‘মৃত্যুর পরে শুধু কথাই থেকে যায়’
স্বাধীনতাউত্তর বাংলাদেশের চলচ্চিত্রে নতুন ভাষা বিনির্মাণের অগ্রপথিক বাদল রহমানকে রাষ্ট্র দিতে চেয়েছিল নানা সুযোগ-সুবিধা, কিন্তু সেদিন তা গ্রহণ না করে তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের জন্য একখণ্ড জমি চেয়েছিলেন। চলচ্চিত্র নির্মাতাদের সরকারি অনুদানের দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন খোদ রাষ্ট্রপতিকে।
মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার এবং বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ বাদল রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তাকে এভাবেই স্মরণ করলেন চলচ্চিত্র সংসদ আন্দোলনের অগ্রজ নেতারা।
এই চলচ্চিত্রকারের মৃত্যুবার্ষিকীতে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা’র আয়োজনও ছিল ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে।
শনিবার বিকাল ৩টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে শুরু হয় অনুষ্ঠানটি।
স্মরণসভার শুরুতে প্রয়াত নির্মাতার প্রতি স্মৃতিতর্পন করতে গিয়ে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন বলেন, “চলচ্চিত্র নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি বাদল রহমান। বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনকে বেগবান করতে গিয়ে তিনি নিজের জন্য কোনোদিনই কিছু চাননি।
“বাংলা চলচ্চিত্রকে একটি ভাষাপ্রদানের পাশাপাশি ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা, চলচ্চিত্র নির্মাতাদের জন্য ফিল্ম এপ্রিসিয়েশন কোর্সের ব্যবস্থা করা ইত্যাদি নানা কাজে সংযুক্ত ছিলেন। আফসোস, আজকের এ দিনে তাকে সেভাবে আমরা মূল্যায়ন করি না।”
১৯৮১ সালে বাদল রহমানের লেখা ‘চলচ্চিত্র ভাষা’ বইটি বাংলা একাডেমি একবার মুদ্রণের পর ফের কখনও মুদ্রণ বা মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
বাদল রহমানের সতীর্থ পরিচালক সি বি জামানও এসেছিলেন স্মৃতিসভায়। তিনি জানান, ১৯৬৯ সালে ‘জোয়ার ভাটা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করতে গিয়ে পরিচিত হন বাদল রহমানের সঙ্গে।
চলচ্চিত্রকার বাদল রহমান (ফাইল ছবি)
“তার সময়ে বাংলা চলচ্চিত্র নতুন এক ভাষা পেতে শুরু করেছিল। কিন্তু এখন যা হচ্ছে, তা না হচ্ছে সিনেমা, না হচ্ছে নাটক। নিন্দুকেরা যাকে এক কথায় বলছেন, ‘নাসিমা’।”
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি জানালেন, বাদল রহমানের সঙ্গে তার স্মৃতিবিজরিত কৈশোরের কথা।
ছাত্র ইউনিয়নের রাজনীতি করতে গিয়ে বাদল রহমানের চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়া স্বেমী পরবর্তীতে হয়ে উঠেছেন চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব।
পেশায় স্থপতি স্বেমি বলেন, “চলচ্চিত্র নিয়ে বাদল রহমানের অবদানের কথা তো বলে শেষ করা যাবে না। বিভিন্ন সময়ে সরকারের সঙ্গে চলচ্চিত্র নিয়ে তাকে লড়াই করতে হয়েছে। কর্মময় জীবনে তিনি ছিলেন পূর্ণাঙ্গ এক নির্মাতা।”
“বাদল রহমান সবসময় বলতেন, ‘স্বেমি নিজের জন্য নয়, জীবনের জন্য কিছু করো’। তিনি বলতেন, ‘মৃত্যুর পর শুধু কথাই থেকে যায়’।”
বাদল রহমানকে ‘চলচ্চিত্র অন্তঃপ্রাণ’ হিসেবে অভিহিত করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “বাদল রহমান বিএফডিসির চেয়ারম্যান হতে গিয়েও তা হতে পারেননি। কিন্তু এ নিয়ে তাকে কখনও মন খারাপ করতে দেখিনি। এমন নির্মোহ, নির্লোভ চলচ্চিত্র নির্মাতা চলচ্চিত্রকে একটি সাংস্কৃতিক বলয়ের মধ্যে বিকশিত করতে চেয়েছিলেন।”
১৯৮৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ‘ধর্মীয় কারণ’ দেখিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ (১৯৭৮ সালে প্রতিষ্ঠিত) বন্ধ করে দিতে চাইলে বাদল রহমানরা অগ্রণী হয়ে তা রুখে দিয়েছিলেন বলে জানান মোহাম্মদ জাহাঙ্গীর।
“সেদিন বাদল রহমানসহ আরও অনেকে ফার্স্ট লেডি রওশন এরশাদকে ফিল্ম আর্কাইভে এনে সিনেমা দেখান। কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পরে রওশন রাষ্ট্রপতি এরশাদকে গিয়ে বোঝালেন, আর্কাইভ বন্ধ করা যাবে না।”
১৯৮০ সালে ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ চলচ্চিত্রটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা নির্মাতা বাদল রহমান শিশুতোষ চলচ্চিত্র ‘কাঁঠালবুড়ির বাগান’, ‘ছানা ও মুক্তিযুদ্ধ’ এবং ‘মুজিবের ছেলেবেলা’ নির্মাণ করেছেন।
ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বলেন, “বাংলাদেশের চলচ্চিত্রে শিশুদের জন্য কোনো জায়গা হয়নি। বাদল রহমানের পর আর কোনো নির্মাতা শিশুতোষ চলচ্চিত্র নির্মাণে প্রণোদনা পাননি। আমার মনে হয়, শিশুতোষ চলচ্চিত্র নির্মাণই হবে বাদলের প্রতি শ্রদ্ধা নিবেদনের অন্যতম উপায়।”
বাদল রহমানের ছেলে অভিষেক রহমান বলেন, “চার বছর ধরে বাবাকে নিয়ে স্মৃতি আলোচনা, স্মারক বক্তৃতার আয়োজন করছে ম্যুভিয়ানা। বাবার মৃত্যুর পর এসব সভায় এসে বাবাকে নিয়ে আমি যতটা জেনেছি, এর আগে এতকিছু জানতাম না।”
এসময় তিনি চলচ্চিত্রকার বাদল রহমানকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রটি ইউটিউব চ্যানেলে প্রচারণার জন্য অনুরোধ জানান সংশ্লিষ্ট সবাইকে।
স্মৃতিচারণ ও আলোচনা পর্ব শেষে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা’ প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক, চলচ্চিত্র সমালোচক ও গবেষক আ আল মামুন। তার বক্তৃতার বিষয় ছিলো ‘বাংলা চলচ্চিত্রে বাউল পরিবেশনার রাজনীতি’।
বাউল, ফকিরের তুলনামূলক আলোচনায় তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালন’, গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’, অমিতাভ চক্রবর্তীর ‘কসমিক সেক্স’ চলচ্চিত্রগুলো নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, “বাংলাদেশ ও ভারতের সংস্কৃতি, ধর্মবোধ, সমাজব্যবস্থার কারণে লালনকে নানাভাবে উপস্থাপন করেছে তাদের চলচ্চিত্রে।”
