বিস্তারিত জানায় লাইভ স্কয়ারের 'রকনেশন' কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে গুলশান হলি আর্টিজান ক্যাফে জঙ্গী হামলা এবং ঈদের দিন শোলাকিয়ায় বোমা হামলা সংক্রান্ত নাশকতাই কনসার্টটি আপাতত স্থগিত করার কারণ বলে জানিয়েছে তারা।
ফেইসবুক পোস্টে লাইভস্কয়ার কর্তৃপক্ষ জানায়, জাতীয় নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় নিরাপত্তা বিভাগ, ভক্ত এবং ব্যান্ড তারকাদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
কয়েক সপ্তাহ পর দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে নতুন সময় ও তারিখ জানানো হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান লাইভস্কয়ার কর্তৃপক্ষ।
এবিষয়ে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, "আমরা কনসার্ট আয়োজনে কোনধরণের প্রতিকূল অবস্থা তৈরি হোক, তা চাচ্ছিনা। আমরা চাচ্ছি সবার জন্য দারুণ একটি কনসার্ট আয়োজন করতে। তাই দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হোক, আশা করি আমরা কয়েক সপ্তাহ পরেই নতুন তারিখ জানিয়ে দিবো।"
"ব্যান্ড লাইন আপ সবই আগের মতই থাকছে, শুধু সময়ের পরিবর্তন হচ্ছে", বড় কোন পরিবর্তন আসছে কিনা সে প্রশ্নের উত্তরে জানান তিনি।
টিকেটের মূল্যও থাকছে আগের মতই। পূর্বে ঘোষিত আউটলেটগুলোতে এখনও পাওয়া যাচ্ছে টিকেট, যেখান থেকে ভক্তরা টিকেট কিনে পরবর্তীতে ঘোষণা দেওয়া তারিখে তারা কনসার্টটি উপভোগ করতে পারবে।
রকনেশনের সপ্তম আসরে পারফর্ম করবে শীর্ষস্থানীয় রক ও মেটাল ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন, ভাইকিংস, শিরোনামহীন, ক্রিপ্টিক ফেট, নেমেসিস, আর্বোভাইরাস, অ্যাভয়েডরাফা, ইন্দালো, পাওয়ারসার্জ ও মিনার্ভা।
