২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যান্সির কন্যা আলিনার মৃত্যু

মে মাসের ৪ তারিখে কন্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তার দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সংসারে তৃতীয় কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু আনন্দের মূর্হুতগুলো ন্যান্সির ভাগ্যে খুব বেশি দিন স্থায়ী হলো না। জন্মের ১৭ দিন পরে ন্যান্সির কোল খালি করে চিরতরে বিদায় নিলো আলিনা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 03:54 PM

Updated : 25 Jul 2022, 09:25 PM

বিশ্ব মা দিবসের আগ দিয়ে ন্যান্সির জীবনের অন্যতম সেরা উপহার ছিলো তার তৃতীয় কন্যা আলিনার জন্মগ্রহন। আবারও মা হওয়ার অনূভুতি ব্যক্ত করতে গিয়ে গ্লিটজকে তিনি বলেছিলেন, “আমার মনে হয়না এমন অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা কোন মায়ের পক্ষে সম্ভব। আমার এই আনন্দটুকু কোন ভাষায় প্রকাশ করার মতো নয়।”

কিন্তু ন্যান্সির সকল আনন্দকে শোকে পরিণত করে শনিবার সকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আলিনা।

এব্যাপারে ন্যান্সির স্বামী নাজিমুজ্জামান জায়েদ গ্লিটজকে বলেন, “আলিনার জন্মের পরে আমাদের পরিবারের সবাই খুবই খুশি হয়েছিলাম। আলিনা ছিলো আমাদের পরিবারের মধ্যেমণি। কিন্তু জন্মের কয়েক দিন পরে থেকেই আলিনার শরীরের নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। মূলত ওর ব্লাড ইনফেকশন ছিলো। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সংক্রমণ আলিনার শরীরে দেখা দেয়।”

তিনি আরও বলেন, “উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকার একটি বেসরকারী হাসপাতালে আলিনাকে ভর্তি করেছিলাম। তাকে ইনটেনসিভ কেয়ারে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছিলো। মাঝে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তার দেহে দুটি অস্ত্রোপচার করা হয়। কিন্তু আমাদের ভাগ্য খারাপ।”

আলিনার মৃত্যুর পরে সকালেই ঢাকা থেকে তার পরিবার ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়ে যান। সেখানে বিকেলে বাদ আছর জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে চিরনিদ্রায় শায়িত করা হয় আলিনাকে।