২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জিরো’ থেকে ‘হিরো’ যারা

রূপালি জগতে দাপুটে অবস্থানের কারণে, বিত্ত, বৈভব, খ্যাতি- কোনোটিরই আজ কমতি নেই তাদের জীবনে; কিন্তু একটা সময় ছিল, যখন জীবিকার তাগিদে রাস্তায় রাস্তায় দিন কাটাতে হয়েছে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, আকশায় কুমাদের মতো তারকাদের।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2016, 06:18 PM

Updated : 11 Oct 2022, 08:29 PM

প্রথম সারির হিন্দি সিনেতারকাদের দারিদ্রের অতীত নিয়েই এবারের আয়োজন

১. শাহরুখ খান

আলোকচিত্রীদের তীব্র ফ্ল্যাশের ঝলক, সাংবাদিকদের হুলূস্থুল আর সমগ্র ভারতের আকর্ষণের মধ্যমণি- সবকিছুর যোগ্য হবার নিজের ব্যাক্তিত্বকে পাহাড়সমান উচ্চতায় নিয়ে গেছেন বলিউড 'কিং' শাহরুখ খান। বলিউডে জায়গা করে নিতে তাকে সমসাময়িকদের ভিড় ঠেলে নামতে হয়েছিলতুমুল প্রতিযোগিতায়। অভিনয়টাই যে তার শেষ সম্বল, বুঝেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ। দিল্লিতে পড়বার সময় এতটাই দুর্দশাময় সময় গিয়েছিল তার, টিকেট কাউন্টারে দাঁড়িয়ে ক্যানভাসারদের মত 'কাভি হা কাভি না' সিনেমার টিকেট বিক্রি করেছিলেন তিনি।

রেস্তোরাঁ ব্যাবসার দিকে হঠাত ঝোঁক পড়ে গিয়েছিল তার। যা সম্বল ছিল, তাই দিয়ে আঁটঘাট বেঁধে নেমেছিলেন। সে ব্যাবসাও মার খেয়ে গেছিলো। তখনই হাল ছেড়ে দিলে আজকের বলিউড অবিসংবাদিত এই 'কিং' কে বরণই করতে পারতোনা।

২. আকশায় কুমার

হাড়ভাঙ্গা খাঁটুনির পর কেউ যদি বলিউডের তারা ঝলমলে জগতে পা রেখে থাকেন, তবে তিনি নিঃসন্দেহে অ্যাকশন গুরু আকশায় কুমার। অমৃতসরের চাদনি চকে জন্ম নেওয়া রাজিব হারি ওম ভাটিয়া নতার পরিবার নিয়ে থাকতেন জেলেদের কলোনিতে মাত্র ১০০ বর্গফুটের এক ভাড়াবাসায়। মার্শাল আর্টের প্রতি এক অন্ধ ভালোবাসা তাকে নিয়ে যায় ব্যাঙ্ককে, সেখানে দক্ষ একজন মার্শাল আর্টিস্ট হবার পর হাত পাকাতে শুরু করেন একজন দুর্দান্ত শেফ হিসেবে।

কিন্তু প্রবাস জীবনের টানাপোড়েন সবসময়ই তাড়া করে বেড়াতো তাকে। এমনকি, ছয়মাসের জন্য কাজ করতে এসেছিলেন বাংলাদেশের রাজধানী ঢাকাতেও! জীবনচক্রের অদ্ভুত ঘেরাটোপে পাকঘরের পাট চুকিয়ে নাম লেখান মডেলিং এ। আর সেখান থেকেই টিকেট মিললো মুম্বাই সিনেপাড়ার। রাজিব ভাটিয়া থেকে আকশায় কুমার বনে যাওয়া এই তারকা এখন বলিউডের সর্বোচ্চ আয়কারী তারকাদের মধ্যে অন্যতম।

৩. রাজনিকান্ত

দক্ষিণী সিনেমার ঈশ্বর বলে রীতিমত পুজো দেওয়া হয় কিংবদন্তী অভিনেতা রাজনিকান্তের নামে। দরিদ্রতা মাথায় নিয়ে বড় হওয়া রাজনিকান্ত মাকে হারান মাত্র নয় বছর বয়সেই। টানাপোড়েনের সংসারে স্থিরতা কখনইআসেনি রাজনিকান্তের দারোগা বাবার সামান্য কিছু আয় দিয়ে। স্কুল জীবন ভালোভাবে শেষ করলেও পেটের তাগিদে তাকে নেমে পড়তে হয় জীবিকার সন্ধানে।

রাস্তায় রাস্তায় ঘুরে ভারী বোঝা বয়ে কুলির কাজ করেছেন অনেকদিন। নয় বছর ধরে ব্যাঙ্গালোর ট্রান্সপোর্ট সার্ভিসের তালিকাভূক্ত কন্ডাক্টর হিসেবে কাজ করেছেন বিভিন্ন বাসে। যাত্রীদের ভাড়া আর টিকেট কাটারএকঘেয়ে কাজের ফাঁকে ঠিকই লালন করেছিলেন অভিনয়ের স্বপ্নটা। তাই মাদ্রাজ ফিল্ম ইন্সটিটিউটে অভিনয় শুরু করার পর তাকে আর বোঝা নিয়ে কিংবা যাত্রীদের ভাড়া নিয়ে দরদাম করে কাটাতে হয়নি।

৪. বোমান ইরানি

বলিউডে বাঁধা কিছু চরিত্র রয়েছে, যা নির্দিষ্ট দু'একজন অভিনেতা ছাড়া পূর্ণতা দেওয়া সম্ভব নয়। কথার মারপ্যাঁচে হাসির খোরাক জোগানো কিংবা নির্বোধ খলচরিত্রের অভিনয়- এই ধরণের চরিত্রে দারুণ পারদর্শী অভিনেতা বোমান ইরানি। তবে, বলিউডে নিজের জায়গা তৈরি করতে তাকেঅপেক্ষা করতে হয়েছে ৪৪ বছর বয়স পর্যন্ত! এর পেছনে বড় এক কারণ ছিল- দারিদ্র।

বোমান ইরানি এখন প্রসিদ্ধ এক কমেডিয়ান হলেও তার পরিচয় আগে সীমাবদ্ধ ছিল হোটেলের ওয়েটার হিসেবেই। মুম্বাই তাজ হোটেলে অতিথিদের খাবার হিসেবে ইরানি কাজ করেছেন বহু বছর। এক পর্যায়ে পারিবারিক বেকারি ব্যাবসার হাল ধরেছিলেন মাকে সঙ্গ দিয়ে। ভাগ্যচক্রে কিভাবেযেন পরিচয় হয়ে গিয়েছিল রাজকুমার হিরানির সঙ্গে, আর সেবারই মিললো 'মুন্নাভাই এম.বি.বি.এস' সিনেমায় অভিনয়ের সুযোগ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ইরানিকে।

৫. নাওয়াজ উদ্দিন সিদ্দিকি

স্বপ্ন খুব বেশি বড় কিছু দেখতেননা, শুধু ভেবে রেখেছিলেন আজীবন প্রচুর সিনেমা দেখে যাবেন। কে জানতো, একদিন নিজে দর্শকের সারিতে না থেকে হয়ে যাবেন রূপালি জগতের এক বিখ্যাত নাম!

গরীব পরিবারে জন্ম নেওয়া নাওয়াজ উদ্দিন সিদ্দিকির জন্য সুপারস্টার হবার স্বপ্ন ছিল আকাশ-কুসুম কল্পনা। অর্থ উপার্জনের জন্য হরেক পন্থা অবলম্বন করতে হয়েছে তাকে। একসময় অভাব অনটনে থাকা নাওয়াজ উদ্দিন কাজ করেছেন নিরাপত্তা রক্ষী হিসেবে, সেখান থেকে ইস্তফা দিয়েতিনি বেছে নেন ঘড়ি বিক্রেতার পেশা। শেষ মেষ বারোদায় এসে মিলে রসায়নবিদ হিসেবে কাজ করবার সুযোগ।

এরপর একদিন নতুন চাকরির খোঁজে দিল্লি পাড়ি জমান তিনি। সেখানেই মঞ্চ নাটকের প্রেমে পড়ে অভিনয় শেখার তাগিদে ভর্তি হয়ে যান ন্যাশনাল স্কুল অফ ড্রামায়। সেখান থেকে পাস করে অনেকদিন পর‌্যন্ত বড় বড় সিনেমায় ছোট খাটো চরিত্রেই অভিনয় করছিলেন তিনি। তবে ছাইয়ের নীচে আগুন যে বেশিদিন চাপা পড়ে থাকে না, তার প্রমাণ হিসেবেই আমির খান প্রযোজিত ‘পিপলি লাইভ’ সিনেমায় অভিনয়ের ডাক পান। সেখান থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে, অর্জন করেছেন ভারতের জাতীয় পুরস্কারও।

৬. আমিতাভ বাচ্চান

সত্তর এবং আশির দশকে বলিউডের 'শাহেনশাহ' অমিতাভ বচ্চন এখন পুরো ভারতের এক নমস্য কিংবদন্তী। বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেনের বিখ্যাত 'ভুবন সোম' সিনেমায় কাজ করার আগে শিক্ষাজীবনের পাটটাও চুকিয়েছিলেন দুটো মাস্টার্স ডিগ্রি নিয়ে!

উচ্চতর শিক্ষা, আত্মবিশ্বাস ভরা যুবক আমিতাভ এলাহাবাদ থেকে মুম্বাই আসার পর বদলে যায় তার পরিস্থিতি। দুর্দশাময় পরিবেশ আর বেকারদের আনাগোনায় ধুঁকতে থাকা মুম্বাই এর অর্থনৈতিক অবস্থা তখন বেশ করুণ। নিজের চারপাশটাই সে আমলে অসহায় বানিয়ে দিয়েছিলো 'বিগবি'কে। বাড়ি ভাড়া দেবার টাকা না থাকায় মুম্বাই সমুদ্র সৈকত মেরিন ড্রাইভের এক বেঞ্চে রাতযাপন করতে হয়েছে তাকে।

তবে নিজের ভাগ্য বদলাতে সময় নেননি। এখনও মুম্বাই শহরের রাস্তা পেরিয়ে যাবার সময় সমুদ্র সৈকতের পাশে একমূহুর্তের জন্য থেমে যান তিনি। হাতে আঙ্গুল দিয়ে নিজের থাকার জায়গাটা দেখিয়ে ফিরে যান নিজের অতীতে।

৭. রাখি সাওয়ান্ত

জাঁক জৌলুসময় আকর্ষণ আর গানের তালে কোমর দুলিয়ে নজর কাড়া আইটেম গার্ল রাখি সাওয়ান্ত হয়ে উঠেছেন বলিউডের বিনোদন মঞ্চের অন্যতম কেন্দ্রবিন্দু। সিনেমা কিংবা কমার্শিয়াল- যৌন আবেদনময়ী রাখিবলিউডে তৈরি করেছেন নিজের স্থান। আইটেম গার্ল রাখির চলার পথটা কিন্তু বেশ করুণ।

মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা রাখির ছোটবেলা ছিল বেশ চ্যালেঞ্জিং। নিজের খরচ চালাবার জন্য কাজ নিয়েছিলেন সাশ্রয়ী এক হোটেলের কর্মী হিসেবে। মাত্র দশ বছর বয়স থেকে খাবার পরিবেশন করে নিজের উপার্জনের রাস্তা বের করেছিলেন নিজেই। সেখান থেকেই নিজের মনোযোগ ঝুঁকেযায় নাচের দিকে। ছোট খাটো চরিত্র দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করার পর 'বিগ বস' রিয়ালিটি শোই তার জন্য বাজিমাত হয়ে দাঁড়ায়।

৮. মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী, কিংবা শুধু মিঠুনদা- যার অভিনয় গুণ ছাড়াও ছিল দর্শকদের নাচিয়ে নেওয়ার ক্ষমতা। ডিস্কো গানের সঙ্গে কোমর দোলাবার কৌশল  'মিঠুনদা'র চাইতে ভালো কেইবা জানতো আশির দশকে! এমনকি ভারত ছাড়াও রাশিয়াতে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন 'ডিস্কো ড্যান্সার'মিঠুন।

তবে, কলকাতার টালিগঞ্জে সিনেমা ক্যারিয়ার শুরু করা মিঠুন সন্তুষ্ট ছিলেননা নিজের চরিত্রগুলো নিয়ে। নিজের অভিনয় প্রতিভার ছাপ রাখতে তাই পাড়ি জমিয়েছিলেন মুম্বাই সিনেপাড়ায়। কপর্দকহীন অবস্থায় দিগ্বিদিক ঘুরে বেড়াতে হয়েছিল অনেকদিন। এমনকি রাতে ঘুমানোর জন্য বাধ্য হয়েছিলেন ফুটপাথে পড়ে থাকা পাথরে মাথা রেখে শুতে।

৯. রাকেশ ওমপ্রাকাশ মেহরা

সাধারণত সিনেমা নির্মাতারা তাদের 'নির্মাতা' হবার স্বপ্ন সত্যি করবার জন্য কি করে থাকেন? ফিল্ম স্কুলে পড়াশোনা করেন, বাস্তব জীবনের দৈনন্দিন ঘটনাবলীকে ফিল্মি ভাষায় রূপান্তর করতে শেখেন। তবে 'রাং দে ভাসান্তি' কিংবা 'ভাগ মিলখা ভাগ' নির্মাতা রাকেশ ওমপ্রাকাশ মেহরাএরকম কোন কিছুই পাননি। পড়ালেখা ঠিক ভাবেই শেষ করেছিলেন, তবে সিনেমা সংক্রান্ত কারিগরি কুশলী হবার শিক্ষাটা পেয়েছিলেন নিজের চারপাশটা দেখে।

প্রথমে শুরু করেছিলেন ছোট একটি দোকানে চা বিক্রেতা হিসেবে। এরকম দুর্দশায় বেশিদিন কাটাতে হয়নি যদিও, ইউরেকা ফোর্বস প্রতিষ্ঠান তাকে চাকুরি দেয় একজন সেলসম্যান হিসেবে। ডাকসাইটে এই পরিচালক তাই একসময় বিক্রি করেছেন ভ্যাকুয়াম ক্লিনার সামগ্রী। তবে, বেশকয়েকবছর পরই তিনি টেলিভিশনের জন্য বিজ্ঞাপন বানাতে শুরু করেন, যার মাধ্যমে সিনেমার রাস্তাটা খুঁজে পেতে আর বেগ পেতে হয়নি তাকে।

১০. মাধুরি দিকশিত

মোহনীয় সুন্দরী মাধুরির নাম এই তালিকায় থাকাটা অবাক হবার মতই। বলিউডের হার্টথ্রব নায়িকা আর দর্শকদের মধ্যমণি মাধুরির ক্যারিয়ারের শুরুটা ছিল সংগ্রামের। তাই বলিউড পাড়ায় নিজের জাত চেনাতে তাকে পোড়াতে হয়েছে অজস্র কাঠ খড়।

আশির দশকে অভিনয় শুরু করেছিলেন 'আবোধ' সিনেমায় অভিনয়ের মাধ্যমে। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সিনেমাটি। নতুন মুখ মাধুরি প্রথম সিনেমাতে ব্রাত্য হয়ে যাওয়ায় তার ক্যারিয়ারই পড়ে যায় শঙ্কার মুখে। দীর্ঘসময় হতাশার মাঝে কাটিয়েছেন, কেননা অডিশনেমাধুরিকে নায়িকা হবার অযোগ্য বলে মনে করে রীতিমত অপমানই করেছেন সেসময়ের নির্মাতারা। নাচ আর অভিনয়ের জন্য তীব্র নেশা নিয়ে মাধুরি বিষণ্নতার ভেতর থেকে চেষ্টা চালিয়েছেন আরও চার বছর! ১৯৮৮ সালে 'তেজাব' সিনেমাটি মুক্তির পর আর কোন কষ্ট ছোঁয়নি মাধুরিকে।