শেষ হচ্ছে 'দ্য বিগ ব্যাং থিওরি'
শেষ হতে চলেছে মার্কিন টিভি ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সিটকম টিভি সিরিজ 'দ্য বিগ ব্যাং থিওরি'। অক্টোবরে প্রচারের অপেক্ষায় থাকা দশম সিজনই হতে চলেছে সিরিজটির শেষ অধ্যায়।
দ্য হলিউড রিপোর্টার জানাচ্ছে, খবরটি নিশ্চিত করেছেন সিরিজের অন্যতম অভিনেতা কুনাল নায়ার এবং এর প্রচারক স্টিভ মোলারো।
২০০৭ সালে শুরু হওয়া কমেডি সিটকমটি খুব অল্প সময়েই দারুন সাড়া ফেলে। শেলডন, লেনার্ড, পেনি, হাওয়ার্ড এবং রাজ- এই পাঁচটি চরিত্রকে ঘিরে তাদের দৈনন্দিন আজগুবি ঘটনাচক্রের গল্প এক দশক ধরে হাসির খোরক জুগিয়েছে দর্শকদের।
দশম সিজনের পরবর্তীতে কি হতে চলেছে, সে নিয়ে 'রাজ' চরিত্রে অভিনয় করা কুনাল জানালেন, "আমাদের চুক্তি অনুসারে দেখুন, পরবর্তী সিজন দিয়েই শেষ হচ্ছে বিগ ব্যাং থিওরি। সত্যি কথা বলতে... আমি জানি মানুষ জানতে চাইবে দশম সিজনের পর কি হবে। কিন্তু আমি আসলেই জানিনা কি হবে।"
বিদায়ের সুর বাজলো মোলারোর বিবৃতিতেও। সম্প্রতি হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "বাস্তবতা হলো, দশম সিজনই সিরিজটির শেষ সীমা। আমি করতে পারি সেটা হলো পর্ব ধরে ধরে প্রত্যেকটিকেই আমাদের সাধ্য অনুযায়ী সেরা বানিয়ে তোলা।"
দশ বছরে অনেকটাই বদলেছে সিরিজটির। নবম সিজন শেষে এখন নিজেদের প্রথম সন্তানের অপেক্ষায় আছে হাওয়ার্ড-বারনাডেট জুটি। এদিকে শম্বুক গতিতেই চলছে এমি আর শেলডনের মধ্যকার সম্পর্ক। তাই দশম সিজনে চমক থাকতে পারে এই দুই প্রধান চরিত্রকে ঘিরে।
গত সিজনের অন্যতম চমক ছিল লেনার্ড এবং পেনির প্রেম পরিণয়ে রূপান্তর হওয়া। তাদের সম্পর্কের নানা খুঁটিনাটি নিয়েও বিস্তারিত গল্প থাকবে শেষ সিজনে।
'দ্য বিগ ব্যাং থিওরি' এখন পর্যন্ত প্রচারিত হয়েছে মোট ২০৮টি পর্ব। সিরিজটির শেষ সিজন 'সিবিএস' নেটওয়ার্কে শুরু হবে অক্টোবরের ২৭ তারিখে।
