রাখি পরবেন বাঙালি পোশাক!
প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় দেখা যাবে হিন্দি সিনেমার অভিনেত্রী রাখি সাওয়ান্তকে। অনন্য মামুনের নির্মিতব্য ‘আমি তোমার হতে চাই’ সিনেমার ‘ডিজিটাল প্রেম’ আইটেম গানটিতে নাচবেন তিনি। গানটিতে পুরোদস্তুর বাঙালি সাজেই নাকি দেখা যাবে আলোচিত এই ভারতীয় তারকাকে।
এ প্রসঙ্গে অনন্য মামুন গ্লিটজকে বলেন, “বাংলাদেশের সংস্কৃতি ও সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিয়েই রাখির গানের দৃশ্যায়ন করা হবে। এখানে যাতে সমালোচনার কোনো বিষয় একেবারেই না থাকে, সেদিকে আমাদের কড়া নজর আছে। তার পোশাকে অবশ্যই বাঙালিয়ানা ভাব থাকবে।”
অভিনেত্রী হিসেবে রুপালি জগতে এলেও রাখি সাওয়ান্ত দর্শকের নজর কেড়েছেন যৌন উত্তেজক আইটেম গানে নেচেই। এছাড়াও, ভারতীয় বেশ কিছু রিয়ালিটি শোতে তার উপস্থিতি, নানা সময়ে তারকাদের নিয়ে উদ্ভট মন্তব্য ও রাজনীতির মাঠে নামা শিরোনামে এনেছে তাকে। বিগত কয়েকবছরে বিনোদন জগতে তেমন সক্রিয় না থাকলেও আলোচনা ও সমালোচনার কেন্দ্রে অনেকবারই এসেছেন তিনি।
নিজের সিনেমার এরকম একজন বিতর্কীত ব্যক্তিত্বকে সংযোজনের বিষয়টি ঝুঁকি হয়ে যাচ্ছে কি না, গ্লিটজ- এর এমন প্রশ্নের উত্তরে অনন্য মামুন বলেন, “প্রত্যেক মানুষ তার জীবনে তখনই সমালোচিত হন, যখন তার জনপ্রিয়তা থাকে। যখন কারও জনপ্রিয়তা থাকেনা তখন কেউ তার সম্পর্কে আলোচনাও করেনা কিংবা সমালোচনাও করে না। আমি মনে করিনা রাখি সাওয়ান্তকে নিয়ে কোন ঝুঁকির আশঙ্কা আছে।”
তিনি আরও বলেন, “আমি রাখি সাওয়ান্তের জনপ্রিয়তাকে কাজে লাগানোর জন্যই ‘আমি তোমার হতে চাই’ সিনেমার আইটেম গানে কাস্টিং করেছি। এরমধ্যেই তার সঙ্গে সব ধরণের চুক্তিও সম্পন্ন হয়েছে।”
তিনি বলেন, “আমার বিশ্বাস বাংলাদেশের দর্শকরা রাখিকে যথেষ্ট ইতিবাচক হিসেবে গ্রহণ করবে। তাছাড়া এই গানে সকলের জন্য একটা চমকও থাকবে।”
‘ডিজিটাল প্রেম’ গানটিতে কন্ঠ দিয়েছেন মমতাজ। আর গানের কথা ও সঙ্গীত পরিচালনা করেছেন শফিক তুহিন।
১৯৯৭ সালে অমিত সুরিয়াভান্সির ‘অগ্নিচক্র’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষিক্ত হন রাখি সাওয়ান্ত। পরের ছয় বছর হিন্দি, মারাঠি, তেলেগু, মালায়ালামসহ বিভিন্ন ভাষার অনেক সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় ও আইটেম গানে নাচেন তিনি।
তবে সাফল্য মেলে ২০০৩ সালে ‘চুরালিয়া হে তুমনে’ সিনেমার ‘মোহাব্বাত মিরচি’ আইটেম গানটির মাধ্যমে। ২০০৫ সালে ‘ডিজে হট রিমিক্স ভলিয়্যুম থ্রি’- এর ‘পারদেসিয়া’ গানটির মাধ্যমে আবারও আলোচনায় আসেন।
ভারতীয় বিভিন্ন রিয়ালিটি শো ‘বিগ বস ওয়ান’, ‘নাচ বালিয়ে থ্রি’, ‘কমেডি সার্কাস কি মহাবলি’ ও ‘রাখি কা সায়াম্ভার’-এ অংশ নিয়েছেন তিনি। ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে রাজনীতির ময়দানে নামেন তিনি।
লাইভ টেকনোলোজিস প্রযোজিত ‘আমি তোমার হতে চাই’ সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা সাহা মিম ও বাপ্পী চৌধুরী। চিত্রনাট্য লিখেছেন মামুন নিজেই।
সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার থেকে শুরু হবে সিনেমার দৃশ্যধারণের কাজ। তবে ২৩ জুন ঢাকার বিভিন্ন লোকেশন করা হবে রাখি সাওয়ান্তের আইটেম গানটির শুটিং।
