২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেয়েই 'ফাইন্ডিং ডোরি'র রেকর্ড

মুক্তি পেয়েই বক্স অফিসে ঝড় তুলেছে ডিজনি পিক্সারের নতুন সিনেমা 'ফাইন্ডিং ডোরি'। প্রথম সপ্তাহেই ‘ফাইন্ডিং নিমো’র এই সিকুয়েল আয় করে নিয়েছে সাড়ে ১৩ মার্কিন ডলারের বেশি। হলিউডের ইতিহাসে এটাই এখন প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 05:08 PM

Updated : 12 Apr 2022, 02:18 AM

রয়টার্স বলছে, ২০০৩ সালের সাড়া জাগানো সিনেমা 'ফাইন্ডিং নিমো'র এই সিকুয়ালটি উদ্বোধনী সপ্তাহেই আয় করে নিয়েছে ১৩ কোটি ৬২ লক্ষ মার্কিন ডলার। দর্শক এবং সমালোচক- দুই মহল থেকেই ভূয়সী প্রশংসা পেয়েছে ব্লু ট্যাং ফিশ ডোরিকে কেন্দ্র করে গড়ে ওঠা গল্পের সিনেমাটি। 

পিক্সারের জন্য ২০১৫ সালটি খুব একটা ভালো কাটেনি। একমাত্র মুক্তি পাওয়া সিনেমা 'দ্য গুড ডাইনোসর' সুবিধা করতে পারেনি বক্স অফিসে। তবে, 'ফাইন্ডিং ডোরি'র আয়ের রেখা এখন 'ফাইন্ডিং নিমো' কিংবা 'দ্য ইনক্রেডিবলস'-এর মত ব্লকবাস্টার হওয়ার পথেই।

‘ফাইন্ডিং ডোরি’র আগে উদ্বোধনী সপ্তাহে সর্বোচ্চ আয়ের রেকর্ডটি ছিল ডিজনিরই আরেক সিনেমা 'শ্রেক দ্য থার্ড'-এর কব্জায়। ২০০৭ সালের এই সিনেমা প্রথম সপ্তাহে আয় করে নিয়েছিল ১২ কোটি ১৬ লাখ মার্কিন ডলার।

এদিকে, যুক্তরাষ্ট্রের বক্স অফিসে পুরো বছরটাই যেন হয়ে উঠেছে 'ডিজনি'ময়। বছরে হিটের তকমা লাগা বেশির ভাগ সিনেমায় মুক্তি পেয়েছে ডিজনির ব্যানারে। 'জুটোপিয়া', 'দ্য জাঙ্গল বুক' এবং 'ক্যাপ্টেন আমেরিকাঃ সিভিল ওয়ার'- এবছর তুলে এনেছে বক্স অফিসে সবচেয়ে বেশি অর্থ।

এবার সেই তালিকায় যুক্ত হল ‘ফাইন্ডিং ডোরি’ও। পরিবার সমেত সিনেমাটি দেখতে আসছেন ৬৫ শতাংশ দর্শক, যাদের মধ্যে আবার ২৬ শতাংশই হলেন প্রাপ্ত বয়স্ক।
 

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে কণ্ঠদান করে দারুণ প্রসংশিত হয়েছেন এলেন ডিজেনারেস। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্ড্রু স্ট্যান্টন।

বক্স অফিসে এখন অবশ্য চলছে খরার সময়। বড় ব্যানারের সিনেমাগুলোর আয় নেই সুবিধাজনক অবস্থায়। 'এক্স মেনঃ অ্যাপোক্যালিপস', 'অ্যালিস থ্রু দ্য ল্যুকিং গ্লাস' নেমে গেছে বক্স অফিস তালিকা থেকে। ‘ফাইন্ডিং ডোরি’র পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ডোয়েইন জনসন এবং কেভিন হার্ট অভিনীত অ্যাকশন কমেডি 'সেন্ট্রাল ইন্টেলিজেন্স'। প্রায় সাড়ে তিন হাজার প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি আয় করে নিয়েছে ৩ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার।

দর্শক গ্রহণযোগ্যতা এক সপ্তাহে কিছুটা হলেও খুঁইয়েছে সাড়া জাগানো হরর সিনেমা 'দ্য কনজুরিং' এর সিকুয়াল। দুসপ্তাহে ৭ কোটি ১২ লাখ মার্কিন ডলারের আয় নিয়ে সিনেমাটি আছে তৃতীয় স্থানে।

ব্যর্থ হয়েছে আরেকটি প্রত্যাশিত বড় সিনেমা 'নাও ইউ সি মি টু'। রহস্য থ্রিলার ঘরানার সিনেমাটি মুক্তির সপ্তাহে আয় করেছে মাত্র ৯৭ লাখ মার্কিন ডলার।

চীনে অপ্রত্যাশিত ২০ কোটি মার্কিন ডলার আয়ের সাফল্য না মিললে ঘোর বিপদে পড়তো জনপ্রিয় গেইম থেকে নির্মিত সিনেমা 'ওয়ারক্রাফট'ও। মার্কিন বক্স অফিসে মাত্র ৬৫ লাখ মার্কিন ডলার আয় করা সিনেমাটি রয়েছে পঞ্চম স্থানে।