মিনার-এর ‘ঝুম’
ঝুম বৃষ্টির মধ্যে ভিজে একাকার এক তরুণ। একটু দূরেই ছাতা হাতে দাঁড়িয়ে আরেক তরুণী। হয়তো এরমধ্যেই বলা হবে ‘ভালোবাসি’। এরকমই এক গল্পের আভাস নিয়ে সম্প্রতি প্রকাশ পেল সংগীতশিল্পী মিনার রহমান-এর নতুন গান, ‘ঝুম’।
ক্যারিয়ারের শুরুটা হয়েছিল অনেক আগেই। কার্টুনের পাতা ছেড়ে গিটার হাতে গানের ভুবনে মিনারের প্রবেশ ২০০৮ সালে ‘ডানপিটে’ অ্যালবামের মাধ্যমেই। ওই অ্যালবামের ‘সাদা’ গানটির পর ২০১৫ সালের সিঙ্গল ‘আহা রে’ দিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। নতুন সিঙ্গেল ‘ঝুম’য়েও মিললো সেরকমই রেগে পপ মেলোডির সুর।
গানের গল্প বৃষ্টি আর ভালোবাসা ঘিরে।
এ ব্যাপারে মিনার গ্লিটজকে বলেন, “প্রত্যেকের জীবনেই এমন একজন বিশেষ মানুষ থাকে, যাকে আমরা ভালোবেসে ফেলি। হয়ত সেই মানুষটিও আমাকে ভালোবাসে। কিন্তু কাছাকাছি থাকার পরও ‘ভালোবাসি’ কথাটা হয়ত বলা হয়ে ওঠেনি কখনই।”
গানচিল মিউজিক-এর ব্যানারে গানটির কথা ও সুর রচনা করেছেন মিনার নিজেই। মোশনরক এন্টারটেইনমেন্টের বানারে ‘ঝুম’ গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নির্মাতা তানিম রহমান অংশু।
মিউজিক ভিডিওটির নির্মাণশৈলীও দর্শকদের নজর কেড়েছে বেশ।
এ ব্যাপারে গ্লিটজকে মিনার বলেন, “গানের ভিডিও অবশ্যই খুবই সুন্দর হয়েছে। তবে গান কিন্তু মূখ্য। আমার ‘আহারে’ গানের মিউজিক ভিডিও খুবই সাধারণ ধাঁচের হলেও ‘আহারে’ গানটি তার অডিও কনটেন্টের কারণেই কেবল শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।”
তিনি বলেন, “তাদের জন্য একটি উপহার তো থাকছেই। এই মুহূর্তে কিছু প্রজেক্ট নিয়ে কাজ চলছে। তবে তার জন্য শ্রোতাদের একটু অপেক্ষায় থাকতে হবে কিছুদিন।”
‘ডানপিটে’র পর ২০১১ সালে ‘আড়ি’ এবং ২০১৫ সালে ‘আহা রে’ নামের দুটি অ্যালবাম প্রকাশ করেন মিনার। নিজের অ্যালবামের গানগুলোর কথা আর সুর নিজেই তৈরি করেন তিনি।
মাঝে বেশ কিছুদিন বিরতির পর গেয়েছেন পরিচালক রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমার ‘পথ’ গানটি। গানটিতেও কন্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন তিনি নিজেই।
