২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরিবারের সঙ্গে ইফতারির মজাই আলাদা’

চলে এসেছে পবিত্র রমজান মাস। বিশ্বের সর্বস্তরের মুসলমানদের সঙ্গে সিয়াম সাধনার এই ব্রতে যোগ দিয়েছেন বিনোদন জগতের তারকারও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 03:31 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

রোজা রাখা নিয়ে সাধারণ মানুষদের মতোই, তারকাদেরও রয়েছে মজার কিছু স্মৃতি। গ্লিটজ-এর পাঠকদের জন্য আজ সেরকমই এক মজার স্মৃতি ভাগাভাগি করে নিয়েছেন মডেল এবং অভিনেত্রী আইরিন আফরোজ।

শৈশবের রোজা মানেই পরিবারের সবার সঙ্গে সেহেরি আর ইফতারের আয়োজনে সামিল হওয়া। রোজা রাখার প্রবল ইচ্ছে নিয়ে পরিবারের সবার সঙ্গে সেহেরি করতে ভোরেই উঠে পড়তেন আইরিন।

স্মৃতির ডায়েরি খুলে সেই দিনগুলোর কথা মনে করে তিনি বলেন, “আমি যখন ছোট ছিলাম তখন শীতকালে রোজা হতো। রোজার মাসে প্রথম দিকে আমি খুবই এক্সসাইটেড থাকতাম। কখন ভোরবেলা হবে চারিদিকে মাইকের আওয়াজ হবে আর সবার সঙ্গে সেহেরি করবো।”

শুধু সেহেরি নয় ইফতার নিয়েও নাকি রয়েছে আইরিনের অনেক মজার ঘটনা।

“ইফতারের সময়ে আমাদের বাসা থেকে হুজুরদের জন্য মসজিদে খাবার পাঠানো হতো। আসরের নামাজের পর যখন তাদের ইফতার দিতে কেউ যেত আমি সবসময় সঙ্গে যেতাম। মসজিদে গিয়েও দেখতাম ছোট ছোট প্লেটে ইফতার সাজানো আছে। সেখান থেকে তারা আমাকে আদর করে এক প্লেট ইফতার দিয়ে দিতেন!”

মায়ের হাতের ইফতারি সবার সঙ্গে মজা করেই খেতেন ছোট্ট আইরিন।

“সেই সময় আম্মু ইফতার তৈরি করতো। আমরা বাড়ির সবাই একত্রে ইফতার করতাম। পরিবারের সবার সঙ্গে করা সেইসব ইফতারির মজাই ছির আলাদা।”

ভাইবোনদের সঙ্গে এনিয়ে দুষ্টুমিতেও মেতে উঠতেন তিনি।

“ইফতারের সময় আলুর চপ, বেগুনি, শশা, মুড়ি সবগুলো একসাথে মিলিয়ে মেখে ফেলতাম। তারপরে এই খাবারের ভাগ নিয়ে আমার ভাইয়ার সাথে, কাজিনদের সাথে ঝগড়া হতো। ওরা খেতে চাইতো আর আমি দিতাম না। কারন আমি সবসময় নিজের জন্য বেশি বেশি করে নিয়ে নিতাম।” 

এখনকার সময়ে সেই দিনগুলো নাকি খুবই মিস করেন আইরিন। ইচ্ছে থাকা সত্বেও ব্যস্ততার জন্য পরিবারের সঙ্গে ইফতার করতে পারছেন না তিনি।

“এখন তো, নাটকের শুটিং কিংবা বিজ্ঞাপনের ফটোশুটের কারনে বাড়িতে গিয়ে ইফতার করাই হয় না। গতবার হাতে গোনা সাত-আটদিন বাড়িতে সবার সাথে ইফতার করেছি। কিন্তু এইবারও কাজের এতো চাপ। বাড়িতে সবার সাথে দুই-তিন দিনও ইফতার করতে পারবো কি না, জানি না।

তবে এবার নাকি আইরিনের বাড়িতে রোজার ইফতারে বেশ মজা হবে!

“আমার বড় ভাইয়া-ভাবীর সন্তান হওয়ার পরে এইবার ওদের প্রথম রোজা। বাড়ি নতুন শিশু, তাই অনেক মজা হবে। তাই চেষ্টা করবো এবার পরিবারের সাথে বেশ কয়েকদিন ইফতার করতে।”

২০১৩ সালে অনেকটা শখের বসেই মডেলিঙের জগতে আসা আইরিনের। খুব অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনের মডেলিং করে মিডিয়ায় নিয়মিত হয়ে পড়েন তিনি। 

র্নিমাতা হিমেল আশরাফের ‘গপ্পো’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন নাটকের নিয়মিত মুখ বনে যান আইরিন। এরপরে রেদওয়ান রনির ‘ঝালমুড়ি’, ইমরাউল রাফাতের ‘কলিংবেল’, গাজী টিভির ‘ফ্রাইট নাইট’ সহ আরো বেশ কিছু ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন।