২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিস্টিনা গ্রিমির হত্যাকারী সনাক্ত

সদ্য প্রয়াত গায়িকা ক্রিস্টিনা গ্রিমির হত্যাকারীকে সনাক্ত করেছে পুলিশ। ফ্লোরিডার এই যুবক ক্রিস্টিনার মৃত্যু নিশ্চিত করতে ভালোভাবেই প্রস্তুতি নিয়ে এসেছিল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 05:40 PM

Updated : 12 Apr 2022, 02:15 AM

অরলান্ডোতে কনসার্ট করার পর ভক্তদের অটোগ্রাফ দিতে আরও কিছুক্ষণ ভেন্যুতে থাকেন ক্রিস্টিনা, আর সেই বাড়তি উপস্থিতিই কাল হয় তার জন্য। ভক্তদের অটোগ্রাফ দেওয়ায় যখন ব্যস্ত ছিলেন এই গায়িকা, তখন আচমকা তার দিকে গুলি ছোঁড়ে হত্যাকারী কেভিন জেমস।

২৭ বছর বয়সী কেভিন জেমস লয়েবলের বাড়ি ফ্লোরিডার পিটসবার্গে। তিনি কেনো ক্রিস্টিনাকে হত্যা করেছেন, তা এখনও জানা যায়নি। তবে সেদিন তার কাছে ছিল দুটো হ্যান্ড গান, গুলি ভরা দুটো বাড়তি ম্যাগাজিন এবং একটি ধারালো ছোরা।

যুক্তরাজ্যের ওয়েবসাইট ফিমেল ফার্স্ট বলছে, পুলিশ ধারণা করছে ভক্তের পাগলামির জন্য জীবন দিতে হয়েছে এই গায়িকাকে। হত্যাকারী ক্রিস্টিনাকে ব্যক্তিগতভাবে চিনত না।

“এই ঘটনা নিয়ে এখন অনেক ধরনের জল্পনাকল্পনা চলবে, তবে আমাদের ধারণা এমনই কিছু হয়েছে। ক্রিস্টিনার সঙ্গে তার ব্যক্তিগত পরিচয়ের কোনো আলামত পাওয়া যায়নি। এখন আমরা খোঁজ করছি আসলে তার এই অপরাধের পেছনে কারণ কী ছিল।” সংবাদ সম্মেলনে বলেন অরলান্ডো পুলিশ প্রধান জন মিনা।

মার্কিন যুক্তরাষ্ট্রের রিয়্যালিটি শো ‘দ্য ভয়েস’এর প্রতিযোগী হিসেবে নজরে এসেছিলেন ক্রিস্টিনা। তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে অনুষ্ঠানটির বিচারকরা।

অনুষ্ঠানে ক্রিস্টিনার প্রশিক্ষক ছিলেন গায়ক অ্যাডাম লেভিন। তিনি ফেইসবুকে লেখেন, ‘ক্রিস্টিনা গ্রিমির মর্মান্তিক মৃত্যুতে আমি এবং আমার স্ত্রী খুবই মর্মাহত। তার পরিবারের কথা ভেবে আমাদের খুব কষ্ট হচ্ছে।’

ব্লেইক শেটন লেখেন, ‘আমাদের ছোট্ট মেয়েটিকে এভাবে হারিয়ে আমি স্তম্ভিত, মর্মাহত এবং বিতৃষ্ণা বোধ করছি।’

শোকাহত হয়েছেন গায়িকা ক্রিস্টিনা অ্যাগুইলেরাও।

তিনি টুইট করেন, ‘ক্রিস্টিনা গ্রিমির মৃত্যুতে খুবই শোকাহত আমি। তিনি আমাদের ‘দ্য ভয়েস’ পরিবারের অনেক সুন্দর একজন সদস্য ছিলেন, একজন সত্যিকারের যোদ্ধা ছিলেন। তার পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের জন্য দুঃখ প্রকাশ করছি।’

গায়ক ফ্যারেল উইলিয়ামস লেখেন, ‘এটি অনেক বড় একটি ক্ষতি। ক্রিস্টিনা গ্রিমির পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে।’

শুক্রবার ১০ জুন সন্ধ্যায় ফ্লোরিডার অরলান্ডোতে আততায়ীর গুলিতে মারা যান ক্রিস্টিনা। ইউ টিউব তারকা হিসেবে আলাদাভাবে পরিচিত ছিলেন তিনি।