নেপালে প্রদর্শিত হবে ‘আকাশ কত দূরে’
নেপালের চতুর্থ আন্তজার্তিক মানবাধিকার চলচ্চিত্র উৎসবে প্রদশর্নের জন্য মনোনীত হয়েছে নির্মাতা সামিয়া জামানের ‘আকাশ কত দূরে’ সিনেমাটি।
উৎসবের সমাপনী দিন রবিবার দুপুরে প্রদর্শিত হবে এই ছবি।
সিনেমাটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন ফারহানা শাহরিন ফারিয়া ও অঙ্কন। তাদের অভিনীত চরিত্রের নাম পরী ও বিচ্ছু। এছাড়াও সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, শর্মিলী আহমেদ, মোস্তফা প্রকাশ এবং মিশা সওদাগর।
নেপালের মানবাধিকার পরিস্থিতি ও সচেতনতা বিশ্ব সম্প্রদায়কে তুলে ধরা ও একই সঙ্গে বিশ্বব্যাপী চলচ্চিত্রের সঙ্গে জড়িত প্রযোজক, পরিবেশক এবং কলাকৌশলীদের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে এই চলচ্চিত্র উৎসব উল্লেখযোগ্য ভূমিকা রাখতে বলে মনে করছেন আয়োজকরা।
সিনেমাটির গল্প এগিয়েছে, পরী নামের একটি মা-বাবাহারা মেয়েকে ঘিরে। পদে পদে বঞ্চনা আর ক্ষুধার তাড়নায় একদিন সে ঢুকে পড়ে ছিনতাইকারী চক্রে। ওস্তাদের ঘনিষ্ঠ সহচর হয়ে ওঠে সে। কয়েক বছর যেতেই ছোট্ট মেয়ে পরী হয়ে ওঠে ছিনতাইকারী দলের নেত্রী। এতিম শিশুদের নিয়ে সে গড়ে তোলে নিজের দল। ঠক-জোচ্চোর হলেও পরম মমতায় সে আগলে রাখে দলের শিশুদের। বাবা-মা হারা বিচ্ছুও পরীর ভক্ত হয়ে ওঠে। পরীর দল ভারী হতে থাকে। কিন্তু হঠাৎ একদিন বিবেকের তাড়নায় পরী ফিরে আসতে চায় সুস্থ জীবনে। অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসার এ গল্প নিয়েই ‘আকাশ কত দূরে’।
‘আকাশ কত দূরে’ সিনেমাটি প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্ম। ১০ জুন শুক্রবার থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে ১২ জুন রবিবার পর্যন্ত। উৎসবরে স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে কাঠমান্ডুর ললিতপুর স্টাফ কলেজ অডিটোরিয়াম।
এবারের উৎসবে অন্যতম জুরি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা শাহনেওয়াজ কাকলী এবং বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন ইমপ্রেস টেলিফিল্ম লিঃ এর নির্বাহি প্রযোজক (চলচ্চিত্র) কাজী শাহরিয়ার পারভেজ রাজন।
