২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি নিখুঁত নই’: আনুশকা

দুই বছর আগে ‘কফি উইথ কারান’-এর একটি পর্বে ঠোঁটদুটো পুরু দেখাচ্ছিল আনুশকা শর্মার; গুঞ্জন উঠেছিল ‘লিপ জব’ করেছেন তিনি। অবশেষে এতদিন পর খবরটি স্বীকার করলেন এই বলিউডি অভিনেত্রী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 06:04 PM

Updated : 11 Oct 2022, 08:15 PM

পুরনো খবর:

আনুশকার গুজবে ক্ষুব্ধ ভিরাট
‘লিপ জব’ করিয়েছেন আনুশকা?

সম্প্রতি ভোগ ম্যাগাজিনের সাক্ষাৎকারে এই কথা স্বীকার করে আবার শিরোনাম হয়েছেন আনুশকা। তার দাবী, ‘আমিও মানুষ এবং আমি নিখুঁত নই।’

ভোগকে আনুশকা বলেন, “আমার লুকানোর কিছু নেই। যখন আমি আমার ‘লিপ জব’-এর কথা স্বীকার করে নেই,তখন অনেকেই আমার সততার প্রশংসা করেছে। কিন্তু আমার যা করা দরকার ছিল (বম্বে ভেলভেট-এ আমার চরিত্রের জন্য) আমি তাই করেছি। আমি মিথ্যা বলে তা অস্বীকার করবো না। এই দায় আমাকে নিতে হতো এমনিতেই। আমি আমার ভক্তদের বলতে চাই, আমিও মানুষ এবং আমি নিখুঁত নই।”

২০১৪ সালের ফেব্রুয়ারিতে আনুশকার ‘লিপ জব’-এর খবর চাউর হওয়ার পর ট্রলের শিকার হন তিনি। গুঞ্জন শুরু হয়, চিকন ঠোঁট মোটা করার জন্য কৃত্রিম উপায়ের আশ্রয় নিয়েছেন আনুশকা। মূলত ‘কফি উইথ কারান’ শোতে অংশ নেওয়ার পর আনুশকার চেহারায় ধরা পড়া ভিন্নতাই এই গুজবের জন্ম দেয়।

তবে আনুশকা বলেছিলেন, ‘বোম্বে ভেলভেট’ সিনেমায় জ্যাজ গায়িকার চরিত্রে অভিনয়ের জন্য মেক আপের মাধ্যমে ঠোঁট মোটা করেছিলেন তিনি। কোনো ধরণের অস্ত্রোপচারের খবর নাকচ করেন আনুশকা।

আনুশকা এখন কাজ করছেন সালমান খানের বিপরীতে অভিনীত নতুন সিনেমা ‘সুলতান’-এ। সিনেমাটিতে তাকে দেখা যাবে একজন নারী কুস্তীগির হিসেবে।