বর্ণবাদের শিকার ‘কৃষ্ণাঙ্গ’ হারমায়োনি
ফিরছে 'হ্যারি পটার' তবে সিনেমায় নয়, মঞ্চে। লন্ডনের প্যারিস থিয়েটারে মঞ্চস্থ হতে যাওয়া ‘হ্যারি পটার অ্যান্ড কার্সড চাইল্ড’ নাটকে হারমায়োনির চরিত্রে অভিনয় করছেন এক কৃষ্ণাঙ্গ অভিনেত্রী।
সিনেমায় এই চরিত্রটিকে শ্বেতাঙ্গ হিসেবে দেখে আসা ভক্তদের অনেকেই মেনে নিতে পারছেন না এই পরিবর্তন। অনলাইনে এরমধ্যেই বিষয়টি নিয়ে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন নোমা ডুমেজওয়েইনি নামের ওই অভিনেত্রী ।
হারমায়োনি গ্রেইঞ্জার হিসেবে ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। তার পরিবর্তে এই মঞ্চ নাটকে হারমায়োনির চরিত্রে আছেন সোয়াজিল্যান্ডের এই অভিনেত্রী।
বিতর্ক এবং অসন্তোষ মূলত নতুন হারমায়োনির গায়ের বর্ণ নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষ সরাসরি জানিয়েছেন, নোমাকে হারমায়োনি হিসেবে একেবারেই মানাচ্ছে না।
তবে এধরনের বর্ণবাদী অভিযোগকে একেবারেই পাত্তা দিচ্ছেননা হ্যারি পটারের স্রস্টা, উপন্যাসিক জে.কে রাওলিং।
এধরনের বক্তব্যে নোমার পক্ষ নিয়ে রাওলিং কড়া ভাষায় বলেন, "সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, আমার মনে হয়েছে নির্বোধরা নির্বোধেরই সাহায্য নেয়। তবে এখানে আপনাদের কিছুই করার নেই। পৃথিবী এরকমই। নোমাকে বাছাই করা হয়েছে কারণ এই কাজের জন্য তিনিই উপযুক্ত অভিনেত্রী।"
এছাড়াও হারমায়োনির গায়ের বর্ণ নিয়ে খোলাসা করে রাওলিং একটি টুইটে লেখেন, "হারমায়োনিকে দেখানো হয়েছে কোঁকড়ানো চুল আর বাদামী চোখের নিপুণ বুদ্ধিসম্পন্ন এক ব্যক্তিত্ব হিসেবে। তার গায়ের রঙ নিয়ে কোথাও কিছু বলা হয়নি।"
রাওলিং আরও লেখেন, "আমাকে একদল বর্ণবাদী এসে বলছিল- একসময়ের সাদা হারমায়োনি কোন এক আঘাতের কারণে তার গায়ের বর্ণ হারিয়েছে এবং সে অবশ্যই একজন শ্বেতাঙ্গ নারী। এই কথা হজম করতে আমার বেশ কষ্ট হয়েছে। তবে আমি এব্যাপারে বেশি ক্ষুব্ধ না হবারই সিদ্ধান্ত নিই এবং সাধারণভাবেই জানাই যে, কৃষ্ণাঙ্গ হারমায়োনির প্রতি আমার সমান আশীর্বাদ এবং উচ্ছ্বাস রয়েছে।"
নতুন এই নাটকের গল্প এগিয়েছে হ্যারি পটারদের হগওয়ার্টস ছেড়ে চলে আসার ১৯ বছর পরের কাহিনী নিয়ে। হ্যারি, রন, হারমায়োনি- সবাই এখন প্রাপ্তবয়সস্ক। জিনি উইজলিকে বিয়ে করে তিন সন্তানের সুখের সংসার হ্যারির। ওদিকে রন-হারমায়োনির কোলজুড়ে এসেছে রোজ নামের ফুটফুটে এক কণ্যাসন্তান।
দুটি ভাগে বিভক্ত 'হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড' মঞ্চ নাটকটির প্রথম শো মঞ্চস্থ হবে জুলাই এর ৩০ তারিখে। আর এবারে এই নাটকে গল্পের কেন্দ্রীয় চরিত্র হল হ্যারির কণিষ্ঠ ছেলে অ্যালবাস সেভেরাস পটার।
