২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনুশকার গুজবে ক্ষুব্ধ ভিরাট

আনুশকা শর্মা ‘লিপ জব’ করিয়েছেন, এই গুঞ্জন শুনে ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটার ভিরাট কোহলি। ভিরাট এবং আনুশকাকে জড়িয়ে বেশ কিছুদিন ধরেই প্রেমের গুজব চলছে বলিউডজুড়ে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 06:32 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

ডিএনএ পত্রিকার খবর অনুযায়ী, আনুশকা তার ঠোঁটে প্লাস্টিক সার্জারি করিয়েছেন এই গুজবটি মোটেও ভালোভাবে গ্রহণ করেননি ভিরাট। তার মতে, এটি আনুশকার ব্যক্তিগত ব্যাপার। আর তাই এ বিষয়ে কারও নাক গলানো পছন্দ করছেন না তিনি।

এছাড়াও সম্প্রতি ‘কফি উইথ কারান’ অনুষ্ঠানে আনুশকার সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে আলোচনা করা হয়েছে, তা নিয়েও যথেষ্ট ক্ষুব্ধ ভিরাট।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে জনসম্মুখে কথা বলতে নারাজ এই ক্রিকেটার। ভিরাট চান,আনুশকার সঙ্গে তার সম্পর্ক মিডিয়ার আগ্রহ থেকে আড়ালে থাকুক।

ছোটপর্দার জন্য নির্মীত একটি আন্তর্জাতিক শ্যাম্পুর ব্র্যান্ডের বিজ্ঞাপনে একত্রে কাজ করার পর থেকেই ভিরাট-আনুশকার প্রেমের গুজবে সরগরম গোটা বলিউড। যদিও এ ব্যাপারে এখনও মুখ খোলেননি ওই দুই তারকার কেউই। এমনকী ‘কফি উথ কারান’-এর যে পর্বটি নিয়ে বিতর্কের ঝড় বইছে, সেই পর্বেও উপস্থাপক কারান জোহারের একের পর এক প্রশ্নের সম্মুখীন হলেও বিষয়টি এড়িয়ে গেছেন আনুশকা।

শাহরুখ খানের বিপরীতে ‘রাব নে বানাদি জোড়ি’  সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটা আনুশকাকে নিয়ে এর আগে গুজব ছড়িয়েছিলো অভিনেতা রানভির সিংয়ের প্রেমের। কেউই কখনও স্বীকার না করলেও ‘ব্যান্ড বাজা বারাত’-এর ওই দুই সহশিল্পীর প্রেম দুবছর টিকেছিল বলে দাবি করে আসছে ভারতীয় মিডিয়া।

পরবর্তীতে আনুশকার সঙ্গে শাহিদ কাপুর, সুশান্ত সিং শর্মার মতো বেশ কয়েকজন অভিনেতার প্রেমের গুজব ছড়ালেও বরাবরই তা অস্বীকার করেছেন তিনি। ওদিকে রানভির সিং এখন চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে-- এমন খবর ছড়ালেও নিশ্চয়তা মেলেনি কোনো পক্ষ থেকেই।