২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অ্যাশ আলোচনায় আসতে চেয়েছিলেন’: সোনাম

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে বেগুনি লিপস্টিক লাগিয়ে সবটুকু নজর নিজের দিকে কেড়ে নিয়েছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। তবে অ্যাশকে নিয়ে এতো চর্চা ভালো চোখে দেখছেন না অভিনেত্রী সোনাম কাপুর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2016, 02:13 PM

Updated : 12 Apr 2022, 02:08 AM

১৫ বছর ধরে আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ড ল'রিয়ালের পণ্যের দূতিয়ালি করছেন অ্যাশ। কান উৎসবের অন্যতম বড় স্পন্সর ল'রিয়ালের দূত হিসেবে গত কয়েক বছর ধরে লাল গালিচায় হাঁটছেন সোনামও।

তবে ল'রিয়ালের দূত হওয়ার পর থেকেই অ্যাশের সঙ্গে রেষারেষি চলছে এই অভিনেত্রীর। শুরুর দিকে একবার অ্যাশকে 'আন্টি' বলে বিতর্কিত হয়েছিলেন তিনি। 

এবার অ্যাশের বেগুনি ঠোঁটের সামনে পুরোপুরি ফিকে হয়ে গেছে সোনামের র্যালফ অ্যান্ড রুশোর ডিজাইনার পোশাক। আর বিষয়টি ভালোভাবে গ্রহণ করতে পারেননি তিনি।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে সোনাম বলেন, “আমার মনে হয় ফ্যাশনের মূল ব্যাপারটাই হল চর্চা এবং আমার মনে হয় অ্যাশ এটাই চাইছিলেন। তার যা চাওয়ার ছিল, তাই তিনি পেয়েছেন। আমার মনে হয় এটা চমৎকার ব্যাপার।”

অ্যাশ জানান, বেগুনি লিপস্টিকের সিদ্ধান্ত আসলে তার নয় বরং ল'রিয়ালের ছিল। তবে এই কথা মানতে নারাজ সোনাম।

“আমার মনে হয়না তিনি সেদিন ল'রিয়ালের জন্য লাল গালিচায় হেঁটেছিলেন। আমি যতদূর জানি, সেদিন অন্য একটি বিজ্ঞাপন নিয়ে চর্চা হচ্ছিল। আমার মনে হয় ১৫ বছর ধরে লাল গালিচায় হাঁটা খুবই চমৎকার ব্যাপার। তাকে নিয়েই সবখানে কথা হচ্ছিল।” বলেন সোনাম।

মিষ্টি ভাষায় অ্যাশকে নিয়ে মন্তব্য করতে চাইলেও শেষমেশ নিজের ক্ষোভ ধরে রাখতে পারেননি 'নিরজা'খ্যাত এই অভিনেত্রী।

বলে বসেন,  “আমিও তো বেগুনি লিপস্টিক এর আগেই পরেছি, এমনকি আমি কালো লিপস্টিক পরেও ছবি তুলেছিলাম। কেউ তো আমাকে নিয়ে এতো আলোচনা করেনি!”