১১ রুপি ঈদী পেতেন শাহরুখ!
এই মুহুর্তে বিশ্বের শীর্ষ ধনী অভিনেতাদের একজন তিনি; কিন্তু ছোটবেলায় আর দশটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতোই ছিল শাহরুখ খান-এর জীবন। সেইসময়ে দাদীর কাছ থেকে পাওয়া ১১ রুপির ঈদীই ছিল ঈদের সেরা উপহার, এমনটাই জানালেন তিনি।
ঈদ উপলক্ষে মুম্বাইয়ে নিজের বাড়ি ‘মান্নাত’-এ সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শাহরুখ। পরিবারের সঙ্গে ঈদ পালন এবং নিজেদের বাচ্চাদের ব্যাপারেও কথা বলেন তিনি। তার দুই ছেলে আরিয়ান এবং আব্রাম, আর মেয়ে সুহানার পক্ষ থেকেও সবাইকে ঈদ মুবারক জানান কিং খান।
“আমরা নিজেদেরকে খুব একটা বিশেষ উপহার দিই না। শুধু নতুন সাদা কাপড় পরি। আমার পরিবারের ছেলেদের মনে হয় সাদা কুর্তা-পায়জামাতে সমস্যা আছে! তাদেরকে একরকম জোর করেই এগুলো পড়াই আমরা।”
ঈদ নিয়ে কথা বলার একপর্যায়ে নিজের ছোটবেলায় ফিরে যান শাহরুখ।
সেইসময়ের কথা মনে করে তিনি বলেন, “আমার মনে পড়ে, এগারো রুপি ঈদি পেতাম সবসময়। আমার দাদী এটা দিতেন আমাকে। কখনো খামে ভরে, কখনো কাপড়ে মুড়ে। এই ব্যাপারগুলো আমার খুব একটা মনে নেই, কারন বাবা-মাকে খুব ছোটবেলায় হারিয়েছি আমি। বন্ধুদের বাড়িতে ঘুরতে যেতাম দলবেঁধে, তারাও আমাদের বাসায় আসতো। আত্মীয়স্বজনরাও আসতো এই দিনে।”
ঈদে মুক্তি পাওয়া সালমান খানের ‘সুলতান’ নিয়ে কথা বলেন শাহরুখ।
“আমি শুনেছি সিনেমাটি দারুণ। এখনো দেখা হয়ে ওঠেনি, কিন্তু সময় পেলেই দেখে ফেলবো।”
প্রতি বছর ঈদের দিনে ‘মান্নাতের’ সামনে হাজারো ভক্ত জড়ো হয় তাকে একনজর দেখার জন্য। তিনিও বরাবরের মতো সাদা কুর্তা-পায়জামাতে নিজের ব্যালকনিতে হাজির হয়ে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। হাত নেড়ে, সালাম দিয়ে তাদের ঈদকে করে তোলেন আনন্দময়। এবারের ঈদে ছোট ছেলে আব্রামকে কোলে নিয়ে ভক্তদের মুখোমুখি হন তিনি।
সাংবাদিকদের জন্যও থাকে বিশেষ ব্যবস্থা। ফিরনি, বিরিয়ানি এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন থাকে খাদ্যতালিকায়। এছাড়া এই দিনে বলিউডের তারকাদের ভিড় দেখা যায় তাঁর বাড়িতে।
এবারের ঈদে দর্শকদের জন্য নতুন কোন সিনেমা নিয়ে হাজির হননি কিং খান। তবে ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করে ঠিকই জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।
২০১৭ সালে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাইস’। এখানে শাহরুখকে দেখা যাবে আশির দশকের একজন মদের ব্যবসায়ীর ভূমিকায়।
